
আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন শেখ মহিউদ্দিন। আজ মঙ্গলবার আদ্-দ্বীন ফাউন্ডেশনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক জামালুন্নেসাকে ফাউন্ডেশনের নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, জামালুন্নেসা ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ২৫ বছরের বেশি সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার পর সম্প্রতি তিনি অবসরে যান।
আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া শিশুমৃত্যুর অনাকাঙ্ক্ষিত ঘটনায় দেশের মানুষের মতো আমরাও গভীরভাবে শোকাহত। প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তদারকি ব্যবস্থা জোরদার ও প্রটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের দিকনির্দেশনা অনুযায়ী অবকাঠামো ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
বিবৃতিতে আরও বলা হয়, আলো-বাতাস চলাচল ও অক্সিজেনের উপস্থিতি নিশ্চিত করতে তিনজন স্বাধীন পরামর্শকের তত্ত্বাবধানে প্রয়োজনীয় সংস্কারকাজ চলছে। করপোরেট অফিসের ওপরের বেকারিটিও বন্ধ করে দেওয়া হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে আদ্-দ্বীন ফাউন্ডেশন ১৯৮০ সাল থেকে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা, চিকিৎসাশিক্ষা, সাধারণ শিক্ষা, প্রশিক্ষণ এবং আয়বর্ধনমূলক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। বর্তমানে ফাউন্ডেশনের অধীনে ৯টি হাসপাতাল, পাঁচটি মেডিকেল কলেজ, একটি নার্সিং কলেজ, চারটি নার্সিং ইনস্টিটিউট, একটি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, একটি কলেজিয়েট স্কুল এবং বিভিন্ন ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ফাউন্ডেশনের দাবি, শুধু মগবাজারের আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালেই গত ২৯ বছরে ১ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার ২৯১ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ মে কোরবানির ঈদের আগের দিন সকালে হাসপাতালটির পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয় নবজাতকের মৃত্যু দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘ সময় শীতাতপনিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা বন্ধ থাকা, বিকল্প ভেন্টিলেশনের অভাব ও কক্ষে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়াই শিশুদের মৃত্যুর সম্ভাব্য কারণ। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সেই নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় গত বৃহস্পতিবার (১১ জুন) হাসপাতালটির লাইসেন্স বাতিল করে সরকার এবং রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেয়।
এ ঘটনার মধ্যে গত শনিবার (১৩ জুন) নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল অভিযোগ করেন, লাইসেন্স রক্ষার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ‘কোটি কোটি টাকা নিয়ে’ তাঁর পেছনে ঘুরেছে। এর জবাবে গতকাল সোমবার আদ্-দ্বীন হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ মহিউদ্দিন বলেন, তিনি টাকা নিয়ে কারও পেছনে ঘোরেননি। স্বাস্থ্যমন্ত্রী এ ধরনের দাবি করে থাকলে তাঁরই সেই অভিযোগের প্রমাণ দিতে হবে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়াল। এ ছাড়া গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৭৩০ জন।
১ ঘণ্টা আগে
হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০২। এর মধ্যে হামের উপসর্গে ৮০৩ এবং হাম শনাক্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
শ্যাম্পুর পর মেঝেতে চুল পড়ে থাকতে দেখলে বেশির ভাগ মানুষই শ্যাম্পু বদলানোর কথা ভাবেন। হ্যাঁ, এটাই প্রথম যৌক্তিক পদক্ষেপ বলে মনে হয়। কিন্তু কখনো কখনো চুল পড়া শুধু চুলের গোড়া কিংবা শ্যাম্পুর সঙ্গে সম্পর্কযুক্ত থাকে না।
৭ ঘণ্টা আগে
দিনভর বিভিন্ন কাজ আর মানসিক চাপে থাকার পরেও রাতে অনেকের চোখে ঘুম আসে না। কেউ ঘুমানোর আগে দীর্ঘ সময় মোবাইল ফোন ব্যবহার করেন, কারও আবার ঘুমের সময়ের ঠিক নেই, কেউ পর্যাপ্ত সময় বিছানায় থাকার পরও সকালে উঠে ক্লান্তি অনুভব করেন।
৮ ঘণ্টা আগে