Ajker Patrika

ফ্যাক্টচেক /টাঙ্গাইলে ট্রাক উল্টে হতাহতের পুরোনো ছবি পোশাকশ্রমিকদের নির্যাতনের দৃশ্য দাবিতে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৮: ৪১
টাঙ্গাইলে ট্রাক উল্টে হতাহতের পুরোনো ছবি পোশাকশ্রমিকদের নির্যাতনের দৃশ্য দাবিতে প্রচার
পোশাকশ্রমিকদের আহত হওয়ার দাবিতে ছড়ানো ছবি। ছবি: স্ক্রিনশট

চলমান পোশাকশ্রমিক আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকদের নির্যাতন করে গুরুতর আহত করার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে (এক্সে) একটি ছবি ছড়িয়ে পড়েছে।

‘Liberation 71’ নামের এক্স অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করে দাবি করা হয়, ‘চলমান গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে এভাবেই কিছু গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে গুরুতর আহত করেছে গার্মেন্টস মালিকের দল। শেখ হাসিনাবিহীন বাংলাদেশে শ্রমিকদের জীবন থেকে শান্তি উধাও হয়ে গেছে।’

উল্লেখ্য, সম্প্রতি ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীসহ বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকেরা টানা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন।

আজকের পত্রিকার অনুসন্ধান

ছড়িয়ে পড়া ছবিটিতে ঘাসের ওপর কয়েকজন ব্যক্তিকে সারিবদ্ধভাবে পড়ে থাকতে ও তাঁদের আশপাশে অন্যদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিটির ডান পাশে ওপরে ‘পলিটিক্যাল টাইমস’ লেখা লোগো বা ওয়াটারমার্ক রয়েছে।

এর সূত্র ধরে অনুসন্ধানে ‘পলিটিক্যাল টাইমস’ নামের একটি ফেসবুক পেজে শেয়ার করা একটি ভিডিও পাওয়া যায়, যার দৃশ্যের সঙ্গে আলোচিত ছবির হুবহু মিল রয়েছে। চলতি বছরের ২৫ মে প্রকাশিত ওই ভিডিওর ক্যাপশনে বলা হয়, ‘ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে (যমুনা সেতু পূর্ব পাড়) রড ভর্তি ট্রাক উল্টে নিহত ১৮ জন, আহত ২, উদ্ধার কার্যক্রম চলমান।’

আজকেরে পত্রিকার তুলনাচিত্র।
আজকেরে পত্রিকার তুলনাচিত্র।

ঘটনার বিস্তারিত জানতে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) একটি প্রতিবেদন পর্যালোচনা করা হয়। ‘15 killed in Tangail truck crash’ শিরোনামের ওই প্রতিবেদন থেকে জানা যায়, টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত ও ৯ জন আহত হন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর সংযোগ সড়কের কাছে সরাতৈল এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে চট্টগ্রাম থেকে উত্তরাঞ্চলের দিকে যাওয়া যাত্রী ও রডবোঝাই ট্রাকটি উল্টে যায়।

ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর উদ্ধারকারী দল হতাহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়। নিহত ব্যক্তিদের মধ্যে বিভিন্ন জেলার বেশ কয়েকজনের পরিচয়ও শনাক্ত করা হয়েছিল। বেসরকারি টেলিভিশন আরটিভির প্রতিবেদনেও একই তথ্য নিশ্চিত করা হয়।

বেসরকারি টেলিভিশন আরটিভির ও জাতীয় দৈনিক প্রথম আলোরএক প্রতিবেদনেও একই তথ্য পাওয়া যায়।

গণমাধ্যমের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট
গণমাধ্যমের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

এ ছাড়া এই একই ঘটনার দৃশ্য ব্যবহার করে এর আগেও গুজব ছড়ানো হয়েছিল। চলতি বছরের জুনে একই ভিডিও তুরাগ নদ থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একাধিক নেতা-কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে—এমন দাবিতে ছড়ানো হলে সে সময় বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে আজকের পত্রিকা।

সিদ্ধান্ত

প্রায় ছয় মাস আগের সড়ক দুর্ঘটনার ছবি চলমান পোশাকশ্রমিক আন্দোলনে মালিকপক্ষের লোকজনের নির্যাতনে আহত শ্রমিকদের দৃশ্য দাবি করে প্রচার করা হচ্ছে। মূলত ছবিটি টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে হতাহতের ঘটনার।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত