Ajker Patrika

চতুর মানুষে ফতুর রাজনীতি

বিরস
আপডেট : ১৮ মে ২০২২, ১০: ২৬
চতুর মানুষে ফতুর রাজনীতি

নির্বাচনে কেউ পরাজিত হওয়ার জন্য সাধারণত প্রতিদ্বন্দ্বিতা করেন না। যাঁরা ভোটভিখারি হন, তাঁরা সবাই নিজেকে অত্যন্ত জনপ্রিয় মনে করেন। তো, তরফদার সাহেব ভোটে দাঁড়ালেন। কিছু সমর্থক জোগাড় করে কিছু মিছিল-মিটিং করলেন। পোস্টার ছাপালেন। কিন্তু তেমন জমল না তাঁর প্রচারণা। কারণ, তিনি ছিলেন নির্দল প্রার্থী। বড় দলগুলোর প্রার্থীদের পক্ষে-বিপক্ষেই মানুষের সমর্থন, জমায়েত। তরফদার সাহেব তারপরও আশায় থাকেন। মানুষ তো বড় দলগুলোর সমালোচনায় মুখর। তা ছাড়া, নির্বাচন পরিচালনার জন্য তো নির্দলীয় সরকার চান অনেকেই। ভোটের সময় নির্দলীয় সরকার চেয়ে ভোটের দিন নির্দলীয় প্রার্থীকে বঞ্চিত করা কেন?

যা হোক, নির্দিষ্ট দিনে ভোট হলো। ভোটে তেমন কোনো গোলমালও হলো না। ভোট গণনার পর দেখা গেল তরফদার সাহেব মাত্র ৩০১ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী সবার মধ্যে শেষ অবস্থানে আছেন। তাঁর জামানতও বাজেয়াপ্ত।

ভোট শেষে সাংবাদিকেরা তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলেন। বললেন, ভোট কি সুষ্ঠু হয়েছে?

তরফদার সাহেব বললেন, ভোটে কারচুপি হয়েছে, আমাকে কৌশল করে হারিয়ে দেওয়া হয়েছে—এমনটা বললে হয়তো অনেকে খুশি হতেন। কিন্তু না, নির্বাচনে কেউ কাউকে প্রভাবিত করেনি, আমিও ভোটারদের মন পরিবর্তন করতে পারিনি। সব মিলিয়ে আমি খুশি!

ভোটে শোচনীয় পরাজয় বরণ করেও আপনি খুশি কেন?

তরফদার সাহেব বললেন, আমি যে জিতব না, তা আগেই জানতাম। তারপরও ভোট করলাম কারও বিরুদ্ধে অভিযোগ তোলার জন্য নয়। এটা দেখার জন্য যে ভোটাররা সত্যিই ভালো মানুষকে ভোট দিতে প্রস্তুত কি না। আমার বিরুদ্ধে নিশ্চয়ই কারও তেমন কোনো অভিযোগ থাকার কথা নয়। আমি জীবনে জ্ঞানত কোনো মানুষের ক্ষতি করিনি। কারও তেমন উপকার করতে না পারলেও অপকার করিনি। তবে রাজনৈতিক দলে নাম লেখাইনি। কিন্তু তাই বলে আমি নিজেকে অরাজনৈতিক মানুষ মনে করি না। আমি রাজনীতিসচেতন। আমার ভোটে দাঁড়ানোর আর একটি উদ্দেশ্য এটা দেখা যে আমার এলাকার সব মানুষ চালাক-চতুর হয়েছে, নাকি বোকা লোকও কিছু আছে? আমি খুশি এটা দেখে যে বেশির ভাগ মানুষ চতুর হয়ে ফতুর রাজনীতির পেছনে ছুটলেও এখনো শ তিনেক মানুষ আছেন, যাঁরা আমাকে ভোট দিয়েছেন আমি হারব জেনেও।

খ. একটি মতবিনিময় সভায় একজন বক্তা দীর্ঘ বক্তব্য দিলেন। শেষ করলেন এই বলে, আশা করি আমার বক্তব্য আপনাদের খুবই ভালো লেগেছে। যাঁরা মনোযোগ দিয়ে আমার বক্তব্য শুনলেন তাঁদের ধন্যবাদ। আর যাঁদের ভালো লাগেনি, তাঁরা আমাকে ধন্যবাদ দিতে পারেন। একটি ভালো ঘুম উপহার দেওয়ার বিনিময়ে সামান্য ধন্যবাদটুকু তো পেতেই পারি, নাকি?

গ. একজন রাজনৈতিক নেতা মঞ্চ কাঁপিয়ে বক্তৃতা করছেন। আগামী নির্বাচনে তাঁকে ভোট দিলে তিনি কী কী করবেন, সেসব প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি নির্বাচিত হলে কেউ বেকার থাকবে না। কেউ অশিক্ষিত থাকবে না। বিনা চিকিৎসায় কারও মৃত্যু হবে না। সবার মুখে হাসি ফোটানোর ব্যবস্থা করবেন।

শ্রোতাদের মধ্য থেকে একজন জানতে চাইলেন, এত সব আপনি করবেন কীভাবে?

নেতার জবাব: আমার কৌশল তো প্রকাশ্য সভায় বলা যাবে না। বিরুদ্ধপক্ষ তা চুরি করে নিতে পারে। তাদের সেই সুযোগ আমি দেব না!

শ্রোতাদের মধ্যে উসখুস ভাব লক্ষ করে নেতা তার কণ্ঠে আবেগ এনে উচ্চ স্বরে বললেন, আমার ওপর আস্থা রাখুন ভাইসব। প্রয়োজনে বুকের রক্ত ঢেলে দেব কিন্তু প্রতিশ্রুতি পালনে পিছু হটব না।

জনতার মধ্য থেকে সমস্বরে চিৎকার: আমরা তো শুনেছি আপনি রক্তস্বল্পতায় ভুগছেন!

ঘ. একজন দেশদরদি নেতা দেশি পণ্যের ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে বক্তৃতা করতে করতে বললেন, ‘এই যে দেখেন, আমি কখনো বিদেশি পণ্য ব্যবহার করি না। আমার পাঞ্জাবি, লুঙ্গি এমনকি আন্ডারপ্যান্টটিও দেশি’—বলতে বলতে তিনি লুঙ্গি উঠিয়ে দেখালেন। উপস্থিত জনতার সে কী উল্লাস। বিপুল করতালি চলল দীর্ঘ সময় ধরে।

বাড়ি ফিরে এই গল্প স্ত্রীকে বলতেই স্ত্রী হায় হায় করে কপাল চাপড়াতে থাকলেন।

বিস্মিত নেতা বললেন, ‘কী হলো তোমার? আমার ভাষণে জনতা খুশি হলো আর তুমি…’

স্ত্রী জবাব দিলেন, ‘তুমি তো আজ আন্ডারপ্যান্টই পরে যাওনি!’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত