Ajker Patrika

ফ্যাক্টচেক /‘দিল্লির কনফারেন্সে শেখ হাসিনা’ দাবিতে ছড়ানো ভিডিওটি ২০১৯ সালের

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৪: ৫৮
‘দিল্লির কনফারেন্সে শেখ হাসিনা’ দাবিতে ছড়ানো ভিডিওটি ২০১৯ সালের
শেখ হাসিনা হঠাৎ প্রকাশ্যে—দাবিতে ছড়ানো ভিডিও। ছবি: স্ক্রিনশট

দিল্লিতে কনফারেন্সে অংশ নিতে প্রথমবারের মতো প্রকাশ্যে শেখ হাসিনা—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

আলোচিত দাবিতে অন্তত ৫০-এর অধিক ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওটি শেয়ার করে একটি অ্যাকাউন্টে দাবি করা হয়েছে, ‘দিল্লিতে আন্তর্জাতিক একটি কনফারেন্সে অংশ নিতে হোটেলের লবিতে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল আমাদের জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপাকে।’

অপর একটি অ্যাকাউন্টে বলা হয়, ‘দিল্লিতে আপারে প্রকাশ্যে দেখা গেলো, ডিসেম্বরে আসার প্রস্তুতি নাকি এটা।’ আলোচিত দাবিতে ভাইরাল কয়েকটি ভিডিও রয়েছে এখানে (১, ২, ৩, ৪, ৫)

আজকের পত্রিকার অনুসন্ধান

ছড়িয়ে পড়া ভিডিওটিতে শেখ হাসিনাকে এসকেলেটর বা চলন্ত সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখা যায়। তবে ভিডিওটি সাম্প্রতিক বলে দাবি করা হলেও এটি কবে ধারণ করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। সেই কথিত কনফারেন্স সম্পর্কেও বিস্তারিত তথ্য কোথাও দেওয়া হয়নি।

এ ছাড়া, গণ-অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে দেখা যাওয়ার কোনো তথ্য না থাকায় হঠাৎ তাঁর প্রকাশ্যে আসার দাবিটি সন্দেহ তৈরি করে।

অনুসন্ধানে ২০১৯ সালের ৩ অক্টোবর বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘বাংলাভিশন’-এর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ‘বাংলাদেশে বিনিয়োগের উপযুক্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে: প্রধানমন্ত্রী’ শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। প্রচারিত ভিডিওটির সঙ্গে ওই প্রতিবেদনের দৃশ্যগত হুবহু মিল রয়েছে। বাংলাভিশনের ওই প্রতিবেদন জানা যায়, এটি ২০১৯ সালের অক্টোবরে ইন্ডিয়া ইকোনমিক সামিটে যোগ দিতে শেখ হাসিনার দিল্লি সফরের সময় নয়াদিল্লির ‘তাজ প্যালেস হোটেল’-এ ধারণ করা পুরোনো ফুটেজ।

একই ভিডিও সংবলিত তথ্য পাওয়া যায় বেসরকারি টেলিভিশ চ্যানেল সময় টিভির ইউটিউব চ্যানেলেও ।

বাংলাভিশন ও সময় টিভির ভিডিও। ছবি: স্ক্রিনশট
বাংলাভিশন ও সময় টিভির ভিডিও। ছবি: স্ক্রিনশট

অনুসন্ধানে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) ২০১৯ সালের ৫ অক্টোবর প্রকাশিত একটি বিবৃতি পাওয়া যায়। সেখানে বলা হয়, শেখ হাসিনা ২০১৯ সালের ৩ ও ৪ অক্টোবর নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘ইন্ডিয়া ইকোনমিক সামিট ২০১৯’-এ আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন। পরদিন, ৫ অক্টোবর ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকের কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ ছাড়া, ২০১৯ সালের ৩ অক্টোবরের প্রকাশিত দেশীয় গণমাধ্যমে বলা হয়, ‘বৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে যোগ দিতে এবং ভারতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লি পৌঁছেছেন। চার দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ অক্টোবর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন।’

প্রতিবেদনে আরও বলা হয়, ৩ অক্টোবর তিনি ডব্লিউইএফের ‘কান্ট্রি স্ট্র্যাটেজি ডায়ালগ অন বাংলাদেশ’ এবং ৪ অক্টোবর ডব্লিউইএফের সমাপনী অধিবেশনে অংশ নেবেন। সফরকালে তিনি হোটেল তাজ প্যালেস হোটেলে অবস্থান করবেন।

উইকিমিডিয়া কমন্সেও ২০১৯ সালের ৩ অক্টোবর নয়াদিল্লির তাজ প্যালেস হোটেলে ইন্ডিয়া ইকোনমিক সামিটের ‘কান্ট্রি স্ট্র্যাটেজি ডায়ালগ অন বাংলাদেশ’-এ শেখ হাসিনার অংশগ্রহণের ছবি পাওয়া যায়।

এ ছাড়া, ২০১৯ সালের ওই ভারত সফর শেষে ৬ অক্টোবর শেখ হাসিনা দেশে ফেরেন বলে দ্য ডেইলি স্টার-এর প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

আজকের পত্রিকার তুলনাচিত্র
আজকের পত্রিকার তুলনাচিত্র

সিদ্ধান্ত

শেখ হাসিনা কনফারেন্সে যোগ দিতে প্রকাশ্যে এসেছেন—দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে এটি ২০১৯ সালে দিল্লি সফরকালে তাজ প্যালেস হোটেলে ধারণ করা একটি পুরোনো ফুটেজ।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত