Ajker Patrika

গান্ধী পরিবারের প্রতি অনাস্থা বাড়ছে

তরুণ চক্রবর্তী
আপডেট : ১৪ মার্চ ২০২২, ১১: ০১
গান্ধী পরিবারের প্রতি অনাস্থা বাড়ছে

গান্ধী পরিবারের হাতে মোটেই আর সুরক্ষিত নয় কংগ্রেস। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের পর এটা ফের প্রমাণিত। কিন্তু গান্ধী পরিবার বিনা গতিও নেই শতাব্দীপ্রাচীন দলটির। এটাই এই মুহূর্তে ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে বড় বিপদ। পরিস্থিতির ফায়দা নিচ্ছে বিজেপি। কংগ্রেসের ধর্মনিরপেক্ষ নীতির প্রতি সাধারণ মানুষের আস্থাও আজ টোল খাচ্ছে দুর্বল নেতৃত্বের কারণে। অথচ আজও ভারতে কংগ্রেসই সবচেয়ে বড় বিরোধী দল। রাজ্যে রাজ্যে আঞ্চলিক দলগুলো কিছুটা ভালো ফল করলেও জাতীয় স্তরে জোটবদ্ধ হয়ে বিজেপির মোকাবিলা তাদের পক্ষে মোটেই সম্ভব নয়। সব মিলিয়ে পাঁচ রাজ্য বুঝিয়ে দিল, কংগ্রেস নেতৃত্বের প্রতি ভরসা নেই তাদের।

বিজেপিতে নরেন্দ্র মোদি ও অমিত শাহ জুটির উত্থানের পর থেকেই দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে কংগ্রেস। জাতীয় রাজনীতিতে অনেকটাই গুরুত্বহীন হয়ে পড়েছে দেশের প্রধান বিরোধী দল। কংগ্রেসের সাধারণ কর্মীরাও ভুলতে বসেছেন জয়ের অভ্যাস। দলের সভানেত্রী সোনিয়া গান্ধীর অসুস্থতা আর রাহুল গান্ধীর সার্বিক ব্যর্থতার পর একমাত্র ভরসার জায়গা ছিল প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। উত্তর প্রদেশে প্রচারাভিযানে চেষ্টার ত্রুটি করেননি তিনি। কিন্তু দিনের শেষে বোঝা গেল, ইন্দিরা গান্ধীর নাতনি মোটেই ঠাকুমার মতো জনমোহনী নন। ফলে আরও হতাশ হওয়ার পালা কংগ্রেসকর্মীদের। আপাতত কোনো খড়কুটো তাঁদের সামনে নেই। ফলে গান্ধী পরিবারকেই ভরসা করে টিকে থাকতে হবে দলটিকে। রাহুল গান্ধী অবশ্য বলেছেন, হারের থেকে শিক্ষা নিয়ে দল ঘুরে দাঁড়াবে। কিন্তু ২০১৪ সাল থেকে সমানে শিক্ষাই নিয়ে যাচ্ছে দলটি, ঘুরে দাঁড়ানোর কোনো লক্ষণ নেই। রাজ্যে রাজ্যে হেরেই চলেছে কংগ্রেস। ফলে বাড়ছে দল ছাড়ার হিড়িক।

উত্তর প্রদেশে তাঁরা জিততে পারেন, এমন স্বপ্ন অবশ্য কোনো অন্ধ কংগ্রেস-সমর্থকও দেখেননি কখনো। অসম লড়াইয়ে নেমেছিলেন প্রিয়াঙ্কা। নারীশক্তিকে কাজে লাগিয়ে দলের ভিতকে পুনঃপ্রতিষ্ঠিত করাই ছিল তাঁর লক্ষ্য। কিন্তু এ লক্ষ্যেও তিনি ডাহা ফেল। বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি কংগ্রেস। বিভাজনের রাজনীতির পাশাপাশি আগ্রাসী ভোট প্রচার বিজেপিকে অনেকটাই এগিয়ে দিয়েছে। কংগ্রেস নিজের নাক কেটে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিকে জিতিয়ে বিজেপির যাত্রাভঙ্গ করতেও চূড়ান্ত ব্যর্থ হয়েছে। পাশের রাজ্য উত্তরাখন্ডেও বিজেপির ভোট কৌশলের কাছে চূড়ান্ত ব্যর্থ কংগ্রেসের রাহুলস ব্রিগেড। বিজেপি নিজেদের গোষ্ঠীকোন্দল ধামাচাপা দিয়ে তিন-তিনবার মুখ্যমন্ত্রী বদলে উত্তরাখন্ডে ক্ষমতা ধরে রাখল। আর কংগ্রেস পাঞ্জাবে তাদের দীর্ঘদিনের সঙ্গী অমরিন্দর সিংকে মুখ্যমন্ত্রিত্ব থেকে হটিয়ে সরকার গড়ার সম্ভাবনা আগেই বিসর্জন দেয়। কংগ্রেসের গোষ্ঠীকোন্দলের কারণেই সেখানে আম আদমি পার্টির সরকার গঠিত হয়।

