
বিভিন্ন পরীক্ষাসহ নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ সমাবেশ করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সমাবেশ শেষে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগে তারা সরকারকে আগামী সাত দিন সময় দিচ্ছে। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে দেশজুড়ে তীব্র আন্দোলন শুরু করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন থেকে জানা যায়, আজ শনিবার আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের আহ্বানে অংশ নেন শত শত শিক্ষার্থী, তরুণ চাকরিজীবী ও সাধারণ মানুষ। সংঘাত এড়াতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যন্তর মন্তর ও আশপাশের এলাকায় এক হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েনসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
সমাবেশে অংশ নেওয়া আন্দোলনকারীদের অনেকের মুখেই ছিল ককরোচ বা তেলাপোকার মাস্ক, যা অনুষ্ঠানস্থল থেকেই বিতরণ করা হচ্ছিল। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির পাশাপাশি আন্দোলনকারীরা ক্ষমতাসীন বিজেপির ‘হিন্দু-মুসলিম’ রাজনীতির বিরুদ্ধে স্লোগান দেন এবং ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি তোলেন।
তবে সিজেপি প্রধানের নির্দেশ অনুযায়ী, কর্মীরা কোনো ধরনের সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় না দিয়ে কেবল দেশ, মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকরের নামে স্লোগান দেন। আন্দোলনকারীদের হাতে ভারতের জাতীয় পতাকা, সংবিধানের কপি এবং ফুল দেখা যায়।
এর আগে যুক্তরাষ্ট্র থেকে আজ সকালে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর বি আর আম্বেদকরের আত্মজীবনীর একটি কপি হাতে নিয়ে সরাসরি সমাবেশে যোগ দেন অভিজিৎ দিপক। সমাবেশে সংহতি জানিয়ে অংশ নেন লাদাখের বিশিষ্ট পরিবেশ আন্দোলনকর্মী ও ম্যাগসাইসাই পুরস্কারজয়ী শিক্ষাবিদ সোনম ওয়াংচুক, সিপিআই (এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, সিপিআই নেত্রী অ্যানি রাজাসহ বামপন্থী বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের নেতৃবৃন্দ। যুবসমাজের এমন সৃজনশীল ও শান্তিপূর্ণ প্রতিবাদের ভূয়সী প্রশংসা করেন সোনম ওয়াংচুক।
সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে বক্তৃতায় অভিজিৎ দিপক বলেন, ‘আমার বন্ধুরা, এটি একটি দীর্ঘ সংগ্রাম।’ তিনি অভিযোগ করেন, এক মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানানোর পর কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাদের অ্যাকাউন্ট হ্যাক করা এবং পোস্ট মুছে ফেলার মতো বিভ্রান্তিকর কাজে লিপ্ত রয়েছে। দিপক বলেন, ‘আপনারা হয়তো আমাদের পোস্ট মুছে দিতে পারেন, কিন্তু এই মাঠ থেকে আমাদের মুছে ফেলতে পারবেন না।’
গ্রেপ্তারের ভয়ে তাঁর মা কেঁদেছিলেন উল্লেখ করে সিজেপি প্রধান বলেন, ‘এটি কেবল আমার মায়ের ভয় নয়, বরং দেশের যেকোনো তরুণ রাজনীতি নিয়ে কথা বলতে গেলে তাঁর মা-বাবার মনে এই ভয় কাজ করে।’
তিনি আরও বলেন, ‘আমরা আর কত দিন ভয়ে বেঁচে থাকব? ওদের বলে দিন, আমরা ভয় পাই না।’ কারাবাসের ভয়ে অনেকেই বিক্রি হয়ে গেলেও দেশের ছাত্র ও যুবসমাজ বিক্রি হয়নি বলে তিনি মন্তব্য করেন। বিকেল সাড়ে ৩টার দিকে অভিজিৎ দিপক অসুস্থ বোধ করলে সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয়।
সমাবেশ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, ‘আমরা সরকারকে সাত দিন সময় দিচ্ছি। হয় ধর্মেন্দ্র প্রধান সম্মানের সঙ্গে পদত্যাগ করুন, না হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে বরখাস্ত করুন। সাত দিনের মধ্যে পদত্যাগ না করলে এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে।’
তিনি আরও বলেন, ‘দেশের শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজানোর সময় এসেছে এবং আজ থেকেই সেই সংস্কার প্রক্রিয়া শুরু হলো।’
উল্লেখ্য, নিট (এনইইটি), সিবিএসই, সিইউইটি ও এসএসসিসহ বিভিন্ন প্রবেশিকা ও নিয়োগ পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে জবাবদিহি নিশ্চিত করতে তরুণদের দ্বারা পরিচালিত একটি অনলাইন আন্দোলন হিসেবে এই ‘ককরোচ জনতা পার্টি’ গড়ে উঠেছে।
সমাবেশ চলাকালীন সম্ভাব্য সংঘাত এড়াতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৬ জনকে আটক করে দিল্লি পুলিশ। পুলিশ জানায়, এই আন্দোলনের সমর্থক ও বিরোধীদের মধ্যে উত্তেজনা তৈরি হতে পারে—এমন গোপন তথ্যের ভিত্তিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাঁদের প্রতিরোধমূলক হেফাজতে নেওয়া হয়।
এদিকে, যন্তর মন্তরের আন্দোলনকারীদের বিরুদ্ধে এফআইআর বা মামলা দায়েরের যে খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে স্পষ্ট করেছে দিল্লি পুলিশ। পুলিশ নাগরিকদের কোনো ধরনের যাচাই না করা তথ্য ছড়াতে বা বিশ্বাস করতে নিষেধ করেছে এবং কেবল অফিশিয়াল বার্তার ওপর নির্ভর করার পরামর্শ দিয়েছে।

অধিকৃত পশ্চিম তীরে একটি ফিলিস্তিনি পরিবারের গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর চালানো গুলিতে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, প্রথমে ইসরায়েলি সেনারা গাড়িটি থামানোর নির্দেশ দেয়...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গবাদিপশুর শরীরে ‘স্ক্রুওয়ার্ম’ নামক একধরনের মাংসখেকো পরজীবীর উপস্থিতি শনাক্ত হয়েছে। এরপরই টেক্সাস থেকে সব ধরনের গবাদিপশু আমদানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা...
৫ ঘণ্টা আগে
গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে সূচনা হয় ককরোচ জনতা পার্টির (সিজেপি)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নামের অনুকরণে গড়ে ওঠা এই ককরোচ জনতা পার্টি অল্প সময়ে অনলাইনে ব্যাপক জনপ্রিয়তা পায়।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সামরিক শক্তি ‘পুরোপুরি ধ্বংস’ হয়ে গেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার পর দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন প্রায় ২১ শতাংশে নেমে এসেছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার এনবিসি নিউজের সাংবাদিক ক্রিস্টেন ওয়েলকারকে দেওয়া...
১১ ঘণ্টা আগে