
ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে নিকোলাস মাদুরোকে বন্দী করার পর এবার প্রতিবেশী কিউবার দিকে নজর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি কিউবাকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ভেনেজুয়েলা থেকে কিউবায় আর কোনো তেল বা অর্থ যাবে না। সংকট আরও ঘনীভূত হওয়ার আগেই হাভানাকে একটি চুক্তিতে আসার পরামর্শ দিয়েছেন তিনি।
তবে কী ধরনের চুক্তির কথা তিনি বলছেন বা কিউবা চুক্তি না করলে কী ধরনের পরিণতি হতে পারে—সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি ট্রাম্প।
ট্রাম্প তাঁর পোস্টে লিখেছেন, ‘কিউবা বহু বছর ধরে ভেনেজুয়েলার বিপুল পরিমাণ তেল এবং অর্থের ওপর ভর করে টিকে ছিল। বিনিময়ে তারা ভেনেজুয়েলার গত দুই স্বৈরাচারী শাসককে “নিরাপত্তা সেবা” দিয়েছে। কিন্তু আর নয়! এখন থেকে কিউবায় কোনো তেল বা টাকা যাবে না—পুরোপুরি জিরো!’
উল্লেখ্য, কিউবা প্রতিদিন ভেনেজুয়েলা থেকে প্রায় ৩৫ হাজার ব্যারেল তেল ভর্তুকি মূল্যে পেয়ে আসছিল। মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার ফলে দ্বীপরাষ্ট্রটি চরম জ্বালানি সংকটে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
৩ জানুয়ারি কারাকাসে মাদুরোকে ধরতে চালানো মার্কিন কমান্ডো অভিযানে মাদুরোর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসেবে নিয়োজিত ৩২ জন কিউবান নাগরিক নিহত হন। ট্রাম্প এ ঘটনার উল্লেখ করে বলেন, ‘গত সপ্তাহের মার্কিন হামলায় সেই কিউবানদের অধিকাংশই মারা গেছে। ভেনেজুয়েলার এখন আর সেই সব দস্যু ও চাঁদাবাজদের থেকে সুরক্ষার প্রয়োজন নেই, যারা দেশটিকে এত দিন জিম্মি করে রেখেছিল।’
তিনি আরও বলেন, ‘ভেনেজুয়েলাকে রক্ষা করার জন্য এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী অর্থাৎ মার্কিন বাহিনী রয়েছে। আমরাই এখন তাদের সুরক্ষা দেব।’
ট্রাম্প আজ আরও একটি বিতর্কিত পোস্ট শেয়ার করেছেন, যেখানে ইঙ্গিত দেওয়া হয়—কিউবান বংশোদ্ভূত সাবেক ফ্লোরিডা সিনেটর ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভবিষ্যতে কিউবার প্রেসিডেন্ট হতে পারেন। সে পোস্ট শেয়ার করে ট্রাম্প লেখেন, ‘শুনতে ভালোই লাগছে!’
ট্রাম্পের এই হুমকির বিষয়ে কিউবা সরকার এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল এর আগে ভেনেজুয়েলায় নিহত ৩২ জন কিউবানকে ‘বীর যোদ্ধা’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘তাঁরা রাজকীয় পোশাক পরা সন্ত্রাসীদের (মার্কিন বাহিনী) মোকাবিলা করতে গিয়ে জীবন দিয়েছেন।’
ধারণা করা হচ্ছে, ভেনেজুয়েলার পতন কিউবার অর্থনীতিকে গভীর খাদের কিনারে ঠেলে দিয়েছে। ট্রাম্প সরাসরি সামরিক হস্তক্ষেপের আশঙ্কা উড়িয়ে না দিলেও বলেছেন, কিউবা এমনিতেই ‘পতনের মুখে’ রয়েছে। মার্কিন প্রশাসনের এই আগ্রাসী অবস্থান লাতিন আমেরিকার রাজনীতিতে চরম অস্থিরতা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টাদের মধ্যে অনেকেই চান, ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালানোর আগে ইসরায়েল আঘাত হানুক। চলমান আলোচনার সঙ্গে পরিচিত দুজন ব্যক্তি এ তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২১ মিনিট আগে
অধিকৃত পশ্চিম তীরের দুটি অবৈধ ইসরায়েলি বসতিতে প্রথমবারের মতো অন-সাইট বা সরাসরি উপস্থিত হয়ে কনস্যুলার সেবা প্রদান করবে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে মার্কিন দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। আগের নীতি ও আন্তর্জাতিক আইন ভেঙে নেওয়া...
১ ঘণ্টা আগে
কিউবার জলসীমায় প্রবেশ করায় যুক্তরাষ্ট্রে নিবন্ধিত স্পিডবোটের চার আরোহীকে গুলিতে করে হত্যা করেছে কিউবার সীমান্তরক্ষীরা। এমনটি জানিয়েছে কিউবা সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলের ধ্বংসাত্মক ও গণহত্য়ামূলক যুদ্ধের পক্ষে সাফাই গেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যার অভিযোগ থাকা সত্ত্বেও ভারত ‘পূর্ণ দৃঢ়তার’ সঙ্গে ইসরায়েলের পাশে রয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার মোদি দুই দিনের সফরের প্রথম দিনে...
২ ঘণ্টা আগে