গর্ভাবস্থায় শিশুর সুস্থতা নির্ভর করে মায়ের সুস্থতার ওপর। মায়ের অসুস্থতা গর্ভস্থ শিশুর বুদ্ধি ও শারীরিক বিকাশ বাধাগ্রস্ত করতে পারে। ফলে জন্ম নিতে পারে শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশু। মারাত্মক ক্ষেত্রে শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে।
কিছু কিছু রোগ আছে, যার জীবাণু গর্ভাবস্থায় গর্ভফুল বা প্লাসেন্টারের মাধ্যমে মায়ের থেকে শিশুর শরীরে প্রবেশ করে। এগুলোর মধ্যে আছে হেপাটাইটিস বি ও সি, রুবেলা, টক্সোপ্লাজমা, এইচআইভি, সিফিলিস, হারপিস সিমপ্লেক্স, গ্রুপ বি-স্ট্রেপটোকক্কাস, সাইটোমেগালো ভাইরাস, জিকা ভাইরাস, লিস্টেরিয়া, ভ্যারিসেলা, করোনাভাইরাস ইত্যাদি।
গর্ভস্থ শিশুর নিরাপত্তার জন্য মায়ের টিকা নেওয়া আবশ্যক। যেমন টিটি টিকা, হেপাটাইটিস বি, এমআর, টিড্যাপ, করোনা, ফ্লু, নিউমোকক্কাল টিকা ইত্যাদি।
টিটি টিকা
নবজাতককে টিটেনাস বা ধনুষ্টঙ্কার থেকে সুরক্ষায় গর্ভবতীকে টিটি টিকা নিতে হবে। যদি ১৫ বছর বয়সে মেয়েদের টিটি টিকার পাঁচটি ডোজ দেওয়া হয়, তাহলে গর্ভাবস্থায় আর এই টিকা নিতে হবে না। টিকা না নিলে গর্ভাবস্থায় পাঁচ মাসের পর এক মাসের ব্যবধানে (৬ ও ৭ মাসে) পরপর দুটি টিটি টিকা নিতে হবে। শেষ ডোজটি অবশ্যই সন্তান প্রসবের অন্তত এক মাস আগে নিতে হবে। গর্ভধারণের আগে দুই ডোজ টিকা নিলে গর্ভকালীন পাঁচ মাসের পর তৃতীয় ডোজ এবং সন্তান প্রসবের পর চতুর্থ ও পঞ্চম ডোজ নিতে হবে। গর্ভধারণের আগে তিন ডোজ টিকা নিলে এবং গর্ভকালীন এক বছর অতিক্রান্ত না হলে সন্তান প্রসবের পর চতুর্থ ও পঞ্চম ডোজ টিকা নিতে হবে।
এমআর টিকা
গর্ভের প্রথম তিন মাসের মধ্যে গর্ভবতী হাম ও রুবেলা ভাইরাসে আক্রান্ত হলে গর্ভপাত, নবজাতকের মৃত্যু কিংবা জন্মগত জটিলতা নিয়ে জন্ম হতে পারে শিশুর। আক্রান্ত শিশুর হার্টে ছিদ্র, চোখে ছানি বা অন্ধত্ব এবং মস্তিষ্কের নানা সমস্যা দেখা দিতে পারে। যেসব মেয়ে শৈশবে বা ১৫ বছর বয়সে এমআর (হাম-রুবেলা) টিকা নেয়নি, রুবেলা প্রতিরোধে পরবর্তী সময়ে তাদের দুই ডোজ টিকা নিতে হবে। তবে গর্ভধারণের কমপক্ষে এক মাস আগে নিতে হবে এমআর টিকা।
হেপাটাইটিস বি টিকা
গর্ভধারণের আগেই মায়েদের তিন ডোজ হেপাটাইটিস বি টিকা নেওয়া জরুরি। তবে গর্ভাবস্থায় মা আক্রান্ত হলে বা আগে থেকে মায়ের শরীরে এইচবিএস পজিটিভ থাকলে, নবজাতককে জন্মের ১২ ঘণ্টার মধ্যে এক ডোজ হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিন এবং এক ডোজ ইমিউনোগ্লোবিউলিন আলাদাভাবে দিতে হবে।
করোনার টিকা
গর্ভাবস্থার ১৪ সপ্তাহে এবং যেসব মা সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন, তাঁরা করোনার টিকা নিতে পারবেন।
টিড্যাপ টিকা
টিটেনাস, ডিপথেরিয়া, পারটুসিস বা হুপিং কাশিকে একসঙ্গে টিড্যাপ বলে। এর টিকা গর্ভাবস্থার ২৭ থেকে ৩৬ সপ্তাহের মধ্যে নিতে হবে। এই টিকা গর্ভাবস্থায় যেকোনো সময় নেওয়া নিরাপদ।
নিউমোকক্কাল টিকা
অন্তঃসত্ত্বার দীর্ঘমেয়াদি কোনো রোগ, যেমন ডায়াবেটিস অথবা কিডনি রোগ থাকলে বা রোগীর সংস্পর্শে এলে নিউমোকক্কাল টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এই টিকা নিউমোনিয়া থেকে মা ও নবজাতককে সুরক্ষা দেয়। তবে এই টিকা ১৪ সপ্তাহের পর নেওয়াই উত্তম।
ফ্লু ভ্যাকসিন
গর্ভাবস্থায় এই টিকা নিলে মা এবং শিশু জন্মের পরে ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা-সংক্রান্ত জটিলতা থেকে বেশ কয়েক মাস পর্যন্ত রক্ষা পায়।
গর্ভাবস্থায় যেসব টিকা নেওয়া যাবে না
হাম, রুবেলা, মাম্পস, চিকেন পক্স, বিসিজি, টাইফয়েড, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এবং ইয়েলো ফিভারের টিকা গর্ভাবস্থায় নেওয়া যাবে না।গর্ভকালীন মা ও শিশু যেন বিপন্মুক্ত থাকে, সে জন্য প্রত্যেক নারীকে ১৫ বছর বয়সে হাম ও রুবেলা টিকার পাশাপাশি টিটি টিকার প্রথম ডোজ, ৪ সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ, ৬ মাস পর তৃতীয় ডোজ, ১ বছর পর চতুর্থ ডোজ এবং চতুর্থ ডোজের ১ বছর পর পঞ্চম ডোজ নেওয়া উচিত। এ ছাড়া গর্ভাবস্থায় ভ্রমণের সময় র্যাবিস ও ম্যানিনজাইটিস—এ দুটি গুরুত্বপূর্ণ টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। মনে রাখতে হবে, সময়মতো সব টিকা নেওয়ার মাধ্যমে মা, শিশু ও পরিবারের সুরক্ষা সম্ভব।
পরামর্শ দিয়েছেন: ডা. ফরিদা ইয়াসমিন সুমি,সহকারী অধ্যাপক (গাইনি) চট্টগ্রাম মেডিকেল কলেজ

দেশে এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৪৪ জনের মৃত্যু হলো। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৭৪৮ জন মারা গেছে আর হামে মারা গেছে ৯৬ জন।
৪ ঘণ্টা আগে
গবেষকদের মতে, সাম্প্রতিক বড় প্রাদুর্ভাবের পর ভাইরাসে এমন কোনো জিনগত পরিবর্তন ঘটেছে কি না, যা প্রচলিত টিকার কার্যকারিতা কমিয়ে দিতে পারে—এমন প্রশ্ন উঠেছিল। তবে এখন পর্যন্ত পাওয়া তথ্য সেই আশঙ্কাকে সমর্থন করে না। বর্তমানে ছড়িয়ে পড়া ভাইরাসটি বি৩ জিনোটাইপের, যা বিশ্বের বিভিন্ন দেশেও শনাক্ত হয়েছে বলে
৫ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়াল। এ ছাড়া গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৪২৩ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
সন্তান জন্মদানের পর মানসিক চাপ ও ট্রমা, পরিবার সম্পূর্ণ হওয়া কিংবা ভবিষ্যতে সন্তান না নেওয়ার নিজস্ব ইচ্ছার কারণে স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে ‘ভ্যাসেকটমি’ বা পুরুষদের স্থায়ী অস্ত্রোপচারের দিকে ঝুঁকছেন অনেকে।
১২ ঘণ্টা আগে