Ajker Patrika

জনসংখ্যা হ্রাসে নতুন রেকর্ড জাপানে—উদ্বেগ বাড়াচ্ছে বার্ধক্য

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ৩০ মে ২০২৬, ১৯: ৪৮
জনসংখ্যা হ্রাসে নতুন রেকর্ড জাপানে—উদ্বেগ বাড়াচ্ছে বার্ধক্য
ছবি: এএফপি

জাপানের জনসংখ্যা গত পাঁচ বছরে রেকর্ড ২ দশমিক ৫ শতাংশ কমেছে। গতকাল শুক্রবার (২৯ মে) প্রকাশিত দেশটির সর্বশেষ জাতীয় আদমশুমারির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটির জনসংখ্যা নেমে এসেছে ১২ কোটি ৩০ লাখে, যা ২০২০ সালের তুলনায় ৩০ লাখের বেশি কম। ১৯২০ সালে আদমশুমারি শুরু হওয়ার পর এটিই সবচেয়ে বড় জনসংখ্যা হ্রাস।

এ নিয়ে টানা তৃতীয়বারের মতো আদমশুমারিতে জনসংখ্যা কমার চিত্র দেখা গেল। সরকার বলছে, দ্রুত বয়স্ক হয়ে ওঠা জনসংখ্যা এবং জন্মের তুলনায় মৃত্যুর সংখ্যা বেশি হওয়াই এই পরিস্থিতির প্রধান কারণ।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় সর্বাধিক বয়স্ক জনসংখ্যার দেশ জাপান; এ তালিকায় তাদের ওপরে রয়েছে কেবল মোনাকো। একই সঙ্গে জাপানে জন্মহারও বিশ্বের অন্যতম নিম্নপর্যায়ে রয়েছে। চলতি বছরের তথ্য বলছে, জাপানে শিশুদের সংখ্যা মোট জনসংখ্যার মাত্র ১০ দশমিক ৮ শতাংশ, যা রেকর্ড রাখা শুরু হওয়ার পর সর্বনিম্ন।

জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা বলেছেন, জনসংখ্যা হ্রাসের প্রবণতা আরও ত্বরান্বিত হচ্ছে। এই সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন পদক্ষেপ সমন্বিতভাবে এগিয়ে নেবে। তিনি রাজধানী টোকিওতে জনসংখ্যা ও ব্যবসার অতিরিক্ত কেন্দ্রীভবন কমিয়ে আঞ্চলিক এলাকাগুলোতে মানুষের বসবাস ও কর্মসংস্থান বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।

সর্বশেষ আদমশুমারি অনুযায়ী, টোকিও ও ওকিনাওয়া ছাড়া দেশের অন্য ৪৫টি প্রিফেকচারে জনসংখ্যা কমেছে। টোকিওতে জনসংখ্যা বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ এবং ওকিনাওয়ায় বেড়েছে ০ দশমিক ১ শতাংশ।

এদিকে জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা বেড়ে প্রায় ৩২ লাখ ১০ হাজারে পৌঁছেছে, যা ২০২০ সালের ২৭ লাখ ৫০ হাজারের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। অভিবাসনকে জনসংখ্যা সংকটের সম্ভাব্য সমাধান হিসেবে দেখা হলেও বিদেশিদের প্রবেশে কঠোর অবস্থানের পক্ষে দেশটির বর্তমান রাজনৈতিক নেতৃত্ব।

জাপানের সরকার ২০৩০ সালের মধ্যে জনসংখ্যা হ্রাসের প্রবণতা বদলে দিতে চায়। তবে এই লক্ষ্যে দেশটিতে সন্তান লালন-পালনকারী পরিবারকে আর্থিক সহায়তা বাড়ানোর মতো উদ্যোগগুলো এখনো প্রত্যাশিত ফল দিতে পারেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত