Ajker Patrika

ইসরায়েলের বিলুপ্তি চাইলেন মার্কিন ইনফ্লুয়েন্সার, প্রচার হলো মেলোনির নামে

ফ্যাক্টচেক ডেস্ক
ইসরায়েলের বিলুপ্তি চাইলেন মার্কিন ইনফ্লুয়েন্সার, প্রচার হলো মেলোনির নামে
ইসরায়েলের বিলুপ্তি চেয়ে মন্তব্যকে মেলোনির বলে প্রচার। ছবি: স্ক্রিনশট

‘স্পষ্ট করে বলি, আমি শুধু ইসরাইলের বিরুদ্ধে নই, বরং আমি ইসরাইলের বিলুপ্তির পক্ষে আছি’—ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এমন মন্তব্য করেছেন দাবিতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আলোচিত দাবিতে কয়েকটি পোস্ট আছে এখানে, এখানে, এখানে এবং এখানে

২৭ জুলাই বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা টিভির ফেসবুক পেজে জর্জিয়া মেলোনির বক্তব্য সহ একটি ফটোকার্ড শেয়ার করা হয়, যা বিপুল সংখ্যক মানুষের দৃষ্টি কাড়ে। ভাইরাল ওই পোস্টটিতে ১ লাখ ৫৭ হাজার রিয়েকশন, ১ হাজার ৩০০ কমেন্ট ও ১ হাজার ৫০০ শেয়ার রয়েছে।

পোস্টটির কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, বেশির ভাগ নেটিজেন দাবিটিকে সত্য মনে করে মেলোনির এমন মন্তব্যের ভূয়সী প্রশংসা করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত পোস্ট। ছবি: স্ক্রিনশট
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত পোস্ট। ছবি: স্ক্রিনশট

আজকের পত্রিকার অনুসন্ধান

দাবিটির সত্যতা যাচাইয়ে প্রচারিত ফটোকার্ড ও পোস্টগুলো পর্যালোচনা করে কোনো সূত্রের উল্লেখ পাওয়া যায়নি। পরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড নিয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যমেও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এমন কোনো বক্তব্যের প্রমাণ মেলেনি।

তবে অনুসন্ধানের এক পর্যায়ে আন্তর্জাতিক সংসাদ সংস্থা এপির একটি প্রতিবেদন পাওয়া যায়। গত বছরের ২৭ আগস্ট প্রকাশিত এপি-এর ওই প্রতিবেদনে বলা হয়, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে বলেছেন, ইসরায়েলের পদক্ষেপ আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে। গাজায় ইসরায়েলের সামরিক প্রতিক্রিয়া এখন আর গ্রহণযোগ্য মাত্রায় নেই এবং এটি অবিলম্বে বন্ধ করে বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি বলেন, ৭ অক্টোবরের হামলার পর ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, কিন্তু সেই অধিকার প্রয়োগের ক্ষেত্রেও আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে। তাঁর মতে, যুদ্ধের প্রতিক্রিয়া এমন পর্যায়ে পৌঁছেছে, যা নিরীহ মানুষের প্রাণহানি বাড়াচ্ছে এবং তা আর ন্যায্যতার সীমার মধ্যে নেই।

এ ছাড়াও বিভিন্ন সময়ে (, ) মেলোনি ইসরায়েল সরকারের নীতি ও সামরিক কর্মকাণ্ডের সমালোচনা করলেও ইসরায়েল রাষ্ট্র বিলুপ্তির মতো কোনো মন্তব্য করেননি।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে জানা যায়, আলোচিত মন্তব্যটি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নয়; বরং এটি মার্কিন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও উদ্যোক্তা ড্যান বিলজেরিয়ানের।

গত ১৯ জুলাই ড্যান বিলজেরিয়ান তাঁর ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে ইংরেজিতে লেখেন—‘To be clear, I’m not anti-Israel, I’m abolish Israel.’ (স্পষ্ট করে বলি, আমি শুধু ইসরায়েলবিরোধী নই, আমি ইসরায়েলের বিলুপ্তির পক্ষে)।

কম্পেরিজন: আজকের পত্রিকা
কম্পেরিজন: আজকের পত্রিকা

সিদ্ধান্ত

মার্কিন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ড্যান বিলজেরিয়ানের দেওয়া একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মন্তব্য দাবিতে মূলধারার গণমাধ্যম ও ফেসবুকে ছড়ানো হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত