সূর্যের আলো আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়। কিন্তু দীর্ঘ সময় সরাসরি সূর্যের অতিবেগুনি রশ্মির সংস্পর্শে থাকা চোখের জন্য ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে দুপুরের তীব্র রোদে পর্যাপ্ত সুরক্ষা ছাড়া বাইরে কাজ করা বা চলাফেরা করলে চোখের বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে। সূর্যের অতিবেগুনি রশ্মি এ ও বি চোখের বিভিন্ন অংশের ক্ষতি করতে পারে। দীর্ঘ মেয়াদে দৃষ্টিশক্তির ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
দীর্ঘক্ষণ রোদে থাকার ফলে চোখের যেসব সমস্যা দেখা দিতে পারে, সেগুলো হলো—
ফটোকেরাটাইটিস
এটি চোখের কর্নিয়ার একধরনের সানবার্ন বা সূর্যরশ্মিজনিত প্রদাহ। অতিরিক্ত অতিবেগুনি রশ্মির সংস্পর্শে এই সমস্যা দেখা দিতে পারে। সাধারণত তীব্র রোদ, সমুদ্রসৈকত, বরফাচ্ছাদিত জায়গা কিংবা অতিবেগুনি রশ্মির প্রতিফলনের কারণে এটি হতে পারে। এর লক্ষণগুলো হলো—
- চোখে তীব্র ব্যথা ও জ্বালাপোড়া হওয়া
- চোখ লাল হয়ে যাওয়া
- অতিরিক্ত পানি পড়া
- আলো সহ্য করতে না পারা
- চোখে বালু বা কিছু আটকে থাকার অনুভূতি
ছানি
দীর্ঘদিন অতিবেগুনি রশ্মির সংস্পর্শে থাকলে চোখের লেন্সে ছানি পড়ার ঝুঁকি বাড়তে পারে। এতে চোখের স্বাভাবিক স্বচ্ছতা নষ্ট হয়ে দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমে যায়। এর লক্ষণগুলো হলো—
- ঝাপসা দেখা
- আলোতে অস্বস্তি অনুভব করা
- রাতে দেখতে সমস্যা হওয়া
- রঙের উজ্জ্বলতা কমে যাওয়া
টেরিজিয়াম
এটি চোখের কনজাংটিভা থেকে কর্নিয়ার দিকে মাংসল টিস্যু বেড়ে যাওয়ার একটি সমস্যা। দীর্ঘদিন সূর্যের অতিবেগুনি রশ্মি, ধুলাবালু ও বাতাসের সংস্পর্শে থাকলে এর ঝুঁকি বাড়ে। লক্ষণগুলো হলো—
- চোখের সাদা অংশে মাংস বৃদ্ধি দেখা যায়
- চোখ লাল হওয়া ও অস্বস্তি হওয়া
- চোখে শুষ্কতা ও জ্বালাপোড়া
কর্নিয়ার ওপর বেশি ছড়িয়ে পড়লে দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে
পিঙ্গুয়েকুলা
চোখের সাদা অংশে, বিশেষ করে কর্নিয়ার পাশে হলুদাভ ছোট উঁচু দাগ বা টিস্যু তৈরি হওয়াকে পিঙ্গুয়েকুলা বলে। অতিবেগুনি রশ্মি, ধুলাবালু ও শুষ্ক পরিবেশ এর অন্যতম ঝুঁকির কারণ। এর লক্ষণগুলো হলো—
- চোখে হলুদাভ দাগ দেখা যায়
- চোখ লাল ও শুষ্ক হতে পারে
- চোখে কিছু আটকে থাকার অনুভূতি হতে পারে
রেটিনার ক্ষতি
সূর্যের দিকে সরাসরি তাকালে তীব্র আলোর কারণে রেটিনার ক্ষতি হতে পারে। একে সোলার রেটিনোপ্যাথি বলা হয়। বিশেষ করে সূর্যগ্রহণ দেখার সময় যথাযথ সুরক্ষা ব্যবহার না করলে এ ঝুঁকি তৈরি হয়। এর লক্ষণগুলো হলো—
- দৃষ্টির কেন্দ্রে কালো বা ঝাপসা দাগ দেখা
- সরল রেখা বাঁকা দেখা
কেন্দ্রীয় দৃষ্টিশক্তি কমে যাওয়া
চোখের চারপাশের ত্বকের ক্ষতি
চোখের চারপাশের ত্বক অত্যন্ত সংবেদনশীল। দীর্ঘ সময় রোদে থাকলে এই অংশে সানবার্ন, ত্বকের অকালবার্ধক্য এবং দীর্ঘ মেয়াদে ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে।
প্রতিরোধে করণীয়
- বাইরে বের হওয়ার সময় শতভাগ অতিবেগুনি রশ্মি এ ও বি সুরক্ষাযুক্ত সানগ্লাস ব্যবহার করুন।
- বড় আকৃতির সানগ্লাস এবং চওড়া কিনারাযুক্ত টুপি ব্যবহার করুন।
- সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে সূর্যের অতিবেগুনি রশ্মি সাধারণত বেশি তীব্র থাকে। সম্ভব হলে এ সময়ে দীর্ঘক্ষণ সরাসরি রোদে থাকা এড়িয়ে চলুন।
- বাইরে কাজ করার সময় ছাতা ব্যবহার করুন এবং ছায়াযুক্ত জায়গায় বিরতি নিন।
- সূর্যের দিকে সরাসরি তাকাবেন না।
- চোখে দীর্ঘস্থায়ী ব্যথা, লাল ভাব, ঝাপসা দেখা বা দৃষ্টিশক্তির পরিবর্তন হলে দ্রুত চক্ষুবিশেষজ্ঞের পরামর্শ নিন।
লেখক ডা. মো. আরমান হোসেন রনি: কনসালট্যান্ট (চক্ষু), দীন মোহাম্মদ আই হসপিটাল, সোবহানবাগ, ঢাকা










