Ajker Patrika

ফ্যাক্টচেক /‘শেখ হাসিনার চেয়ে ভালো সার্ভিস কেউ দিতে পারবে না’— বক্তব্যটি রুমিন ফারহানার, তবে প্রসঙ্গ ভিন্ন

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১৫: ০৫
‘শেখ হাসিনার চেয়ে ভালো সার্ভিস কেউ দিতে পারবে না’— বক্তব্যটি রুমিন ফারহানার, তবে প্রসঙ্গ ভিন্ন
শেখ হাসিনাকে নিয়ে রুমিন ফারহানার মন্তব্য দাবিতে পোস্ট। ছবি: স্ক্রিনশট

‘শেখ হাসিনার চেয়ে ভালো সার্ভিস (সেবা), বিশ্বাস করেন আল্লাহর কসম, বাংলাদেশে কেউ দিতে পারবে না। হাসিনার যে সার্ভিস, ও মাই গড’—ব্যারিস্টার রুমিন ফারহানা এমন বক্তব্য দিয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

এই দাবিতে পোস্ট আছে এখানে , এখানে , এখানে , এখানে এবং এখানে

‘Tamanna Islam Tanha’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘শেখ হাসিনা: বাংলার অদম্য সাহসের নাম’ ক্যাপশনে ১৬ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করা হয়। ২৮ এপ্রিল দুপুর ১২টা ৩৮ মিনিটে শেয়ার করা ভিডিওটি আলোচিত দাবিতে সম্ভাব্য সবচেয়ে বেশি ছড়িয়েছে। ২৯ এপ্রিল বেলা ১১টা ৫২ মিনিট পর্যন্ত ভিডিওটি প্রায় ২ লাখ ৫ হাজারবার দেখা হয়েছে। এ ছাড়া এতে ২৫ হাজার রিঅ্যাকশন, ৩৬৯ কমেন্ট ও ১ হাজার শেয়ার রয়েছে।

এসব পোস্টের কমেন্ট যাচাই করে দেখা যায়, বেশির ভাগ ব্যবহারকারী ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার নামে ছড়ানো ভিডিওটি অনেক ব্যবহারকারী সত্য ভেবে শেয়ার করে কমেন্ট করেছেন।

আলোচিত পোস্টের কমেন্ট। ছবি: স্ক্রিনশট
আলোচিত পোস্টের কমেন্ট। ছবি: স্ক্রিনশট

আজকের পত্রিকার অনুসন্ধান

ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, শুরুতে হাতে মাইক্রোফোন নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানাকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনার চেয়ে ভালো সার্ভিস (সেবা), বিশ্বাস করেন আল্লাহর কসম, বাংলাদেশে কেউ দিতে পারবে না। হাসিনার যে সার্ভিস, ও মাই গড।’ এ সময় শেখ হাসিনার স্থিরচিত্র দেখানো হয়।

ভিডিওটির পরবর্তী অংশে শেখ হাসিনার বিভিন্ন সময়ের ক্লিপ যুক্ত করা হয়েছে এবং পুরো ভিডিওতে ‘এটাই আমার নেত্রী’ লেখা দেখা যায়।

তবে ভিডিওটিতে কোনো সূত্র, তারিখ বা বক্তব্যের প্রেক্ষাপট উল্লেখ করা হয়নি।

পরে ভিডিওটির কিছু দৃশ্যের রিভার্স ইমেজ ও সংশ্লিষ্ট কি-ওয়ার্ড দিয়ে অনুসন্ধান চালানো হয়। এতে বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির ফেসবুক পেজে ২০২৫ সালের ২৩ জানুয়ারি প্রকাশিত ২ মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়।

ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, রাজধানীতে ‘আগামীর রাজনীতি, সমাজ ও রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক এক অনুষ্ঠানে ভারত ও আওয়ামী লীগের সম্পর্ক নিয়ে বক্তব্য দেন রুমিন ফারহানা।

ভিডিওর প্রায় ১ মিনিট ৩০ সেকেন্ডের অংশে তিনি বলেন— ‘এখন আমরা যদি মনে করি ভারত তার অবস্থান পরিবর্তন করবে বা ভারত এখন বিএনপির সঙ্গে খুবই চমৎকার কথা বলছে কিংবা বিএনপির ব্যাপারে ভালো ভালো বিশেষণ দিয়ে আলাপ চালাচ্ছে, তার মানে এই নয় যে আওয়ামী লীগের ওপর বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দলকে তারা বন্ধুর মতো বা বন্ধুত্বের জায়গা দেবে। কারণ, ভারত খুব ভালো করেই জানে, শেখ হাসিনার চেয়ে ভালো সার্ভিস (সেবা), বিশ্বাস করেন আল্লাহর কসম, বাংলাদেশে কেউ দিতে পারবে না। হাসিনার যে সার্ভিস, ও মাই গড! বাংলাদেশের পলিটিকস করে এই রকম সার্ভিস দেওয়া সম্ভব নয়। বাংলাদেশ কেন, পৃথিবীর কোনো দেশে পলিটিকস করে আপনি অন্য দেশকে এই রকম সার্ভিস দিতে পারবেন না। কিন্তু হাসিনা ভারতকে এই সার্ভিস দিয়েছে এবং এর ফলশ্রুতিতে ১৫ বছর ক্ষমতায় ছিল।’

একুশে টিভির পোস্ট। ছবি: স্ক্রিনশট
একুশে টিভির পোস্ট। ছবি: স্ক্রিনশট

এতে স্পষ্ট হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বক্তব্যটি বাংলাদেশের জনগণের জন্য সেবা প্রসঙ্গে নয়; বরং ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রেক্ষাপটে দিয়েছেন। কিন্তু ভাইরাল ভিডিওতে সেই অংশ কেটে ভিন্ন অর্থে উপস্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও ‘আওয়ামী লীগ যে উন্নয়ন করে গেছে, তা রক্ষণাবেক্ষণ করতেই একটি সরকারের মেয়াদ চলে যাবে’—রুমিন ফারহানা এমন মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ফটোকার্ড ছড়িয়ে পড়ে। আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ সেই দাবিকে ভুয়া বলে শনাক্ত করেছিল।

সিদ্ধান্ত

রুমিন ফারহানার বক্তব্যের খণ্ডাংশ প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন করে ভিন্ন অর্থে উপস্থাপন করে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পেতে যাচ্ছেন ব্যাংকাররা

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী টিটন

নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত

আমিরাতের ‘ওপেক’ ত্যাগ একটি বড় ঘটনা: বিবিসি

একতরফা বিজয় ঘোষণার পরিকল্পনা ট্রাম্পের, সম্ভাব্য ইরানি প্রতিক্রিয়া বিবেচনা করছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত