
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল প্রতীক্ষিত ‘চুক্তি স্বাক্ষর’ অনুষ্ঠান বাতিল হওয়ার পরপরই লেবানন ফ্রন্টে বড় ধরনের কূটনৈতিক সাফল্য এসেছে। লেবাননে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার পর অবশেষে ইসরায়েল ও হিজবুল্লাহ একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
আজ শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে বিবিসির কাছে নিশ্চিত করেছেন একজন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা।
এদিকে আজকের এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগমুহূর্তে লেবাননে ব্যাপক বিমান ও রকেট হামলা চালায় ইসরায়েল। এসব হামলায় ১৮ জন নিহত হন এবং হিজবুল্লাহ যোদ্ধাদের হাতে চার ইসরায়েলি সেনা প্রাণ হারান।
মার্কিন ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে জানান, আজ দিনের শুরুতে দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি ও হামলার পর ইসরায়েল ও হিজবুল্লাহ এখন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতাকারীরা ইরানের সরাসরি সহায়তায় চুক্তিটি সম্পন্ন করতে পেরেছেন।
প্রকৃতপক্ষে, লেবানন ফ্রন্টে যুদ্ধ বন্ধ হওয়া ছিল বৃহত্তর যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির অন্যতম প্রধান পূর্বশর্ত। হিজবুল্লাহর একজন সিনিয়র আইনপ্রণেতা জানিয়েছেন, তেহরানের পক্ষ থেকে হিজবুল্লাহকে জানিয়ে দেওয়া হয়েছিল, লেবাননে একটি সামগ্রিক ও কার্যকর যুদ্ধবিরতি নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের শান্তি আলোচনা কোনোভাবেই এগিয়ে নেওয়া সম্ভব নয়।
যদিও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সরাসরি এই শান্তি আলোচনার বিষয়ে কোনো মন্তব্য করেননি, তবে তিনি লেবাননে ইসরায়েলি বর্বরোচিত হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে নিজেদের জাতীয় স্বার্থ ও মিত্রদের রক্ষা করতে তেহরান প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে।
তবে আপাতত এই যুদ্ধবিরতির ফলে লেবানন সীমান্তে কিছুটা স্বস্তি ফিরলেও যুক্তরাষ্ট্র ও ইরানের বাতিল হওয়া কারিগরি বৈঠকটি কবে নাগাদ পুনরায় শুরু হবে, তা এখনো স্পষ্ট নয়।
উল্লেখ্য, ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তিকে একটি স্থায়ী মধ্যপ্রাচ্য শান্তিচুক্তিতে রূপ দেওয়ার জন্য আজ সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে তীব্র লড়াই শুরু হয়ে যায়, যা বৈশ্বিক নৌ-বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আলোচনাকে অনিশ্চয়তার মুখে ফেলে। পরিস্থিতি জটিল আকার ধারণ করায় শেষ মুহূর্তে শুক্রবারের (আজ) দ্বিপক্ষীয় বৈঠকটি বাতিল করতে বাধ্য হয় দুই পক্ষ।

দিল্লিতে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠক শেষ করে আজ শুক্রবার সন্ধ্যায় তাঁর ফেরার কথা ছিল। কিন্তু তিনি পৌঁছানোর কিছুক্ষণ আগেই বিমানবন্দরে তৃণমূল ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে...
৩ ঘণ্টা আগে
ভারতের সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই বিশাল প্রকল্পের নির্মাণকাজ সাম্প্রতিক সময়ে ব্যাপক গতি পেয়েছে বলে ভারতীয় গোয়েন্দা সংস্থা ও স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে...
৬ ঘণ্টা আগে
২০১১ সালের ভয়াবহ ‘তোহুকু’ ভূমিকম্পের ঠিক ১৫ মিনিট পর একটি অত্যন্ত অস্বাভাবিক টেকটোনিক বা ভূত্বকীয় আলোড়ন ঘটেছিল। এর ফলে প্রায় সমগ্র জাপান পূর্ব দিকে পাঁচ মিলিমিটার (আধা সেন্টিমিটার) সরে যায়।
৬ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য বজায় রাখতে নতুন কৌশল নিয়েছে ইরান। মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে—পারস্য উপসাগরীয় এমন প্রতিবেশী দেশগুলোতে চোরাগোপ্তা হামলা চালাতে ইরাকের মাটিতে সম্পূর্ণ গোপন ও নতুন কয়েকটি সামরিক সেল গঠন করেছে ইরানের...
৮ ঘণ্টা আগে