Ajker Patrika

ডাবরের ‘১০০% খাঁটি’ ও ‘অর্গানিক’ পণ্য বিক্রিতে ভারতে নিষেধাজ্ঞা

আজকের পত্রিকা ডেস্ক­
ডাবরের ‘১০০% খাঁটি’ ও ‘অর্গানিক’ পণ্য বিক্রিতে ভারতে নিষেধাজ্ঞা
ডাবরের অনেক পণ্যই শতভাগ খাঁটি ও প্রাকৃতিক বলে দাবি করা হয়। ছবি: সংগৃহীত

পণ্যের মোড়কে ‘১০০ শতাংশ খাঁটি’, ‘১০০ শতাংশ প্রাকৃতিক’ বা ‘১০০ শতাংশ অর্গানিক’—এর মতো বিভ্রান্তিকর দাবি করার অভিযোগে ভারতীয় খাদ্যপণ্য প্রস্তুতকারক সংস্থা ডাবর ইন্ডিয়া লিমিটেডকে নির্দিষ্ট কিছু পণ্য বিক্রি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে ভারতের খাদ্য সুরক্ষা ও মান কর্তৃপক্ষ (এফএসএসএআই)।

তবে সংস্থাটি দাবি করেছে, তাদের পণ্যের লেবেলিং ও গুণমান প্রচলিত আইন ও নিয়ন্ত্রক কাঠামোর সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ এবং তারা এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে।

বিএসএ ও এনএসএ-তে (জমা দেওয়া এক নথিতে ডাবর ইন্ডিয়া জানিয়েছে, তাদের পণ্যের বিশুদ্ধতা ও মান নিয়ে কোনো আপস করা হয়নি এবং প্রতিষ্ঠানটি কখনোই গ্রাহকদের বিভ্রান্ত করার মতো কোনো দাবি করেনি।

ভারতের কেন্দ্রীয় খাদ্য নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই জানিয়েছে, ডাবরের কিছু পণ্যে ব্যবহৃত ‘১০০% প্রাকৃতিক’, ‘১০০% খাঁটি’, ‘১০০% অর্গানিকের নিশ্চয়তা’ কিংবা ‘১০০% ডাবের পানি’—এর মতো দাবিগুলো অস্পষ্ট, প্রমাণের অযোগ্য এবং এগুলো সাধারণ ভোক্তাদের বিভ্রান্ত করার আশঙ্কা তৈরি করে।

সংস্থাটির পর্যালোচনায় আরও কয়েকটি সুনির্দিষ্ট লঙ্ঘনের কথা উল্লেখ করা হয়েছে, ‘অর্গানিক ইন্ডিয়া’ লোগোর অননুমোদিত ব্যবহার: ‘ডাবর হিমালয়ান অর্গানিক অ্যাপল সাইডার ভিনেগার’ এবং ‘ডাবর অর্গানিক হানি’ পণ্যে উপযুক্ত অনুমোদন ছাড়াই ‘অর্গানিক ইন্ডিয়া’ লোগো প্রদর্শন করা হয়েছে, যা ২০১৭ সালের অর্গানিক ফুডস রেগুলেশনের লঙ্ঘন।

এ ছাড়া ‘ডাবর হোমমেড কোকোনাট মিল্ক’-এর গায়ে ‘১০০% পিউরিটি’ লেখা হয়েছে, যা কোনো কম্পাউন্ড বা মিশ্র খাদ্যপণ্যের ক্ষেত্রে ব্যবহারের নিয়ম নেই।

এসব কারণে এফএসএসএআই ডাবর ইন্ডিয়াকে চিহ্নিত পণ্যগুলোর বিক্রি অবিলম্বে বন্ধ করতে বলেছে এবং পরবর্তী ১৫ দিনের মধ্যে নেওয়া পদক্ষেপের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

এফএসএসএআই-এর এই কড়া পদক্ষেপের জবাবে ডাবর ইন্ডিয়া এক আনুষ্ঠানিক নথিতে বলেছে, ডাবর ইন্ডিয়া বিশ্বাস করে যে তাদের পণ্যের লেবেলের বিবরণ বর্তমান আইনি ও নিয়মতান্ত্রিক কাঠামোর সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ এবং এটি শিল্পখাতের দীর্ঘদিনের অনুশীলনের রূপ।

প্রতিষ্ঠানটি আরও জানায়, তারা সর্বদা সর্বোচ্চ মানের খাদ্য সুরক্ষা ও আইনি বাধ্যবাধকতা মেনে চলে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে তারা বর্তমানে আইন বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে।

ডাবর আরও স্পষ্ট করে বলেছে, নিয়ন্ত্রক সংস্থার এই নিষেধাজ্ঞার প্রভাব শুধু আপত্তি ওঠা সুনির্দিষ্ট খাদ্যপণ্যগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং কোম্পানির সামগ্রিক ব্যবসা বা আর্থিক স্থিতিশীলতায় এর বড় কোনো দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব পড়বে না।

খাদ্য নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ার পরপরই ভারতের পুঁজিবাজারে ডাবর ইন্ডিয়ার শেয়ারে নেতিবাচক প্রভাব দেখা যায়। দিনের লেনদেন শেষে ডাবর ইন্ডিয়ার প্রতিটি শেয়ারের দাম ৪ দশমিক ৩২ শতাংশ কমে দাঁড়ায় ৪০৭ দশমিক ৪০ রুপিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত