
ভেনেজুয়েলার ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরও কঠোর করার লক্ষ্যে ক্যারিবীয় সাগরে ‘ওলিনা’ নামের আরও একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন সামরিক বাহিনী। ইউএস সাউদার্ন কমান্ড জানিয়েছে, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই জাহাজটিকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, রুশ তেল পরিবহনের দায়ে জাহাজটির ওপর আগেই নিষেধাজ্ঞা দিয়েছিল ওয়াশিংটন।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে এটি যুক্তরাষ্ট্রের জব্দ করা তৃতীয় জাহাজ। এর আগে গত বুধবার উত্তর আটলান্টিক থেকে রাশিয়ার পতাকাবাহী ‘মেরিনেরা’ (বেলা-১) ও ক্যারিবীয় সাগর থেকে ‘এম সোফিয়া’ নামের দুটি জাহাজ জব্দ করা হয়। এর আগে গত ডিসেম্বরে ‘স্কিপার’ ও ‘সেঞ্চুরিস’ নামের আরও দুটি জাহাজ আটক করেছিল মার্কিন বাহিনী। সব মিলিয়ে এ কয়েক দিনের মধ্যে পাঁচটি বড় তেলবাহী জাহাজ এখন মার্কিন নিয়ন্ত্রণে।
উত্তর আটলান্টিক থেকে জব্দ করা ‘মেরিনেরা’ জাহাজের ক্রুদের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে মার্কিন বিচার বিভাগ। কোস্ট গার্ডের নির্দেশ অমান্য করার দায়ে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হতে পারে। অন্যদিকে রাশিয়া এ ঘটনাকে আন্তর্জাতিক সমুদ্র আইনের ‘চরম লঙ্ঘন’ হিসেবে অভিহিত করে ক্রুদের মুক্তি দাবি করেছে।
গত শনিবার কারাকাস থেকে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে মার্কিন কমান্ডোরা তুলে নিয়ে আসার পর ওয়াশিংটন স্পষ্ট করেছে, তারা ভেনেজুয়েলার তেলসম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ চায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খোলাখুলিই বলেছেন, এই সামরিক চাপ ও নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য হলো ভেনেজুয়েলার বিশাল তেলের রিজার্ভ মার্কিন কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত করে দেওয়া।
আজ শুক্রবার স্থানীয় সময় বিকেলে হোয়াইট হাউসে তেল ও গ্যাস খাতের নির্বাহীদের সঙ্গে তাঁর বৈঠকে বসার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ‘অবৈধ সশস্ত্র আগ্রাসন’ বলে অভিহিত করেছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, একতরফা অবরোধ কার্যকর করার জন্য কোনো দেশ এভাবে সশস্ত্র নৌ-অবরোধ চালাতে পারে না। বিশেষজ্ঞদের মতে, ভেনেজুয়েলার তেলশিল্পের ওপর অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণ নেওয়ার মার্কিন পরিকল্পনা সে দেশের নাগরিকদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের চরম লঙ্ঘন।
আজ সকালে এক বার্তায় ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্র বর্তমানে তেল এবং গ্যাস অবকাঠামো পুনর্নির্মাণের কাজ ‘একযোগে’ করছে। তিনি দাবি করেন, এই সহযোগিতার কারণে তিনি ভেনেজুয়েলায় পূর্বপরিকল্পিত ‘দ্বিতীয় দফার হামলা’ বাতিল করেছেন। তবে মার্কিন যুদ্ধজাহাজগুলো ওই অঞ্চলে মোতায়েন থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ওয়াশিংটন ইতিমধ্যে ভেনেজুয়েলাকে রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চূড়ান্ত আলটিমেটাম দিয়েছে। ধারণা করা হচ্ছে, ভেনেজুয়েলার তেল উত্তোলনে মার্কিন বিনিয়োগ ও প্রযুক্তি ব্যবহারের পথ পরিষ্কার করতেই ট্রাম্প প্রশাসন এই রণকৌশল নিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে, ইরানের বিরুদ্ধে তাঁর দেশ যে আগ্রাসন চালাচ্ছে, তাতে আরও মার্কিন সেনার মৃত্যু হওয়ার ‘আশঙ্কা’ আছে। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অভিযান সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে এই আশঙ্কা ব্যক্ত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম....
৩ মিনিট আগে
১৫ মাসেরও বেশি সময় ধরে, হিজবুল্লাহ একটি কার্যত একতরফা যুদ্ধবিরতি পালন করে আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনও প্রতিক্রিয়া দেখায়নি।
৩০ মিনিট আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। খামেনির মৃত্যুতে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তাঁরা। এদিকে গতকাল উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের ইরান সংকট নিয়ে...
১ ঘণ্টা আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর, গতকাল রোববার পুরো পাকিস্তানজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে ২০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।
১ ঘণ্টা আগে