উত্তর প্রদেশ ও উত্তরাখন্ডে ধর্মীয় বিভাজন বিজেপির জয়ের মূল কারণ—অনেকেই একমত। মণিপুর ও গোয়ায় বিজেপির সাফল্যের রসায়ন কিন্তু অন্য। কারণ, দুটি রাজ্যেই সংখ্যালঘু ভোট নির্ণায়ক শক্তি। মণিপুরে ৫০ শতাংশের বেশি মানুষ খ্রিষ্টান অথবা মুসলিম সম্প্রদায়ের। গতবার ৬০টি কেন্দ্রের মধ্যে ২৮টিতে জিতেও সরকার গড়তে পারেনি কংগ্রেস। এবার তারা প্রায় সাফ। বিজেপি উঠে এসেছে বৃহত্তম দল হিসেবে। মণিপুরে বিজেপির সাফল্যের পেছনে বড় কাজ করেছে কংগ্রেস নেতাদের দায়বদ্ধতার অভাব। কংগ্রেসের টিকিটে জিতে গতবার বহু বিধায়ক নাম লিখিয়েছিলেন বিজেপি শিবিরে। এবার তাই রাজ্যের মানুষ কংগ্রেসের বদলে এনপিপি, এনপিএফ বা জেডিইউর মতো আঞ্চলিক দলের ওপর বাড়তি ভরসা করেছে বিজেপি বিরোধিতায়। একই রকমভাবে গোয়াতেও কংগ্রেসের দুর্বলতাই বিজেপিকে সুযোগ করে দিয়েছে সরকার গঠনে। সব মিলিয়ে গান্ধী পরিবারের দূরদর্শিতার অভাবই কংগ্রেসের এই শোচনীয় ব্যর্থতার জন্য দায়ী।

২০২৪ সালে সাধারণ নির্বাচন। তার আগে আরও কয়েকটি রাজ্যে বিধানসভার ভোট রয়েছে। এই রাজ্যগুলোর মধ্যে রয়েছে কর্ণাটক, গুজরাট, ত্রিপুরা, মেঘালয় প্রভৃতি। ধর্মীয় বিভাজনকে কাজে লাগিয়ে এই রাজ্যগুলোতেও ক্ষমতা ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির। অন্যদিকে, কংগ্রেস ব্যস্ত নিজেদের কোন্দলে। বহুদিন ধরেই দলের ভেতর দাবি উঠছে সাংগঠনিক নির্বাচনের। ২০১৯-এর নির্বাচনের পর থেকেই সোনিয়া গান্ধী অস্থায়ী সভানেত্রী হিসেবে দল চালাচ্ছেন। তাই গোলাম নবি আজাদ, শশী থারুর, কপিল সিব্বালের মতো জি-২৩ নেতারা চাইছেন সাংগঠনিক নির্বাচন। দলকে চাঙা করতে চান তাঁরা। কিন্তু কীভাবে? এবং কার নেতৃত্বে? এই প্রশ্নের জবাব তাঁদের কাছেও নেই। তাই বাড়ছে হতাশা। সেই হতাশা থেকেই বাড়ছে ভাঙন। সংসদীয় রাজনীতিতে টিকে থাকতে কেউ যোগ দিচ্ছেন বিজেপিতে, কেউবা আঞ্চলিক দলে।

কংগ্রেসের জায়গা নিতে মরিয়া তৃণমূল এবং আম আদমি পার্টি। পশ্চিমবঙ্গে বিজেপিকে হারানোর পর গোয়া, মণিপুর ও ত্রিপুরায় তারা সচেষ্ট হয়। কিন্তু গোয়ায় ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। মেঘালয় বা ত্রিপুরাতেও আপাতত সাফল্য পাওয়ার মতো জায়গায় নেই তারা। এ অবস্থায় কংগ্রেসের বিকল্প হিসেবে উঠে আসতে চাইছে আপ। প্রথম আঞ্চলিক দল হিসেবে তারাই একাধিক রাজ্যে ক্ষমতায়। দিল্লির পর পাঞ্জাব, সরকার হচ্ছে আপের। খাতা খুলছে অন্য রাজ্যেও। গতানুগতিক রাজনীতির বাইরে বের হয়ে নিজের পরিচ্ছন্ন ইমেজকে হাতিয়ার করে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে গোটা দেশেই কংগ্রেসের বিকল্প হয়ে উঠতে চায় আপ। তারা নিজেরাই সে কথা বলছে। পাঁচ রাজ্যের নির্বাচন অবশ্যই বিজেপির পাশাপাশি বাড়তি অক্সিজেন দিয়েছে আপকেও। বাকিটা বলবে সময়।

পাঁচ রাজ্যের ভোটে মোদির পাশাপাশি সর্বভারতীয় রাজনীতিতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও তুলে আনতে সক্ষম হলো বিজেপি। কিন্তু গান্ধী পরিবার ছাড়া কংগ্রেসের সামনে কোনো মুখ নেই। সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে প্রধানমন্ত্রী না করার মাশুল দিতে হচ্ছে কংগ্রেসকে। অদূর ভবিষ্যতে তাদের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত নেই; বরং আঞ্চলিক দলগুলোই দখল নিতে চাইছে কংগ্রেসের তৈরি হওয়া শূন্যস্থান পূরণের।

সর্বশেষ খবর অনুযায়ী, নির্বাচনে দলের ভরাডুবি চুলচেরা বিশ্লেষণ করতে কংগ্রেসের কার্যনির্বাহী কমিটি বৈঠকে বসেছে গতকাল ১৩ মার্চ বিকেলে। বৈঠকে সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা পদত্যাগপত্র জমা দিতে পারেন। তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করা না করার সিদ্ধান্তের ওপর কংগ্রেসের ভবিষ্যৎ অনেকটা নির্ভর করছে বলে মনে করা হচ্ছে।

লেখক: তরুণ চক্রবর্তী,কলকাতা প্রতিনিধি, আজকের পত্রিকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত