
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শুরু করা যুদ্ধে গত দুই সপ্তাহে প্রায় ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন। ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের ব্যয় নিয়ে দেশে বিরোধিতা বাড়তে থাকায় এই তথ্য প্রকাশ করা হলো। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
স্থানীয় সময় গতকাল সোমবার পেন্টাগনের মুখপাত্র শন পারনেল জানান, যুক্তরাষ্ট্র ৭ জুলাই ইরানের বিরুদ্ধে পুনরায় বিমান হামলা শুরু করার পর থেকে ‘প্রায় ১০০ জন সেনাসদস্য কোনো না কোনো মাত্রার আঘাতপ্রাপ্ত হয়েছেন।’ তবে আহতদের মধ্যে ৯৬ শতাংশ ইতোমধ্যেই আবার দায়িত্বে ফিরে গেছেন।
হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করার অভিযোগের জবাবে পারনেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘তারা আবার যুদ্ধে ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ।’ তিনি আরও বলেন, আহতদের ‘অধিকাংশই সামান্য মাত্রার কনকাশনে (মস্তিষ্কে আঘাতজনিত ঝাঁকুনি) ভুগেছেন।’ এই ঘোষণার কয়েক ঘণ্টা আগে পেন্টাগন জানায়, শুক্রবার রাতে জর্ডানের একটি বিমানঘাঁটিতে ইরানের হামলায় নিহত দুই মার্কিন সেনা হলেন হাওয়াইয়ের ২৫ বছর বয়সী টাইলার জেমস ফিহান এবং টেক্সাসের ১৯ বছর বয়সী ইসাবেলা গনজালেস।
মার্কিন সশস্ত্রবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জর্ডানে হামলার স্থানে পাওয়া দেহাবশেষ বিশ্লেষণ করা হচ্ছে। হামলায় নিহত হয়েছেন বলে ধারণা করা তৃতীয় এক সেনার সন্ধানেও কাজ চলছে। এ ছাড়া শনিবার উত্তর ইরাকে আরও এক মার্কিন সেনা নিহত হয়েছেন বলে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে।
দীর্ঘায়িত এই সংঘাতের ফলে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং ক্রমবর্ধমান হতাহতের কারণে প্রেসিডেন্ট ট্রাম্পের জনসমর্থনের হারেও চাপ তৈরি হয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান তদারককারী সেন্টকম জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ৯টায় ইরানের বিরুদ্ধে দশম দফা হামলা সম্পন্ন করেছে মার্কিন বাহিনী। এসব হামলায় ইরানের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যার উদ্দেশ্য ছিল ‘হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ইরানের ধারাবাহিক হামলা চালানোর সক্ষমতা দুর্বল করে দেওয়া।’
অন্যদিকে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার জানিয়েছে, ওমান উপকূলের কাছে আরেকটি তেলবাহী জাহাজ একটি প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময়ে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণে অনুমোদনহীন ও ‘বিপজ্জনক’ একটি পথ ব্যবহার করে অতিক্রমের চেষ্টা করা দুটি ‘নিয়ম লঙ্ঘনকারী’ তেলবাহী জাহাজ বিস্ফোরণের পর আগুন ধরে থেমে যায়।
যুদ্ধ শুরুর সময় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার লক্ষ্য সামনে আনা হলেও, হোয়াইট হাউসের কর্মকর্তারা এখন ক্রমেই স্বীকার করছেন যে যুক্তরাষ্ট্রের মূল মনোযোগ সরে গিয়ে হরমুজ প্রণালিকে ঘিরে কেন্দ্রীভূত হয়েছে। কারণ, ইরান এই গুরুত্বপূর্ণ বাণিজ্যপথকে এমন এক শক্তিশালী কৌশলগত চাপের কেন্দ্রে পরিণত করেছে, যার ওপর যুক্তরাষ্ট্র কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় হিমশিম খাচ্ছে।
সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ যে হরমুজ প্রণালি দিয়ে অতিক্রম করত, সেখানে ইরানকে জাহাজে হামলা চালানো থেকে বিরত রাখাই ‘যুক্তরাষ্ট্রের হামলা পরিচালনার একমাত্র কারণ।’
এপ্রিলের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে কয়েক সপ্তাহ ধরে চলতে থাকা পাল্টাপাল্টি উত্তেজনার প্রভাব পড়েছে জ্বালানির বাজারেও। সোমবার প্রকাশিত আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ধারাবাহিকভাবে বাড়তে বাড়তে যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম আবার প্রতি গ্যালনে ৪ ডলারের ওপরে উঠে গেছে।

ফ্রান্সের ফুটবল তারকা ২৪ বছর বয়সী মাইকেল ওলিসের বিরুদ্ধে তাঁর সাবেক প্রেমিকা ও সন্তানের মা ৩৪ বছর বয়সী ফাতিমা জাউনব্রেচার গুরুতর অভিযোগ তুলেছেন। আলিয়াহ নুর নামে তাঁদের ২০ মাস বয়সী এক গোপন কন্যাও রয়েছে।
১ ঘণ্টা আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন বিরোধী কংগ্রেসের শীর্ষ নেতারা। মঙ্গলবার (২১ জুলাই) কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে দলটির নেতা-কর্মীরা রাজধানী নয়াদিল্লিতে প্রধান
২ ঘণ্টা আগে
জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে পদ থেকে সরিয়ে দেওয়ার পর এর জন্য ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ওলেক্সান্দর সিরস্কিকে দায়ী করছেন অনেকে। এই অবস্থায় সিরস্কির ভবিষ্যৎ নিয়ে দেশটিতে রাজনৈতিক ও সামরিক অস্থিরতা ক্রমেই বাড়ছে।
২ ঘণ্টা আগে
ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চলমান যুব আন্দোলনের মধ্যে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি ‘ত্রুটিহীন’ সরকারি পরীক্ষাব্যবস্থা গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন। আজ মঙ্গলবার (২১ জুলাই) ক্ষমতাসীন জোটের আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, তরুণদের ভবিষ্যৎ যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত...
৫ ঘণ্টা আগে