Ajker Patrika

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, সেপ্টেম্বর মাসেই ১১২ প্রাণহানি

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৫৫
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, সেপ্টেম্বর মাসেই ১১২ প্রাণহানি
ফাইল ছবি

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে। এতে করে চলতি সেপ্টেম্বর মাসেই কেবল ডেঙ্গুতে প্রাণ হারালেন ১১২ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট ২০৯ জনের মৃত্যু হলো। মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩, জুলাইয়ে ৩৬ ও আগস্টে ৪৩ জন মারা যায়। তবে সেপ্টেম্বরের শুরু থেকে পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। চলতি সেপ্টেম্বরের ২৪ দিনেই ডেঙ্গুতে ১১২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ১ হাজার ৭৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকার উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৫১ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৯৪ জন নতুন রোগী ভর্তি হয়েছে। ঢাকা সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলোতে ভর্তি হয়েছে ৩৭১ জন।

ঢাকার বাইরে অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ২৮৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগে ২৮৬, বরিশাল বিভাগে ১৬৪, রাজশাহী বিভাগে ১৩০, ময়মনসিংহ বিভাগে ১০৮, রংপুর বিভাগে ৭৩ ও সিলেট বিভাগে ১৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৬৯ হাজার ১৪৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৬৩ হাজার ৮৭৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, মোট আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৫ শতাংশ নারী। অন্যদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের পরিসংখ্যান বিপরীত—মৃতদের মধ্যে নারী ৫২ দশমিক ৯ শতাংশ এবং পুরুষ ৪৭ দশমিক ১ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত