ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬২

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪১৮-এ। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৩৬৭।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এ সময়ে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি ৪৩৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ২৬৮ জন, খুলনায় ২৩১, বরিশালে ১৮২, রাজশাহীতে ১১২, ময়মনসিংহে ৭৫, রংপুরে ৪৮ ও সিলেটে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে মারা যায়। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ ও সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়।
চলতি অক্টোবরের ৩০ দিনে ডেঙ্গুতে মারা গেছে ১৭৩ জন। এ নিয়ে এ মাসে মৃত্যুর সংখ্যা চলতি বছরের অন্য মাসগুলোর তুলনায় বেশি।









