ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৭০

দেশে ডেঙ্গুর প্রকোপ ও মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯৭০ জন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকায় তিনজন, ময়মনসিংহে দুজন ও সিলেটে একজন চিকিৎসাধীন ছিল।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৮৯৯ জন। তাদের মধ্যে ১ লাখ ৩২ হাজার ৪৪৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৬ হাজার ১৭ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি ৯০০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ ছাড়া ময়মনসিংহে ৯৫ জন, চট্টগ্রামে ২৫২, খুলনায় ২৯৪, রাজশাহীতে ১৫৩, রংপুরে ৭১, বরিশালে ১৮৩ ও সিলেটে ২২ জন ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে মারা যায়। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩, সেপ্টেম্বরে ১৪৮ ও অক্টোবরে ১৭৪ জনের মৃত্যু হয়। নভেম্বরে এখন পর্যন্ত মারা গেছে ১৪ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৩-এ।









