
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে—যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম ম্যাগাজিন তাদের প্রচ্ছদে ভারতের শিক্ষাবিদ ও অধিকারকর্মী সোনম ওয়াংচুকের অনশনরত ছবি প্রকাশ করেছে।
‘Queen’ নামের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করা হয়, যা আলোচিত দাবিতে সবচেয়ে বেশি ছড়িয়েছে। গত ১৫ জুলাই শেয়ার করা ওই পোস্টটিতে ২২ জুলাই বিকেল ৫টা পর্যন্ত ১১ হাজার রিয়েকশন রয়েছে। এ ছাড়া পোস্টটিতে ২১৯ কমেন্ট ও ৩ হাজার ৭০০ রিপোস্ট রয়েছে।
প্রচারিত ছবিটিতে সোনম ওয়াংচুককে একটি বালুঘড়ির ভেতরে দেখা যায়, যেখানে ওপর থেকে বালি ফুরিয়ে আসছে। ম্যাগাজিনের নাম ‘TIME’-এর নিচে লেখা রয়েছে, ‘সময় ফুরিয়ে আসছে’ (Time is running out)।
তবে অনুসন্ধানে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে সোনম ওয়াংচুকের এমন কোনো ছবির প্রমাণ মেলেনি। টাইম ম্যাগাজিনের অফিশিয়াল ওয়েবসাইটের প্রচ্ছদ আর্কাইভ ও কভার সেকশন পর্যালোচনা করেও ভাইরাল ছবির অস্তিত্ব পাওয়া যায়নি।
এ ছাড়া চলতি বছরের জুলাই অব্দি টাইম ম্যাগাজিন প্রকাশিত দুটি অফিসিয়াল প্রচ্ছদও ভাইরাল ছবিটির সঙ্গে মেলে না। আমেরিকা, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা সংস্করণের প্রচ্ছদের শিরোনাম ‘Our America’। অন্যদিকে, এশিয়া সংস্করণের প্রচ্ছদের শিরোনাম ‘CHAMPIONS’।

তবে অনুসন্ধানে জানা যায়, ২০২৫ সালে টাইম ম্যাগাজিন সোনম ওয়াংচুককে ‘১০০ ক্লাইমেট লিডার’-এর তালিকায় অন্তর্ভুক্ত করলেও তাঁকে ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান দেয়নি।
পর্যবেক্ষণে টাইমের অফিশিয়াল প্রচ্ছদের ডিজাইনের সঙ্গে প্রচারিত ছবিটির বেশ কিছু স্পষ্ট অমিল ধরা পড়ে। টাইম সাধারণত প্রচ্ছদের ওপরের বাঁ দিকে তারিখ দেয়। কিন্তু ভাইরাল ছবিতে তারিখটি ওপরের ডান দিকে দেখা যায়। এ ছাড়া টাইমের মূল প্রচ্ছদে থাকা লাল ফ্রেমিংয়ের প্রস্থ এবং এর ভেতরের চিকন সাদা বর্ডারের সঙ্গেও প্রচারিত ছবিটির অমিল লক্ষ্য করা যায়।

অনুসন্ধানে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কিনা তা নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘ডিপফেক-ও-মেটার’-এর সাহায্য নেওয়া হয়। বিশ্লেষণে দেখা যায়, ছবিটি কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৭০ শতাংশেরও বেশি। গুগলের ‘SynthID’ দিয়ে ছবিটি বিশ্লেষণেও জানা যায়, এটি গুগলের এআই টুল ব্যবহার করে তৈরি করা হয়েছে।

এ ছাড়া ‘sujankudari’ নামের ইন্সট্রাগ্রাম অ্যাকাউন্টেও আলোচিত ছবিটি পাওয়া যায়। ১৩ জুলাই শেয়ার করা ওই ছবির ক্যাপশনে বলা হয়, ‘সময়টা শুধু তাঁর একার নয়, আমাদের সবার। তবে সুজন কুদারি নামের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা পোস্টের ক্যাপশনে থাকা ডিসক্লেইমারে স্পষ্টভাবে বলা হয়েছে, এটি একটি শান্তিপূর্ণ প্রতিবাদ সম্পর্কে সচেতনতা তৈরির উদ্দেশ্যে বানানো। এর সঙ্গে টাইম ম্যাগাজিনের কোনো সম্পর্ক নেই।
মূলত ওই পোস্টটিই পরবর্তীতে আসল ভেবে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে।

উল্লেখ্য, সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট (এনইইটি) প্রশ্নপত্র ফাঁস বিতর্ক এবং দেশজুড়ে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ককরোচ জনতা পার্টি (সিজেপি) নামক একটি সংগঠনের ব্যানারে চলমান এই আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে অনশন শুরু করেন ওয়াংচুক। এরপর গত ১৮ জুলাই রাজধানী দিল্লির যন্তর মন্তরে টানা ২১ দিন ধরে আমরণ অনশনরত সোনম ওয়াংচুককে শয্যা থেকে তুলে হাসপাতালে স্থানান্তর করে মোদি সরকার।
অধিকারকর্মী সোনম ওয়াংচুকের অনশন কর্মসূচির ছবি টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে প্রকাশিত হওয়ার দাবিটি ভুয়া।

ফ্যামিলি কার্ড চাওয়ায় সাধারণ মানুষকে চেয়ার দিয়ে পিটিয়েছেন ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
৫ ঘণ্টা আগে
‘গত দুই বছর ধরে ইলিশের প্রজনন হার কম, তাই ইলিশের দাম বেড়ে গেছে’—কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আমিন উর রশিদ এমন মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
১ দিন আগে
বিবস্ত্র অবস্থায় এক ব্যক্তিকে দুই পা ধরে টেনেহিঁচড়ে সিঁড়ি দিয়ে ওপরের দিকে নিয়ে যাচ্ছেন দুই ব্যক্তি— সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে এটি বাংলাদেশের ঘটনা।
১ দিন আগে
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইতালিতে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে