
পাকিস্তানের জাফর এক্সপ্রেসে আবারও ভয়াবহ বোমা হামলা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দেশটির সিন্ধু প্রদেশের সুলতান কোট রেলস্টেশনের কাছে ওই বিস্ফোরণে ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয় এবং অন্তত সাতজন আহত হয়। পুলিশ জানিয়েছে, প্রায় পাঁচ পাউন্ডের ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস রেললাইনে পেতে রাখা হয়েছিল। কোয়েটাগামী ট্রেনটি তখন পেশোয়ার থেকে যাত্রা করেছিল।
সর্বশেষ বোমা বিস্ফোরণের ঘটনায় সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া-উল-হাসান লানজার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ‘রেললাইন ধ্বংসে জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে।’
অল্প সময় পরই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ রিপাবলিকান গার্ডস (বিআরজি) এই হামলার দায় স্বীকার করে। তাদের দাবি, ওই ট্রেনে পাকিস্তানি সেনারা ভ্রমণ করছিলেন। সংগঠনটি একটি হুঁশিয়ারি বার্তায় বলেছে, ‘বেলুচিস্তানের স্বাধীনতা অর্জন না হওয়া পর্যন্ত এই ধরনের অভিযান চলবে।’
বুধবার (৮ অক্টোবর) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, শুধু ২০২৫ সালেই এখন পর্যন্ত অন্তত সাতটি হামলা হয়েছে জাফর এক্সপ্রেসে। এসব হামলায় কখনো হয়েছে বোমা বিস্ফোরণ, কখনো অপহরণ, কখনো গুলিবর্ষণ। ট্রেনটি এখন পাকিস্তানের সবচেয়ে ঝুঁকিপূর্ণ যাত্রীবাহী সেবা হিসেবে পরিচিত। গত মার্চে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) বলান পাহাড়ি এলাকায় প্রায় ৪০০ যাত্রীসহ ট্রেনটি দখলে নিয়ে নেয়। পরে টানা ৩০ ঘণ্টার অচলাবস্থার পর সেনারা অভিযান চালিয়ে ৩৩ জন বিদ্রোহীকে হত্যা করে ট্রেনটিকে উদ্ধার করে। তবে ওই অভিযানে ২৩ সেনা, তিন রেলকর্মী এবং পাঁচ যাত্রী নিহত হয়।
গত আগস্টে মাস্তুং জেলায় আইইডি বিস্ফোরণে এই ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছিল। এতে চারজন আহত হয়। একই মাসে কোলপুরের কাছে ট্রেনের ইঞ্জিনে গুলি চালানো হয় এবং সিবি রেলস্টেশনের কাছেও বোমা বিস্ফোরণ ঘটে। গত জুনে সিন্ধুর জ্যাকোবাবাদে রিমোট কন্ট্রোলচালিত বোমায় ট্রেনটির চারটি বগি উল্টে যায়। এত ঘন ঘন হামলার কারণে গত জুলাই মাসে ট্রেনটির একটি দুর্ঘটনাকেও প্রথমে হামলা মনে করা হয়েছিল।

বেলুচিস্তানকে পাকিস্তানের বাকি অংশের সঙ্গে যুক্ত করে রাখে জাফর এক্সপ্রেস। সৈন্য ও সরকারি কর্মচারীরা নিয়মিত এই ট্রেন ব্যবহার করায় এটি সন্ত্রাসীদের প্রধান টার্গেট। পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি সম্প্রতি এক অভিযোগে বলেছেন, ‘এসব হামলার পেছনে ভারতের মদদ আছে।’ তবে ভারত এই অভিযোগ অস্বীকার করেছে। আব্বাসি বলেন, ‘আমাদের চালক ও যাত্রীদের সাহসিকতা সন্ত্রাসীদের ব্যর্থ করে দিচ্ছে। পাকিস্তান কখনো ভয় পাবে না।’
বেলুচিস্তান প্রদেশ দীর্ঘদিন ধরে বিদ্রোহে জর্জরিত। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই অঞ্চল চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর ও গওয়াদার সমুদ্রবন্দরের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু বেলুচ জাতীয়তাবাদী সংগঠনগুলো অভিযোগ করে আসছে, ইসলামাবাদ তাদের সম্পদ লুট করছে, অথচ স্থানীয় জনগণ দারিদ্র্যে ভুগছে।
এই বিদ্রোহের প্রধান গোষ্ঠীগুলোর মধ্যে আছে বিএলএ, বিআরজি ও ও বেলুচ লিবারেশন ফ্রন্ট। যুক্তরাষ্ট্র সম্প্রতি বিএলএ-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। তবে মানবাধিকার সংগঠনগুলো পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধেই বেলুচিস্তানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের অভিযোগ তুলেছে।
১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র গঠনের পর থেকে বেলুচিস্তানে পর্যায়ক্রমে বিদ্রোহ মাথাচাড়া দিয়েছে। বর্তমানে স্বাধীনতার দাবিতে পরিণত হওয়া এসব আন্দোলনের প্রধান টার্গেট হলো জাফর এক্সপ্রেস। তারপরও পাকিস্তান রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এই ট্রেন বন্ধ করা হবে না। রেলমন্ত্রী আব্বাসি বলেন, ‘যত হামলাই হোক, ট্রেনটি সময় মেনে প্রতিদিনই চলবে।’
আরও খবর পড়ুন:

শ্রীলঙ্কায় বিদেশি সিগারেট পাচারকালে এক বাংলাদেশি ব্যবসায়ী আটক হয়েছেন। আজ রোববার সকালে দেশটির রাজধানী কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে আটক করা হয়। বাংলাদেশি ওই ব্যবসায়ীর কাছ থেকে জব্দ করা সিগারেটের বাজারমূল্য প্রায় ৫১ লাখ শ্রীলঙ্কান রুপি।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের দাবি, তাদের বিমান হামলায় ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেশটির পারমাণবিক কর্মসূচি পঙ্গু হয়ে গেছে। আর উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ধ্বংসস্তূপের গভীরে কোনো স্থানে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
২ ঘণ্টা আগে
এবারের হজ মৌসুমকে সামনে রেখে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, যেকোনো ধরনের ভিজিট ভিসা দিয়ে হজ পালন করা যাবে না। পবিত্র মক্কা নগরীতে প্রবেশ নিয়ন্ত্রণ এবং হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই কড়াকড়ি আরোপ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
রক্তক্ষয়ী সংঘাতের পর লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হলেও কাটছে না শঙ্কা। একদিকে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ঘরবাড়িতে ফিরছে হাজারো বাস্তুচ্যুত মানুষ, অন্যদিকে দক্ষিণ লেবাননে সংঘর্ষে এক ইসরায়েলি সেনা নিহত ও অন্তত ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে