
নাটোরে যুবলীগ কর্মীকে না পেয়ে মায়ের কোল থেকে শিশুসন্তানকে কেড়ে নিয়ে মাটিতে আছাড় দিয়ে হত্যার চেষ্টা—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ওই পোস্টে বলা হয়, আহত শিশুটি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজসহ ইনস্টাগ্রাম ও এক্স অ্যাকাউন্ট থেকেও ফটোকার্ডটি শেয়ার করা হয়েছে।
ছড়িয়ে পড়া ফটোকার্ডে একটি শিশুকে কাঁদতে দেখা যায় এবং শিশুটির পুরো শরীর ব্যান্ডেজে মোড়ানো। কার্ডের ওপরের বাম পাশে ‘২১ সেপ্টেম্বর ২০২৬’ উল্লেখ রয়েছে। এ ছাড়া ছবির ডান পাশে ইনসেটে ব্যানার হাতে কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ব্যানারে ‘নাটোর জেলা যুবদল’ লেখা রয়েছে।
প্রচারিত দাবির বিষয়ে অনুসন্ধানে জাতীয় বা স্থানীয় গণমাধ্যমে প্রচারিত কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ‘Lebanese father describes moment Israeli missile left toddler with third-degree burns’ শিরোনামে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ২০২৪ সালের ২৬ অক্টোবর প্রকাশিত ওই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে প্রচারিত ছবিটির হুবহু মিল রয়েছে।

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় দুই বছর বয়সী ইভানা নামের এক শিশু গুরুতর দগ্ধ হয়। হামলায় তার শরীরের প্রায় অর্ধেকজুড়ে তৃতীয় স্তরের পোড়া ক্ষত সৃষ্টি হয়।
প্রতিবেদনে শিশুটির বাবা মোহাম্মদ স্কাইকির উদ্ধৃতি দিয়ে জানানো হয়, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর হামলার সময় পরিবারটি বাড়ি ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বাড়ির খুব কাছাকাছি একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ইভানা ও তার বড় বোন আহত হয়। পরে উদ্ধারকারীরা ইভানাকে বৈরুতের গেইতাউবি হাসপাতালে নিয়ে যান।
এ ছাড়া প্রতিবেদনে ওই সময় দক্ষিণ লেবাননে চলমান হামলা, বাস্তুচ্যুতি ও হাসপাতালটির বার্ন ইউনিটে আহত ব্যক্তিদের চিকিৎসার পরিস্থিতিও তুলে ধরা হয়।
নাটোরে এমন কোনো ঘটনা ঘটেছে কি না, তা যাচাই করতে নাটোর থানায় যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক টিম। থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, প্রচারিত দাবিটি বানোয়াট ও ভিত্তিহীন। মূলত বাড়ির সামনের রাস্তা নিয়ে বিরোধের জেরে পারিবারিক সংঘর্ষে এক নারী ও তাঁর সন্তান আহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল সেমবার (২১ সেপ্টেম্বর) থানায় মামলা হয়েছে। ঘটনাটি সম্পূর্ণ পারিবারিক ও জমিসংক্রান্ত বিরোধের, এর সঙ্গে প্রচারিত দাবির কোনো সম্পর্ক নেই।

উল্লেখ্য, আলোচিত দাবিতে ছড়ানো ‘Freedom Bangla News’ নামের ফেসবুক পেজটি পর্যবেক্ষণে দেখা যায়, পেজটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন পোস্ট ও তথ্য প্রচার করে। এ ছাড়া, পেজটি থেকে নিয়মিত বানোয়াট তথ্যও ছড়ানো হয়।
নাটোরে রাজনৈতিক প্রতিহিংসায় যুবলীগ কর্মীর সন্তানকে কোল থেকে কেড়ে নিয়ে আছাড় দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে বলে ছড়ানো দাবিটি সঠিক নয়।

জ্বালানি তেলের মূল্য প্রতি লিটারে ২০ টাকা বাড়ানোর প্রতিবাদে ফেনীর জনগণ নিজের মোটরসাইকেলে আগুন দিয়ে প্রতিবাদ জানিয়েছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
৫ ঘণ্টা আগে
‘আহা, বাংলাদেশ! যে দেশে কোনো আইন নেই, নারীর নিরাপত্তা নেই’—এমন ক্যাপশনে এক নারীকে বিবস্ত্র করে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দাবি করা হয়েছে, ২০২৪ সালের ১৫ আগস্ট ধানমন্ডিতে ফুল দিতে গেলে বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের এক নেত্রীকে বিবস্ত্র করে অমানবিক...
২ দিন আগে
বগুড়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কর্মীর পরিবারের তিন শিশুসন্তানকে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসী বাহিনী—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে
আওয়ামী লীগ করার অপরাধে শিশু, নারী ও বৃদ্ধকে নির্যাতনের শিকার হতে হচ্ছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একজন বৃদ্ধকে ‘জুতার মালা পরানো’র একটি ভিডিও ছড়ানো হয়েছে।
৩ দিন আগে