
আসন্ন পবিত্র রমজানে মুসল্লিদের আল-আকসা মসজিদে নামাজ আদায়ে প্রবেশ সীমিত করার পরিকল্পনা করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি ও বিশিষ্ট ইসলামি আলেম শেখ একরিমা সাবরি।
জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি এবং জেরুজালেমের সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ একরিমা সাবরি রমজান মাসে মুসলমানদের জন্য তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসায় প্রবেশে বিধিনিষেধ আরোপের ইসরায়েলি পরিকল্পনায় দুঃখ প্রকাশ করেন। চলতি সপ্তাহের মাঝামাঝি রমজান শুরু হচ্ছে।
শেখ একরিমা সাবরি বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহে অধিকৃত পূর্ব জেরুজালেমে নতুন পুলিশ কমান্ডার হিসেবে মেজর জেনারেল আভশালোম পেলেদকে নিয়োগ দেওয়ার মধ্য দিয়েই ইসরায়েলের বাজে উদ্দেশ্য স্পষ্ট হয়ে যায়। এই নিয়োগকে অনেকেই আল-আকসা মসজিদকে ঘিরে কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের পরিকল্পনা এগিয়ে নেওয়ার পদক্ষেপ হিসেবে দেখছেন। ইসরায়েলি পত্রিকা হারেৎজ লিখেছে, ‘মনে হচ্ছে বেন-গভির আগুনে ঘি ঢালতে যা যা করা সম্ভব, সবই করছেন।’
শেখ সাবরি আনাদোলুকে বলেন, ‘মুসলমানরা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নত অনুসরণ করে শাবান মাসের শেষে আশাবাদ নিয়ে রমজানকে স্বাগত জানান। কিন্তু জেরুজালেমের ক্ষেত্রে আমরা দুঃখিত। কারণ, দখলদার কর্তৃপক্ষ আল-আকসা মসজিদে আসা মুসল্লিদের ওপর কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে।’
তিনি বলেন, ‘ইসরায়েলি কর্তৃপক্ষ ইতিমধ্যে কয়েক ডজন তরুণকে মসজিদে প্রবেশে বাধা দিয়েছে। তারা ঘোষণা করেছে, অধিকৃত পশ্চিম তীর থেকে রমজানে নামাজ পড়তে আসা মুসল্লিদের জন্য কোনো শিথিলতা দেওয়া হবে না।’ সাবরি বলেন, ‘এর মানে হলো আরও কঠোর বিধিনিষেধ থাকবে। আল-আকসায় মুসল্লির সংখ্যা আগের বছরের তুলনায় কম হবে। এটি ইবাদতের স্বাধীনতার পরিপন্থী। এতে রোজার মাসে মুসলমানদের ধর্মীয় পালন ব্যাহত হবে।’
প্রতিবছর রমজান মাসে পশ্চিম তীর থেকে কয়েক লাখ ফিলিস্তিনি অধিকৃত পূর্ব জেরুজালেমে যান আল-আকসা মসজিদে নামাজ আদায় করতে। কিন্তু ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ সামরিক চেকপোস্টগুলোতে কড়াকড়ি বাড়িয়েছে। ফলে পশ্চিম তীরের বাসিন্দাদের জেরুজালেমে প্রবেশ সীমিত হয়ে গেছে।
গত দুই বছরে খুব অল্পসংখ্যক মানুষ ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া অনুমতিপত্র পেয়েছেন। ফিলিস্তিনিদের অভিযোগ, এই অনুমতি পাওয়া অত্যন্ত কঠিন। চলতি রমজান উপলক্ষে বিশেষ কোনো ব্যবস্থার ঘোষণা দেয়নি কর্তৃপক্ষ। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি কর্তৃপক্ষ পূর্ব জেরুজালেমের শত শত ফিলিস্তিনি বাসিন্দার বিরুদ্ধে অস্থায়ী আদেশ জারি করেছে। তাদের অধিকাংশই তরুণ। এসব আদেশে রমজান মাসে তাদের আল-আকসা মসজিদে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কিছু নিষেধাজ্ঞা ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে।
এই পদক্ষেপগুলো এমন সময় নেওয়া হচ্ছে, যখন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের ডানপন্থী সরকার ফিলিস্তিনি কর্মকর্তাদের সমালোচনার মুখে। ফিলিস্তিনিরা অভিযোগ করছেন, আল-আকসা প্রাঙ্গণে দীর্ঘদিনের ‘স্থিতাবস্থা’ পরিবর্তনের চেষ্টা চলছে।
তবে ২০০৩ সাল থেকে স্থানীয় পুলিশ একতরফাভাবে ইসরায়েলি উগ্রপন্থীদের মসজিদ প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশের সুযোগ দিয়ে আসছে। ইসলামিক ওয়াক্ফ বিভাগ বারবার এই অনুপ্রবেশ বন্ধের দাবি জানালেও তা মানা হয়নি। শেখ সাবরি বলেন, ‘কোনো সন্দেহ নেই, ডানপন্থী সরকার আল-আকসা মসজিদকে ঘিরে তাদের আক্রমণাত্মক পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। বহু বছর ধরে তারা প্রকাশ্যে প্রবেশ, উন্মুক্ত প্রার্থনা, শিঙা বাজানো এবং সেজদা করার দাবি জানিয়ে আসছে। যা একসময় গোপন আকাঙ্ক্ষা ছিল, এখন তা প্রকাশ্য হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছি যে ইসরায়েল এই স্থানে সার্বভৌমত্ব চাপিয়ে দিতে চায় এবং ইসলামিক ওয়াক্ফের কর্তৃত্ব কমিয়ে দিতে চায়।’ তবে ইসরায়েলি পদক্ষেপ শুধু আল-আকসা মসজিদেই সীমাবদ্ধ নয়। অধিকৃত পূর্ব জেরুজালেমের বিভিন্ন ফিলিস্তিনি পাড়ায়, বিশেষ করে মসজিদের আশপাশের এলাকায় বাড়িঘর ভাঙার ঘটনাও বাড়ছে।
শেখ সাবরি বলেন, ‘বাড়িঘর ধ্বংসের নীতি বর্ণবাদী, অন্যায়, অবৈধ ও অমানবিক। এটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে ফিলিস্তিনে চালানো অন্যায্য নীতিরই ধারাবাহিকতা।’ তিনি আরব ও ইসলামি বিশ্বের জনগণকে জেরুজালেমের ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে আরব ও মুসলিম নেতাদের প্রতি জেরুজালেম ও আল-আকসা মসজিদের বিষয়ে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্তরাষ্ট্রকে ‘ইউরোপের সন্তান’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, দুই মহাদেশের একসঙ্গে থাকা উচিত। তবে আবেগপূর্ণ ভাষায় তিনি এক কঠোর শর্ত হাজির করে নতুন অংশীদারিত্বের প্রস্তাব দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৪ মিনিট আগে
কিছুদিন আগে আমার কর্মস্থলে এক সহকর্মী বললেন, ‘তোমার জেনে ভালো লাগবে যে আমি প্রবাসী ভোটটা দিয়ে দিয়েছি।’ ২০২৪ সালে ছাত্র নেতৃত্বাধীন গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলো। ওই আন্দোলনে শত শত শিক্ষার্থী নিহত হয়েছিল। সাম্প্রতিক আলাপ থেকে জানলাম, আমার
২৮ মিনিট আগে
মার্কিন আদালতে শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার পরিকল্পনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০২৩ সালে একজন ভাড়াটে খুনি (হিটম্যান) নিয়োগের মাধ্যমে তিনি এই হত্যাকাণ্ড ঘটানোর চেষ্টা করেছিলেন।
৪২ মিনিট আগে
কুখ্যাত যৌন অপরাধী ও দণ্ডিত মার্কিন ধনকুবের জেফ্রি এপস্টেইনের মৃত্যুর কারণ নতুন করে তদন্ত করা উচিত বলে মন্তব্য করেছেন তাঁর ময়নাতদন্তের সময় উপস্থিত থাকা চিকিৎসক ডা. মাইকেল ব্যাডেন। তিনি দাবি করেন, এপস্টেইনের মৃত্যু গলায় ফাঁস দিয়ে নয়, শ্বাসরোধের কারণে হয়েছে।
১ ঘণ্টা আগে