স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে ইডিসিএলের ‘বিতর্কিত’ কর্মকর্তা শামীমকে বদলি

রাষ্ট্রায়ত্ত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) ঢাকা কার্যালয়ের প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা (অ্যাডমিন অ্যান্ড এইচআরএম) বিভাগের উপব্যবস্থাপক শামীম আহম্মেদকে বদলি করা হয়েছে। তাঁকে ঢাকার পরিবর্তে বগুড়া কারখানার প্রশাসন বিভাগে একই পদে পদায়ন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) ইডিসিএলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এক বদলি আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, একই বেতনক্রম ও মূল বেতনে শামীম আহম্মেদকে বর্তমান কর্মস্থল ঢাকা থেকে বগুড়া কারখানায় বদলি করা হয়েছে। আগামী মঙ্গলবার (৩ নভেম্বর) তাঁকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
ইডিসিএলের কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শামীম আহম্মেদের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য, স্বজনপ্রীতি, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার এবং কর্মকর্তা-কর্মচারীদের হয়রানির অভিযোগ রয়েছে। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের জন্য সংরক্ষিত কোটায় নিয়োগে অনিয়ম এবং অর্থ লেনদেনের অভিযোগকে কেন্দ্র করে প্রতিষ্ঠানের ভেতরে অসন্তোষ তৈরি হয়।
কর্মকর্তা-কর্মচারীদের কয়েকজনের দাবি, এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুলের নির্দেশে শামীম আহম্মেদকে বদলি করা হয়েছে।
তাঁদের মতে, শামীম আহম্মেদের বদলিতে প্রতিষ্ঠানের ভেতরে স্বস্তি ফিরতে পারে। তবে শুধু বদলির মাধ্যমে অনিয়মের অবসান সম্ভব নয়।









