Ajker Patrika

কল্পনার দৌড়

বিরস
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১১: ০৪
কল্পনার দৌড়

অধ্যাপক তপন রায়চৌধুরী তাঁর ‘রোমন্থন অথবা ভীমরতিপ্রাপ্তর পরচরিতচর্চা’ নামক আত্মকথনমূলক বইয়ে নানা মজার ঘটনার কথা অত্যন্ত সরস ভাষায় লিখেছেন। তার একটি এ রকম: বরিশালে কৃষকজীবন নিয়ে তখন কিংবদন্তী খুব চালু ছিল। ক্ষেতে বর্ষা নেমেছে, হাঁটু অবধি জল, বৃষ্টিতে ভিজে ভিজে দুই চাষী ধানের চারার রক্ষণাবেক্ষণ করছে। প্রথমের প্রশ্ন, ‘ক দেহি, মহারাণি ভিক্টোরিয়া এখন কী করতে আছে?’ (বল দেখি, মহারাণি ভিক্টোরিয়া এখন কী করছে?)

উত্তর, ‘হে কি আর আমাগো মতো? পানি নাবতেই পান্তাভাত খাইয়া কাঁথামুড়ি দিয়া উব্বুত।’ (সে কি আর আর আমাদের মতো। বৃষ্টি শুরু হতেই পান্তাভাত খেয়ে কাঁথামুড়ি দিয়ে উপুড় হয়ে শয়ন করেছে)।

‘বড়হিস্যার বাড়িতে কাঁথা না, লেপ-তোশকের বাহার, আহার্য পান্তাভাত না, পাডার মাংস, দই-মেসডো। মা ঠারইনদের গা ভরা গয়না।’

‘ওগুলা হোনার?’ (সেগুলো সোনার?)

‘তয় কি? একি তর আমার মতো?’

এতো বছর আগের বরিশালের এক গ্রামের কৃষকের কল্পনা আর কতদূর যেতে পারে?

খ. অনেক বছর আগের গল্প। সোভিয়েত ইউনিয়নে তখনো সমাজতান্ত্রিক ব্যবস্থা বহাল। রুশ-মার্কিন দ্বন্দ্বও চরমে। তারপরও সম্পর্কের রুদ্ধ দুয়ার খোলার আশায় সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী গেছেন আমেরিকা সফরে। বিমানবন্দরেই সাংবাদিকেরা তাঁকে ঘিরে ধরলেন। একজন সাংবাদিক প্রশ্ন করলেন, ‘আমরা জানি মস্কোতে পতিতাপল্লি নেই। আপনি কি ওয়াশিংটনে এসে পতিতাপল্লিতে যাবেন?’

পররাষ্ট্রমন্ত্রী জবাব দিলেন না।

নাছোড়বান্দা সাংবাদিক আবারও জানতে চান, ‘আপনি কি ওয়াশিংটনে এসে পতিতাপল্লিতে যাবেন?’

সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী এবারও প্রশ্নটি এড়িয়ে গেলেন।

তৃতীয় সাংবাদিক এবার জানতে চাইলেন, ‘মিস্টার মিনিস্টার, আপনি ওয়াশিংটনে স্বাগতম। আপনি কি ওয়াশিংটনে এসে পতিতাপল্লিতে যাবেন?’

সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী এমন অদ্ভুত প্রশ্ন শুনে ভাবলেন—সাংবাদিকেরা কি তাঁর সঙ্গে তামাশা করছে? তিনি কিছুটা মজা করেই জিজ্ঞেস করলেন, ‘ওয়াশিংটনের পতিতাপল্লিটা কোথায়, এটা কি আপনাদের হোয়াইট হাউসের ধারেকাছে?’

ব্যস, মার্কিন সাংবাদিকেরা পেয়ে গেলেন খবর। পরের দিন সব পত্রিকার শিরোনাম হলো, ‘ওয়াশিংটনে নেমেই রুশ পররাষ্ট্রমন্ত্রী পতিতাপল্লির অবস্থান জানতে চাইলেন!’

গ. রবীন্দ্রনাথ ঠাকুর নিজের সৃষ্টির ব্যাপারে বরাবরই সচেতন ছিলেন। একদিন এক সভা শেষে ফেরার পথে তিনি চারু চন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বললেন, ‘দেখলে চারু আমার প্রায়শ্চিত্ত! আমি না হয় গোটা কয়েক গান কবিতা লিখে অপরাধ করেছি। তাই বলে আমাকে ধরে নিয়ে গিয়ে এ রকম যন্ত্রণা দেওয়া কি শিষ্টাচারসম্মত? গান হলো কিন্তু দুজনে প্রাণপণ শক্তিতে পাল্লা দিতে লাগলেন যে, কে কত বেতালা বাজাতে পারেন আর বেসুরো গাইতে পারেন! গান যায় যদি এ পথে তো বাজনা চলে তার উল্টো পথে। গায়ক-বাদকের এমন স্বাতন্ত্র্য রক্ষার চেষ্টা আমি আর কস্মিনকালেও দেখিনি। তারপর ওই একরত্তি মেয়ে, তাকে দিয়ে নাকি সুরে আমাকে না শোনালেও আমার তো এটা অজানা নয় যে, ‘তঁবু মঁরিতে হঁবে।’

উল্লেখ্য, গানের প্রথম লাইন ছিল ‘তবু মরিতে হবে’।

ঘ. ঘটনাটি করোনাকালের। মানুষের স্বাভাবিক কাজকর্ম এবং চলাচল কমে যাওয়ায় জীবনাচারে কিছু পরিবর্তন এসেছে। লকডাউন হওয়ায় ঘরে বেশি সময় কাটাতে গিয়ে অভ্যাসেও পরিবর্তন আনতে হয়েছে। তেমন একটি ঘটনা:

বস: আমি এ পর্যন্ত তিনবার রিং দিয়েছি। তুমি ধরোনি কেন?

কর্মচারী: স্যার, প্রথমবার যখন ফোন দেন তখন আমি আমার ছোট ছেলের ‘পটি’ পরিষ্কার করছিলাম। তাই মোবাইল ধরার অবস্থায় ছিলাম না। দ্বিতীয়বার স্যার আপনি যখন রিং দেন তখন আমি আমার বউয়ের কাপড়চোপড় ধুয়ে দিচ্ছিলাম। তৃতীয়বার যখন রিং দেন তখন আমি স্যার ঘর মুছছিলাম। আমি কিন্তু স্যার খানিক আগে আপনাকে রিং ব্যাক করেছিলাম।

বস: হুম, দেখেছি। তুমি যখন কলব্যাক করেছিলে আমি তখন বাসন মাজছিলাম!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত