অস্ট্রেলীয় সংগীতের কিংবদন্তি মলি মেলড্রামের মৃত্যু

অস্ট্রেলীয় সংগীতজগতের কিংবদন্তি ব্যক্তিত্ব, সংগীত প্রযোজক ও টেলিভিশন উপস্থাপক মলি মেলড্রাম মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। স্থানীয় সংগীতশিল্পীদের জনপ্রিয় করে তোলা ও কয়েক দশক ধরে অস্ট্রেলিয়ার সংগীতরুচি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
মলি মেলড্রামের প্রকৃত নাম ইয়ান আলেক্সান্ডার মেলড্রাম। সোমবার (২৩ নভেম্বর) ভোরে মেলবোর্নের একটি হাসপাতালে শান্তিপূর্ণভাবে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এক বিবৃতিতে পরিবার তাঁকে অস্ট্রেলীয় সংগীতের প্রাণ, পৃষ্ঠপোষক ও অনুপ্রেরণা হিসেবে অভিহিত করেছে। সংগীতজগতে তিনি ‘দ্য গুরু’ নামেও পরিচিত ছিলেন।
বিবিসি জানায়, ইনএক্সএস (INXS) ও কাইলি মিনোগের মতো অস্ট্রেলীয় শিল্পীদের পাশাপাশি আব্বার (ABBA) মতো আন্তর্জাতিক সংগীতদলকে জনপ্রিয় করতে ভূমিকা রেখেছেন মেলড্রাম। অগোছালো স্বভাব ও মাথায় সব সময় থাকা স্টেটসন টুপির জন্যও তিনি পরিচিত ছিলেন। রাজা তৃতীয় চার্লস থেকে শুরু করে এলটন জন—অনেক তারকার সাক্ষাৎকার নিয়েছেন তিনি। এলটন জন তাঁকে অস্ট্রেলীয় পপসংগীতের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ একক প্রভাব’ বলে অভিহিত করেছিলেন।
১৯৪৩ সালে ভিক্টোরিয়ায় জন্ম নেওয়া মেলড্রাম অল্প বয়সেই সংগীতের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) সংগীতবিষয়ক অনুষ্ঠান ‘কাউন্টডাউন’ উপস্থাপনার মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। ২০১১ সালে মই থেকে পড়ে মস্তিষ্কে আঘাত পাওয়ার পর থেকে তিনি সেই আঘাতজনিত জটিলতা নিয়ে জীবন কাটাচ্ছিলেন।
২০১৪ সালে অস্ট্রেলিয়ান রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (এআরআইএ) হল অব ফেমে অন্তর্ভুক্ত হন তিনি। রেকর্ডিং শিল্পী না হয়েও এই স্বীকৃতি পাওয়া প্রথম ব্যক্তি ছিলেন মেলড্রাম।
আজ দেশটির শিল্পমন্ত্রী টনি বার্ক বলেন, অস্ট্রেলিয়া একজন আইকনকে হারিয়েছে। সংগীতের প্রতি তাঁর ভালোবাসা ও উচ্ছ্বাসে বেড়ে ওঠা প্রজন্মগুলোই হবে তাঁর অন্যতম বড় উত্তরাধিকার।









