
আটলান্টিক মহাসাগরে ২৭ দিন ধরে ভাসতে থাকা একটি নৌযান থেকে ৪৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নৌযানটিতে থাকা ৮০ জনের বেশি অভিবাসী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার হওয়া নৌযানটিতে ইতিমধ্যে পাঁচটি মরদেহও পাওয়া গেছে। মৃত অনেকের মরদেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিবিসি জানিয়েছে, গতকাল বুধবার স্পেনের সামুদ্রিক উদ্ধারকারী দল গ্রান ক্যানারিয়া দ্বীপের উপকূলীয় শহর আরগুইনেগুইনের প্রায় ৬৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে নৌযানটির সন্ধান পায়। নৌযানটিতে জীবিত থাকা ৪৪ জনই সাব-সাহারান আফ্রিকার পুরুষ বলে জানিয়েছে স্প্যানিশ মেরিটাইম রেসকিউ কর্তৃপক্ষ।
মানবাধিকারকর্মী ও স্প্যানিশ দাতব্য সংস্থা ‘কামিনান্দো ফ্রন্তেরাস’-এর প্রতিষ্ঠাতা হেলেনা মালেনো গারসন জানিয়েছেন, এই যাত্রায় অন্তত ৮৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
নৌযানটি পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া থেকে আগস্টের শুরুর দিকে যাত্রা করেছিল বলে ধারণা করা হচ্ছে। যাত্রার সময় এতে ১২৭ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। তবে নৌযানটি উদ্ধারের সময় ঠিক কতজন যাত্রী ছিলেন, তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
উদ্ধারকারী দল জানিয়েছে, নৌযানটিতে পাওয়া পাঁচটি মরদেহ তীরে নিয়ে আসা সম্ভব হয়নি। কারণ এ সময় সাগর ছিল অত্যন্ত উত্তাল। ঘণ্টায় প্রায় ২০ নটিক্যাল মাইল বেগে বাতাস এবং প্রায় আড়াই মিটার উচ্চতার ঢেউয়ের কারণে মরদেহগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদের সমুদ্রপথে গ্রান ক্যানারিয়ায় নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার ভোরে তারা সেখানে পৌঁছান।
ক্যানারি দ্বীপপুঞ্জ সরকারের প্রধান ফার্নান্দো ক্লাভিহো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, মানুষের জীবনহানি অব্যাহত থাকা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আটলান্টিক মহাসাগরকে ‘মৃত্যুফাঁদ’ হিসেবে মেনে নেওয়ার মতো পরিস্থিতির সঙ্গে ক্যানারি দ্বীপপুঞ্জ অভ্যস্ত হয়ে যেতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার আটলান্টিক রুটটি বিশ্বের অন্যতম প্রাণঘাতী অভিবাসনপথ হিসেবে পরিচিত। প্রতিবছর হাজার হাজার অভিবাসী স্পেনের ভূখণ্ডে পৌঁছানোর আশায় এই বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দেওয়ার চেষ্টা করেন। দীর্ঘ দূরত্ব, প্রবল স্রোত এবং বৈরী আবহাওয়ার কারণে এ পথে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।

পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবের আইনসভা এমন একটি আইন পাস করেছে, যার আওতায় সন্ত্রাসবাদ-সংক্রান্ত মামলার বিচার প্রায় সম্পূর্ণ গোপনে করা যাবে। বিচারক, সরকারি কৌঁসুলি, পুলিশ কর্মকর্তা, সাক্ষী এমনকি আসামিপক্ষের আইনজীবীর পরিচয়ও গোপন রাখার সুযোগ থাকছে নতুন আইনে।
১ ঘণ্টা আগে
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীদের সঙ্গে এক বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, ইসরায়েলে হামলা চালালে ইরানের জাতীয় সামরিক ও বেসামরিক অবকাঠামোর পাশাপাশি জ্বালানি অবকাঠামোতেও হামলা চালানো হবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নারী অধিকার আন্দোলনের অন্যতম প্রধান মুখ, সাংবাদিক ও নারীবাদী কর্মী গ্লোরিয়া স্টেইনেম মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর ফাউন্ডেশন জানিয়েছে, নিউইয়র্ক সিটির নিজ বাড়িতে স্বজন ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
নেপাল ও তিব্বতে হিমবাহ ধসে সৃষ্ট বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৭৩ জনে। আজ বৃহস্পতিবার নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ২৫২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ৪ হাজার ২১৬ জনেরও বেশি।
৪ ঘণ্টা আগে