
যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মীদের জন্য এইচ-১বি ভিসা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের ‘অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং’ (ওপিটি) কর্মসূচির ওপর নতুন ও চড়া ফি আরোপের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।
মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) প্রস্তাবিত এক নীতিমালায় এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ৩ হাজার ২৬৫ ডলারে নির্ধারণের কথা বলেছে, যা সোমবার (২৪ আগস্ট) মার্কিন ‘ফেডারেল রেজিস্টারে’ প্রকাশিত হয়।
করপোরেট ইমিগ্রেশন আইনি সংস্থা ‘ফ্রাগোমেন’-এর বিশ্লেষণ অনুযায়ী, এই নিয়ম বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি নাগরিক, বিশ্ববিদ্যালয় থেকে কর্মক্ষেত্রে প্রবেশ করতে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থী এবং ভিসা স্পনসরকারী প্রতিষ্ঠান—সব পক্ষের খরচই বিপুল পরিমাণে বাড়বে।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এইচ-১বি ভিসার পাশাপাশি ওপিটি আবেদনের ক্ষেত্রেও ১ লাখ ডলার পর্যন্ত ফি আরোপের পরিকল্পনা করছে বলে জানিয়েছে ফ্রাগোমেন।
ইমিগ্রেশন আইনি সংস্থাটির প্রকাশিত এক বিবরণীতে জানানো হয়েছে, প্রস্তাবগুলো এর আগে হোয়াইট হাউসের ‘অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট’ (ওএমবি)-এ পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে। গত ১৯ আগস্ট এইচ-১বি পিটিশন সংক্রান্ত প্রস্তাবটি ওএমবি-র পর্যালোচনা সম্পন্ন করেছে এবং ২০ আগস্ট ওপিটি ফি সম্পর্কিত নিয়মটি ওএমবি-তে জমা দেওয়া হয়।
গত বছরও ট্রাম্প প্রশাসন এইচ-১বি পিটিশনে ১ লাখ ডলার ফি নির্ধারণ করেছিল, তবে আদালত তা বাতিল করে দেয়। নতুন এই প্রস্তাবটি আদালতের সেই চলমান আইনি লড়াইয়ের প্রেক্ষাপটেই আবার সামনে আনা হচ্ছে বলে মনে করা হচ্ছে।
তবে প্রস্তাবের বিস্তারিত বিষয়বস্তু এখনো আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে আনা হয়নি।
যুক্তরাষ্ট্র সরকারের এই নতুন পদক্ষেপ বাস্তবায়িত হলে তা সবচেয়ে বড় আঘাত হয়ে আসবে ভারতীয় পেশাজীবী ও শিক্ষার্থীদের জন্য। যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে অনুমোদিত মোট ৩ লাখ ৯৯ হাজার ৪০২টি এইচ-১বি পিটিশনের মধ্যে ৭১ শতাংশই ছিল ভারতীয় বংশোদ্ভূতদের।
সাম্প্রতিক তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে ৫২ লাখেরও বেশি ভারতীয় বংশোদ্ভূত বসবাস করছেন। ফলে ফি বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বিশাল এই জনগোষ্ঠীর কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।
নতুন ফি আরোপের পরিকল্পনার বাইরেও চলতি মাসের শুরুর দিকে এইচ-১বি ভিসাধারীদের জন্য আরেকটি কঠোর প্রস্তাব জমা দিয়েছে ডিএইচএস। এতে চাকরি হারানো এইচ-১বি কর্মীদের জন্য বিদ্যমান ৬০ দিনের ‘গ্রেস পিরিয়ড’ বা অতিরিক্ত সময় অবস্থানের নিয়মটি বিলুপ্ত করার কথা বলা হয়েছে।
বর্তমানে কোনো কর্মী চাকরি হারালে নতুন কাজ খোঁজা বা ভিসা ক্যাটাগরি পরিবর্তনের জন্য ৬০ দিন সময় পান। তবে প্রস্তাবিত নিয়মটি চূড়ান্ত হলে চাকরি হারানোর সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের অবিলম্বে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে। নির্ধারিত সময়ের পর অবস্থান করলে তা ভিসা শর্ত লঙ্ঘনের শামিল হিসেবে বিবেচিত হবে।

সূর্য ওঠার কিছুক্ষণ পরই পানি আনতে বের হতে হয় ৪০ বছর বয়সী মমতাকে। এভাবে সারা দিনে আট থেকে দশবার যেতে হয়। হাতে তিনটি খালি প্লাস্টিকের বালতি নিয়ে কয়েক শ মিটার দূরের একটি চাপকলে যান তিনি। এদিকে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি।
১৫ মিনিট আগে
মাত্র ১০ মাসের দায়িত্বে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কঠোর অবস্থান নিয়েছেন, বন্ধুত্ব গড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে। নিজের ব্যস্ততা নিয়ে তিনি এমনও বলেছেন...
১ ঘণ্টা আগে
শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত পোশাকের সঙ্গে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী অতিরিক্ত কোনো পোশাক বা পোশাকের অংশ যোগ করার অধিকার শিক্ষার্থীর নেই বলে স্পষ্ট করেছেন ভারতের এলাহাবাদ হাইকোর্ট। আদালত এক স্কুলছাত্রীর করা আবেদন খারিজ করে দিয়েছে।
১ ঘণ্টা আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরান তাঁর এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি। ঘটনাটি কখন বা কোথায় ঘটেছিল, কিংবা তাঁর কোন ছেলেকে লক্ষ্য করা হয়েছিল, তাও জানাননি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে