হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, শনাক্ত ৯৮৮

দেশে হামের উপসর্গে মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন ঢাকায় ও দুজন সিলেটে চিকিৎসাধীন ছিল। এ সময়ে নতুন করে ৯৮৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। তবে এ দিন নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ২ লাখ ৩৭ হাজার ৭০২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৩৫৫ জনের শরীরে। আর ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৬১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৭৫ জন। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫২৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২০৬ জন, চট্টগ্রাম বিভাগে ১১৪ জন, রাজশাহী বিভাগে ৯৩ জন, ময়মনসিংহ বিভাগে ৮৯ জন, বরিশাল বিভাগে ৭০ জন, খুলনা বিভাগে ৫৭ জন এবং রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।










