
‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতা থেকে বিদায় নিলে বাংলাদেশের জন্য সমস্যা সৃষ্টি হবে, কারণ মোদি সরকার আমাদের অনেক সহযোগিতা করেছে’—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্ধৃত করে এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
জাতীয় দৈনিক কালের কণ্ঠ-এর আদলে তৈরি করা একটি ফটোকার্ড গত ২২ জুলাই ‘আমার দেশ 🇧🇩 অনলাইন নিউজ’ নামের একটি ফেসবুক গ্রুপে পোস্ট করা হয়। পরবর্তীতে ২৮ জুলাই ‘Jakir official 3.0’ নামের একটি ফেসবুক পেজ থেকেও একই দাবিতে ফটোকার্ড শেয়ার করা হয়।
পোস্টগুলোর কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারীই দাবিটিকে সত্য মনে করে তীব্র বিরোধিতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন।

দাবিটির সত্যতা যাচাইয়ে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করলে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছবির পাশাপাশি কালের কণ্ঠ-এর লোগো ও ২১ জুলাই, ২০২৬ তারিখ উল্লেখ থাকতে দেখা যায়।
এই সূত্রের ওপর ভিত্তি করে অনুসন্ধানে কালের কণ্ঠ-এর ভেরিফায়েড ফেসবুক পেজ, ওয়েবসাইট কিংবা অন্য ডিজিটাল প্ল্যাটফর্মে এমন কোনো ফটোকার্ড বা সংবাদের অস্তিত্ব পাওয়া যায়নি।
তবে অনুসন্ধানে গত ১৫ জুলাই কালের কণ্ঠ-এর ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা একটি ফটোকার্ড পাওয়া যায়। ‘ঐক্য ধরে রাখতে না পারলে ফ্যাসিবাদের ফেরার পথ সুগম হবে’ শীর্ষক ফটোকার্ডটির ব্যাকগ্রাউন্ড, ডিজাইন এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ব্যবহৃত ছবির সঙ্গে প্রচারিত ফটোকার্ডটির ডিজাইনে হুবহু মিল রয়েছে। শুধু শিরোনাম ও তারিখ আলাদা।

এ ছাড়া কালের কণ্ঠের ফটোকার্ডে যুক্ত প্রতিবেদন থেকে জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে সংগ্রামের মাধ্যমে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখা এবং সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করা জরুরি। তিনি আরও জানান, আওয়ামী লীগকে কোনো প্রশাসনিক আদেশে নয়, বরং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের মুখোমুখি করা হবে এবং শেখ হাসিনাসহ বিদেশে পলাতকদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে।
এই বক্তব্যের কোথাও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা তাঁর ক্ষমতা থেকে বিদায় নেওয়া সংক্রান্ত কোনো কথা বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি একই দিন কালের কণ্ঠের ফেসবুক পেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমদের এ সংক্রান্ত বক্তব্যের ভিডিওও পাওয়া যায়। ভিডিওতেও একই বক্তব্য পাওয়া যায়। সেখানে নরেন্দ্র মোদি প্রসঙ্গে কোনো কথা বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী।
এ ছাড়া আলোচিত দাবিতে প্রচারিত অন্য ফটোকার্ডগুলোতেও কোনো সূত্রের উল্লেখ পাওয়া যায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যকে বিকৃত করে জাতীয় দৈনিক কালের কণ্ঠ-এর একটি ফটোকার্ড এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

‘জাইমা রহমানের সাথে রাজনৈতিক জীবন শুরু করতে চাই’—নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা তাসনিম জারার উদ্ধৃতি দাবিতে এমন ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১৩ ঘণ্টা আগে
সম্প্রতি পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পরিবার তাঁর শারীরিক অবস্থা ও কারাগারে চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি ইসলামাবাদের একটি হাসপাতালে ইমরান খানের সম্প্রতি চিকিৎসাধীন থাকার একটি দৃশ্য।
১৪ ঘণ্টা আগে
আরাকান আর্মি বান্দরবানের থানচিতে ক্যাম্প স্থাপন করেছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। আলোচিত দাবিতে পোস্ট আছে ...
২ দিন আগে
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, মুসলিমবিদ্বেষী বক্তব্যের জন্য এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটেছে। প্রায় ৫০টিরও বেশি ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে ভিডিওটি শেয়ার করা হয়েছে।
২ দিন আগে