Ajker Patrika

যুক্তরাষ্ট্রের ১৩ বিলিয়ন ডলারের রণতরিতে ৩০ ঘণ্টা ধরে আগুন

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১১: ৩২
যুক্তরাষ্ট্রের ১৩ বিলিয়ন ডলারের রণতরিতে ৩০ ঘণ্টা ধরে আগুন
মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে অন্তত ৩০ ঘণ্টা ধরে আগুন জ্বলেছে। আগুন নেভাতে নাবিকদের ৩০ ঘণ্টার বেশি সময় লেগেছে বলে নাবিক ও সামরিক কর্মকর্তারা জানিয়েছেন। ইরানে ট্রাম্পের সামরিক আগ্রাসনের মধ্যে জাহাজটি মাসের পর মাস ধরে টানা অপারেশন চালিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার জাহাজটির প্রধান লন্ড্রি এলাকায় আগুনের সূত্রপাত হয়। আগুন নেভার পর দেখা যায়, ৬০০ জনের বেশি নাবিক ও ক্রু সদস্য তাঁদের শয্যা হারিয়েছেন এবং তখন থেকে মেঝে ও টেবিলে ঘুমাতে বাধ্য হচ্ছেন বলে কর্মকর্তারা জানান।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড–সেন্টকম জানায়, দুজন নাবিক ‘প্রাণসংহারী নয় এমন’ আঘাতের চিকিৎসা নিয়েছেন। জাহাজে থাকা ব্যক্তিরা জানান, ডজনখানেক সেনাসদস্য ধোঁয়া শ্বাসের কারণে অসুস্থ হয়েছেন। প্রাণঘাতী না হলেও বেশ দুর্ভোগের বিষয় হলো, আগুনের পর থেকে অনেক নাবিক কাপড় ধোয়ার সুবিধাও পাচ্ছেন না।

প্রায় ৪ হাজার ৫০০ নাবিক ও যুদ্ধবিমান চালকসহ জাহাজটি গত বছরের ২৪ অক্টোবর থেকে ভূমধ্যসাগরে অবস্থান করছিল। সে সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এটিকে ক্যারিবীয় সাগরের দিকে যেতে নির্দেশ দেন। উদ্দেশ্য ছিল ভেনেজুয়েলার নেতা নিকোলা মাদুরোর ওপর চাপ বাড়ানো। ক্যারিবীয় অঞ্চল থেকে জাহাজটি পরে দ্রুত মধ্যপ্রাচ্যে যায়, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলছে এবং এখন সেটি তৃতীয় সপ্তাহে পৌঁছেছে।

সাধারণ অবস্থাতেও বিমানবাহী রণতরিতে থাকা নাবিকদের সঙ্গে যোগাযোগ করা কঠিন। যুদ্ধকালীন সময়ে সংশ্লিষ্ট জাহাজ ও ঘাঁটিগুলো ‘ডার্ক’ মোডে চলে যায়। ফলে বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ সীমিত থাকে। এই প্রতিবেদনের জন্য কথা বলা কর্মকর্তা ও নাবিকেরা প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন।

ফোর্ড টানা ১০ মাস ধরে মোতায়েনরত অবস্থায় রয়েছে। এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত যদি এটি সমুদ্রে থাকে, তবে ভিয়েতনাম যুদ্ধের পর সবচেয়ে দীর্ঘ বিমানবাহী রণতরি মোতায়েনের রেকর্ড ভেঙে ফেলবে। বর্তমান রেকর্ড ২৯৪ দিন, যা ২০২০ সালে ইউএসএস আব্রাহাম লিংকন গড়েছিল। ক্রুদের জানানো হয়েছে, তাঁদের মোতায়েন সম্ভবত মে মাস পর্যন্ত বাড়ানো হবে। সে ক্ষেত্রে তারা পুরো এক বছর সমুদ্রে থাকবে, যা একটি স্বাভাবিক বিমানবাহী রণতরি মোতায়েনের সময়ের দ্বিগুণ।

ইরাক ও আফগানিস্তান যুদ্ধের সময় মার্কিন নৌবাহিনী কখনো কখনো ৯ মাস পর্যন্ত বিমানবাহী রণতরি মোতায়েন রেখেছিল, তবে সাধারণত ছয় মাসের বেশি বাড়ানো হয় না। নৌ বিশেষজ্ঞদের মতে, এর চেয়ে দীর্ঘ সময় জাহাজ ও ক্রু উভয়ের জন্যই অত্যন্ত কঠিন।

বাইডেন প্রশাসনে পেন্টাগনের মুখপাত্র ও জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করা অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল জন কারবি বলেন, ‘জাহাজও ক্লান্ত হয়ে পড়ে এবং দীর্ঘ মোতায়েনের সময় প্রচণ্ড ক্ষয়ক্ষতির মুখে পড়ে। এত দীর্ঘ ও কঠোরভাবে চালিয়ে গেলে জাহাজ ও তার ক্রুর কাছ থেকে সর্বোচ্চ সক্ষমতা আশা করা যায় না।’

নৌবাহিনীর কর্মকর্তারা জানান, ফোর্ডে দিনরাত ২৪ ঘণ্টা বিমান উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম চলছে। দুই কর্মকর্তার মতে, লন্ড্রি বিভাগের একটি ড্রায়ারের ভেন্ট থেকে আগুন শুরু হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। নাবিকেরা ৩০ ঘণ্টার বেশি সময় ধরে আগুনের বিরুদ্ধে লড়াই করেন।

নৌবাহিনী মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। তবে সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আগুনে জাহাজের প্রপালশন বা চালিকাশক্তি ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি এবং বিমানবাহী রণতরিটি সম্পূর্ণ কার্যক্ষম রয়েছে। এই আগুন ফোর্ডে ঘটে যাওয়া একাধিক রক্ষণাবেক্ষণ সমস্যার সর্বশেষ উদাহরণ। জাহাজটিতে থাকা ৬৫০টি টয়লেট নিয়েও দীর্ঘদিন ধরে সমস্যা রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এনপিআর জানায়, ছোট আকারের ও দুর্বল নকশার কারণে টয়লেট ব্যবস্থা প্রায়ই বিকল হয়ে যায়। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল রণতরি। এটি নির্মাণে দেশটিকে প্রায় ১৩ দশমিক ৩ বিলিয়ন ডলার খরচ করতে হয়েছে।

চলতি বছরের শুরুতে ভার্জিনিয়ার নিউপোর্ট নিউজ নেভাল শিপইয়ার্ডে যে বড় ধরনের মেরামত ও সংস্কারকাজ হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে বলে সামরিক কর্মকর্তারা জানান। এক সামরিক কর্মকর্তা বলেন, পেন্টাগন জানে যে জাহাজটি তার সহনক্ষমতার সীমায় পৌঁছে যাচ্ছে। এই অবস্থায় আরেক বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ মধ্যপ্রাচ্যে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে এবং সম্ভবত সেটিই ফোর্ডকে প্রতিস্থাপন করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আটক ৩ ট্যাংকার ফেরত দিলে ভারতকে হরমুজে যাতায়াতের সুযোগ দেবে ইরান

কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু কি তবে মারা গেছেন

সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান

১৯ বছর পর চাকরি ফিরে পেলেন পুলিশের ৩৩০ এসআই ও সার্জেন্ট

ট্রাম্পকে এড়িয়ে আলোচনার পথ খুঁজছে ইইউ, ইরান-লেবাননের জন্য মানবিক সহায়তা ঘোষণা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত