Ajker Patrika

জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় নিহত ১২, আহত ৯

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১০ জুন ২০২৬, ১৬: ২১
জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় নিহত ১২, আহত ৯
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। ছবি: এএফপি

দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গের ক্লিভল্যান্ড এলাকায় একটি অনানুষ্ঠানিক বসতিতে (ইনফরমাল সেটেলমেন্ট) বন্দুকধারীদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান শুরু করেছে দেশটির পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার গভীর রাতে ক্লিভল্যান্ড এলাকার ওই বসতিতে হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটের দিকে ‘গুলি চলার ঘটনা ঘটছে’—এমন অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

এক বিবৃতিতে পুলিশ জানায়, ১০ জনের বেশি সন্দেহভাজন ব্যক্তি একটি সাদা রঙের টয়োটা কোয়ান্টাম গাড়িতে করে ক্লিভল্যান্ডের একটি পেট্রল স্টেশনের কাছে এসে নামে। এরপর তারা অনানুষ্ঠানিক বসতিটির দুই দিকের প্রবেশপথ দিয়ে ভেতরে প্রবেশ করে। পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারীরা বসতির বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে স্থানীয় বাসিন্দা ও কমিউনিটির সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। হামলার পর তারা একই গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনাস্থলে আট পুরুষ ও তিনজন নারী নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত আরও একজন পুরুষ মারা যান। ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে। এ ছাড়া গুলিবিদ্ধ অন্তত ৯ জনকে বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য জরুরি চিকিৎসাসেবার কর্মীদেরও ঘটনাস্থলে মোতায়েন করা হয়।

পুলিশ জানিয়েছে, হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। বিষয়টি চলমান তদন্তের অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে হামলায় জড়িত সন্দেহভাজনদের খুঁজে বের করতে অভিযান চালানো হচ্ছে।

বিশ্বের সবচেয়ে বেশি হত্যাকাণ্ড সংঘটিত হওয়া দেশগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা অন্যতম। দেশটিতে গড়ে প্রতিদিন প্রায় ৬০ জন হত্যার শিকার হন। অনানুষ্ঠানিক বসতিগুলোতে বন্দুক হামলার ঘটনা দেশটিতে প্রায়ই ঘটে। এসব ঘটনার পেছনে অনেক সময় গ্যাং সহিংসতা বা ব্যক্তিগত বিরোধ জড়িত থাকে।

উল্লেখ্য, গত বছরও জোহানেসবার্গের একটি ট্যাভার্নে সংঘটিত গণগুলির ঘটনায় ৯ জন নিহত হয়েছিলেন। দক্ষিণ আফ্রিকান গানওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি গিডিওন জুবার্টের উদ্ধৃত পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ আফ্রিকায় বর্তমানে প্রায় ৩০ লাখ বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। একই সঙ্গে অন্তত আরও ৩০ লাখ অবৈধ অস্ত্র দেশটিতে ছড়িয়ে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত