
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র নাউরু আনুষ্ঠানিকভাবে নিজেদের নাম পরিবর্তন করে ‘রিপাবলিক অব নাওয়েরো’ করার উদ্যোগ নিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ডেভিড আদেয়াং জানিয়েছেন, নতুন নামটি দেশটির স্থানীয় ভাষায় প্রচলিত বানান ও উচ্চারণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাঁর মতে, এটি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়; বরং জাতীয় পরিচয়, ঐতিহ্য ও পূর্বপুরুষের উত্তরাধিকার সংরক্ষণের উদ্যোগ।
নতুন নামটি ইংরেজিতে ‘নাউরু’ নামে পরিচিত হলেও স্থানীয় উচ্চারণে ‘Naoero’—যার উচ্চারণ অনেকটা ‘নাওয়েরো’। দেশটির আন্তর্জাতিক কোডও NRU থেকে NRO করা হবে। নাগরিকদের ‘Nauruan’ না বলে ‘dei-Naoero’ নামে পরিচিত করার পরিকল্পনা রয়েছে।
জাতিসংঘের ওয়েবসাইটেও দেশটির নতুন নাম যুক্ত হয়েছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও চীনের সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইটেও নাওয়েরো নামটি ব্যবহার করা হচ্ছে। দেশটির সরকার জানিয়েছে, বিদেশিদের সুবিধার জন্য স্থানীয় নামের পরিবর্তে ‘Nauru’ নামটি ব্যবহৃত হয়ে আসছিল। এখন ঐতিহ্যবাহী নামটি পুনরায় প্রতিষ্ঠা করা হচ্ছে।
প্রস্তাবিত সাংবিধানিক সংশোধনীতে দেশটির আইনপ্রণেতারা প্রয়োজনীয় দুই দফা ভোটে অনুমোদন দিয়েছেন। শুরুতে নাম পরিবর্তনের বিষয়ে গণভোটের কথা বলা হলেও পরে সরকার সিদ্ধান্ত নেয়, এ জন্য গণভোটের প্রয়োজন নেই। সরকারের ভাষ্য, ‘নাওয়েরো’ নামটি কখনো হারিয়ে যায়নি; এটি মানুষের পরিচয়, জাতীয় প্রতীক এবং দৈনন্দিন কথাবার্তায় এখনো ব্যবহৃত হয়।
প্রায় ১২ হাজার মানুষের দেশ নাওয়েরো জনসংখ্যার বিচারে বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র—ভ্যাটিকান সিটি ও টুভালুর পরেই এর অবস্থান। ক্ষুদ্র এই প্রবাল-চুনাপাথরের দ্বীপটি একসময় জার্মান উপনিবেশ ছিল। পরে অস্ট্রেলিয়ার প্রশাসনের অধীনে থাকার পর ১৯৬৮ সালে স্বাধীনতা লাভ করে।
১৯৭০-এর দশকে ফসফেট খনির কারণে দেশটিতে বিপুল সম্পদ আসে। কিন্তু খনি-শিল্পের পতনের পর ১৯৯০-এর দশকে অর্থনীতি প্রায় ধসে পড়ে। বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম নাওয়েরো। সমুদ্রের আগ্রাসন মোকাবিলায় দেশটির সরকার অবকাঠামো ও জনবসতি সরিয়ে নেওয়ার জন্য বিদেশি বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছে।
প্রেসিডেন্ট আদেয়াংয়ের মতে, নাম পরিবর্তনের মধ্য দিয়ে নাওয়েরোতে ‘নতুন জাতীয় গর্বের সূচনা’ হচ্ছে। এ সিদ্ধান্ত ঔপনিবেশিক অতীত থেকে নিজেদের পরিচয় পুনরুদ্ধারের সাম্প্রতিক বৈশ্বিক প্রবণতারও অংশ। এর আগে সোয়াজিল্যান্ডের নাম পরিবর্তন করে এসওয়াতিনি এবং তুরস্কের আন্তর্জাতিক নাম তুর্কিয়ে করা হয়েছিল।
নাম পরিবর্তনের ফলে দেশটির জাতীয় বিমান ও জাহাজগুলোর নামেও পরিবর্তন আনতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা ও অন্যান্য দেশের কাছে নতুন নামটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগও চালাবে নাওয়েরো সরকার।

ইউক্রেনের রাজধানী কিয়েভে আরও একটি গুরুত্বপূর্ণ সেতুতে হামলা চালিয়েছে রাশিয়া। হামলার বিষয়টি নিশ্চিত করে শহরের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেন, শনিবার সকালে নর্দার্ন ব্রিজে হামলায় সড়কের পৃষ্ঠ এবং ট্রলিবাসের ওপরের বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সেতুটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
১৩ মিনিট আগে
শিক্ষার মান নিয়ে ফ্রান্সে চলমান বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। আঞ্চলিক সরকারের তথ্য অনুযায়ী, নঁতের নেলসন ম্যান্ডেলা উচ্চবিদ্যালয়ে ২০ লাখ ইউরোর বেশি ক্ষতি হয়েছে। আগুনে স্কুলটির কাচের প্রবেশপথ এবং ভেতরের কয়েকটি অংশ পুড়ে গেছে। গত সপ্তাহে স্কুল অবরোধ ও বিক্ষোভ শুরু হওয়ার পর তা সারা দেশের শত শত স্কুলে ছড়
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর নীতিগুলো প্রচারের জন্য বহু মিলিয়ন ডলার ব্যয়ে ১৩টি প্রচারণাধর্মী বিজ্ঞাপন তৈরি করেছে ট্রাম্প প্রশাসন। এ দিকে বিপুল সরকারি অর্থ ব্যয়ে এসব বিজ্ঞাপনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দল থেকেই। তবে হোয়াইট হাউস এসব বিজ্ঞাপনকে...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে সন্তানের আইনি অভিভাবকত্ব হারানোর কয়েক ঘণ্টার মধ্যে চার বছর বয়সী নিজ মেয়েকে গুলি করে হত্যা করেছেন এক নারী। পরে তিনি নিজেও আত্মঘাতী হন। ঘটনাটি ঘটেছে হিউস্টন শহরের একটি আবাসিক ভবনে।
৩ ঘণ্টা আগে