Ajker Patrika

ট্রাম্পের ঘোষণার পরই রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৩ মার্চ ২০২৬, ১৮: ৫০
ট্রাম্পের ঘোষণার পরই রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদ্বয় ফোনালাপ করেছেন। তেহরানের উদ্যোগে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। ফোনালাপে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ অবিলম্বে যুদ্ধবিরতি এবং রাজনৈতিক সমাধানের আহ্বান জানান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ‘আলোচনা হয়েছে’—ঘোষণা দেওয়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে ফোনে কথা বলেন। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরান ‘শত্রুতার সম্পূর্ণ ও চূড়ান্ত সমাধান’ নিয়ে ‘খুবই ভালো ও ফলপ্রসূ আলোচনা’ করেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, লাভরভ অবিলম্বে যুদ্ধবিরতি এবং এমন একটি রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন, যা সংশ্লিষ্ট সব পক্ষের বৈধ স্বার্থ বিবেচনায় নেবে, বিশেষ করে ইরানের স্বার্থ। তেহরানের উদ্যোগেই এই ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, গত দুই দিনে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে মধ্যপ্রাচ্যে চলমান শত্রুতার একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সমাধানের লক্ষ্যে অত্যন্ত কার্যকর আলোচনা হয়েছে।’ তিনি আরও উল্লেখ করেন, আলোচনার ‘ভঙ্গি ও সুর’ ছিল অত্যন্ত গভীর, বিস্তারিত ও গঠনমূলক। এই আলোচনা সপ্তাহজুড়ে চলবে বলেও তিনি জানান।

ট্রাম্প তাঁর পোস্টে লিখেছেন, ‘চলমান বৈঠক এবং আলোচনার সফলতার ওপর ভিত্তি করে আমি প্রতিরক্ষা দপ্তরকে (ডিপার্টমেন্ট অব ওয়ার) আগামী পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে যেকোনো ধরনের সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছি।’

এ খবরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও সাড়া দেয়নি।

এদিকে, ট্রাম্পের এই ঘোষণার পরপরই শেয়ারবাজারে সূচক ঊর্ধ্বমুখী হয়, যখন ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতার কাছাকাছি। ব্রিটেনের প্রধান শেয়ার সূচকটি প্রাথমিক লেনদেনে বড় ধরনের পতনের পর দশমিক ৪ শতাংশ বেড়ে যায়।

সপ্তাহান্তে ইরানকে ৪৮ আলটিমেটাম দেওয়ার পর সোমবারের শুরুতে সূচকটি ২ দশমিক ২ শতাংশ পর্যন্ত নেমে গিয়েছিল। ট্রাম্প তেহরানকে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে সোমবার সকালে ট্রাম্প বলেন, গত দুই দিনে ইরান ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বৈরিতা সম্পূর্ণভাবে শেষ করার বিষয়ে ‘খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা’ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত