
চলতি সপ্তাহের শুরুর দিকে ওমানে ইয়েমেনের হুতি প্রতিনিধিদের সঙ্গে মার্কিন কর্মকর্তারা বৈঠক করেছেন। বিষয়টি সম্পর্কে অবগত পাঁচটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। এর কয়েক দিন আগে ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী লোহিত সাগরের উপকূলের একটি কৌশলগত অংশ দখল করে নেয়। ব্যাপক ওই অভিযানে সৌদি আরব-সমর্থিত বাহিনী পরাজিত হয়ে পিছু হটে।
বৈঠকের বিষয়টি প্রকাশ্যে জানানো হয়নি। তিনটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন—ওমানের রাজধানী মাসকাটে অবস্থিত মার্কিন দূতাবাসে বৈঠকটি অনুষ্ঠিত হয়। আরও দুটি সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে আঞ্চলিক মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখা ওমান সরকার বৈঠকটি আয়োজন করতে সহায়তা করেছে।
ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ২০২৫ সালের মার্চে হুতিদের ‘ফরেন টেররিস্ট অর্গানাইজেশন’ বা ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করে। এর ফলে গোষ্ঠীটিকে সমর্থন করা অপরাধ হিসেবে গণ্য হয়। তবে এরপরও ওয়াশিংটন হুতিদের সঙ্গে আলোচনা চালিয়ে গেছে। লোহিত সাগরে জাহাজ চলাচলের ওপর হুতিদের হামলা বন্ধ করতে দুই মাস ধরে তাদের ওপর বোমাবর্ষণের পর গত বছরের মে মাসে যুক্তরাষ্ট্র ও হুতিদের মধ্যে যুদ্ধবিরতি হয়।
গত শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হুতিরা তার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে যুক্তরাষ্ট্রকে ইয়েমেনের যুদ্ধ থেকে দূরে থাকার অনুরোধ করেছে। সোমবার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র হুতিদের সঙ্গে সরাসরি যোগাযোগে রয়েছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত জানাননি।
একটি সূত্র জানিয়েছে, বৈঠকটি রোববার অনুষ্ঠিত হয়। বৈঠকে হুতিরা মার্কিন কর্মকর্তাদের জানায়, তাদের মার্কিন জাহাজে হামলা করার কোনো পরিকল্পনা নেই এবং ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ। দুটি সূত্র এ তথ্য জানিয়েছে। এক ইয়েমেনি সূত্র বলেন, হুতি প্রতিনিধিরা আরও জানিয়েছে—তারা ইসরায়েলি জাহাজ বা কোনো বাণিজ্যিক জাহাজে হামলা করবে না। তবে সৌদি আরবের মালিকানাধীন জাহাজ এর ব্যতিক্রম হবে।
দুটি সূত্র জানিয়েছে, বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর মধ্যে একটি সূত্র জানায়, হুতি প্রতিনিধিদলে মাসকাটভিত্তিক এক জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আবদুলসালাম ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। আরেকটি সূত্রও আবদুলসালামের উপস্থিতি নিশ্চিত করেছে। তাঁর সঙ্গে আরেকজন জ্যেষ্ঠ হুতি কর্মকর্তা আবদেলমালিক আল-আজিরিও বৈঠকে ছিলেন বলে ওই সূত্র জানিয়েছে।
বৈঠকের বিষয়ে প্রশ্ন করা হলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, ‘এই নির্দিষ্ট বৈঠকের বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।’ তবে ওই মুখপাত্র বলেন, লোহিত সাগরে নৌ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং মধ্যপ্রাচ্য থেকে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়া ঠেকানো যুক্তরাষ্ট্রের মূল স্বার্থের মধ্যে রয়েছে।
যুক্তরাষ্ট্রে ওমানের দূতাবাস এবং হুতির জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুলসালামের কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও তারা কোনো সাড়া দেননি।
গত সপ্তাহে হুতিরা ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলে কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এর মধ্যে ঐতিহাসিক বন্দর শহর মোখা এবং বাব এল-মান্দেব প্রণালির পেরিম দ্বীপও রয়েছে। বাব এল-মান্দেবের অর্থ ‘অশ্রুর দরজা।’ এটি লোহিত সাগরের প্রবেশমুখে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী দখল করার পর থেকেই হুতিরা সৌদি আরবের নেতৃত্বাধীন একটি জোটের বিরুদ্ধে লড়াই করে আসছে। এক দশকেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধবিরতির কারণে অনেকটাই শান্ত ছিল।
তবে জুলাইয়ে আবার লড়াই শুরু হয়। ওই সময় লোহিত সাগরে সৌদি জাহাজ চলাচলের ওপর অবরোধ ঘোষণা করে হুতিরা। সৌদি আরব ইয়েমেনের বন্দরগুলোতে অবরোধ আরোপ করার প্রতিক্রিয়ায় তারা এই পদক্ষেপ নেয়। হুতিদের সাম্প্রতিক দ্রুত অগ্রগতির মধ্যে সৌদি আরবের কার্যত শাসক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গত সপ্তাহে ট্রাম্পকে ফোন করে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা চান। রয়টার্স জানিয়েছে, ওয়াশিংটন রিয়াদকে বলেছে, তারা এই সংঘাতে সরাসরি জড়াবে না।

ইসরায়েল ও মরক্কো কূটনৈতিক সম্পর্ক আরও উন্নত করার বিষয়ে একমত হয়েছে। এর অংশ হিসেবে দুই দেশই নিজেদের কূটনৈতিক মিশনকে দূতাবাসে উন্নীত করবে এবং উভয় দেশে রাষ্ট্রদূত নিয়োগ দেবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১৯ মিনিট আগে
ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) কর্মকর্তা এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) সদস্যদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তথা স্টেট ডিপার্টমেন্ট। এর ফলে টানা দ্বিতীয় বছরের মতো ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষ
১ ঘণ্টা আগে
কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব দেওয়া হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘বৈরিতা’ তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।
১ ঘণ্টা আগে
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মেরামতে ভারত এখন পর্যন্ত যথেষ্ট উদ্যোগ নিয়েছে। এখন বিষয়টি এগিয়ে নেওয়ার পালা বাংলাদেশের। একই সঙ্গে তিনি বলেছেন, ‘বাংলাদেশ চাইলে বলতে পারে, তারা ভারতের সঙ্গে সম্পর্ককে নিম্ন পর্যায়ে রাখতে চায়।
৩ ঘণ্টা আগে