ভারতের পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা ভোটে কংগ্রেসের কাছে জয়ের থেকেও বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে ভোটের ফল ধরে রাখা। ভারতের সাধারণ মানুষের কাছে কংগ্রেস জনপ্রতিনিধিদের দায়বদ্ধতার প্রতি আস্থা তলানিতে এসে ঠেকেছে। কারণ, রাজ্যে রাজ্যে মানুষ বিজেপির বিকল্প হিসেবে কংগ্রেসকে ভোট দিলেও সেই জনমানুষের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দলবদল করে অনেকেই চলে গেছেন বিজেপিতে। মধ্যপ্রদেশ, গোয়া, মণিপুরের মতো রাজ্যে ভোটের ফলে কংগ্রেস একক বৃহত্তম দল হলেও সেখানে এখন বিজেপির সরকার। সাবেক কংগ্রেস নেতারাই এখন ভারতের ২৮টির মধ্যে অন্তত ৮টি রাজ্যের অকংগ্রেসি মুখ্যমন্ত্রী। ভারতের বেশির ভাগ মানুষ বিজেপিকে চান না। বিভিন্ন নির্বাচনে সেটা স্পষ্ট হয়েছে। কিন্তু দুর্বল নেতৃত্ব আর সংকটমোচনে কংগ্রেসে প্রণব মুখার্জির মতো দক্ষ নেতার অভাবের সঙ্গে যুক্ত হয়েছে জোট রাজনীতিতে নিজেদের চিরকালীন দুর্বলতা। আর এসবেরই ফায়দা নিচ্ছে নরেন্দ্র মোদি-অমিত শাহের জমানার বিজেপি।
ভারতে ২০১৪ সালে মোদি জমানার শুরুতে বিজেপি ভোট পেয়েছিল মাত্র ৩১ শতাংশ। ২০১৯ সালে সেই ভোট বেড়ে দাঁড়ায় ৩৭ দশমিক ৩৬। নরেন্দ্র মোদির বিপরীতে বিরোধীরা সংঘবদ্ধভাবে বিকল্প কোনো জননেতাকে তুলে ধরতে না পারলেও বিজেপিবিরোধী ভোটই বেশি পড়েছিল। ভারতের বর্তমান ২৮টি রাজ্যের মধ্যে বর্তমানে বিজেপি একক শক্তিতে ক্ষমতায় রয়েছে ৬ রাজ্যে এবং কংগ্রেস ৩টিতে। এটা মুদ্রার একটি দিক। অন্য দিকটি হলো রাজ্যে রাজ্যে বিজেপির বিরুদ্ধে মানুষ ভোট উজাড় করে দিলেও সেই রায় ধরে রাখতে বেশির ভাগ রাজ্যে ব্যর্থ হয়েছে কংগ্রেস। যেমন মধ্যপ্রদেশ। ২৩০ আসনের মধ্যপ্রদেশে কংগ্রেস ১১৪ আসনে জয়লাভ করে। বিজেপি পেয়েছিল ১০৯। সরকার গঠন করেও কংগ্রেস সেই সরকার ধরে রাখতে পারেনি। তাদের নেতাদের ভাঙিয়েই বিজেপি সরকার গড়েছে। একই ছবি গোয়া ও মণিপুরেও। ৬০ সদস্যের মণিপুর বিধানসভায় কংগ্রেস জিতেছিল ২৮ আসনে এবং বিজেপি ২১। কিন্তু দলের ভাঙনে বিজেপিশাসিত রাজ্যটিতে এখন কংগ্রেস ১২ এবং বিজেপি ২৮। উত্তর প্রদেশ, উত্তরাখন্ড, মণিপুর, গোয়া ও পাঞ্জাবে ভোট-প্রক্রিয়া চলছে। পাঞ্জাবে ১১৭ আসনের মধ্যে কংগ্রেস গতবার পেয়েছিল ৭৭ আসন আর বিজেপি মাত্র ৩। সেখানে এখনো কংগ্রেসের সরকার টিকে থাকলেও মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দলের শীর্ষ নেতা অমরিন্দার সিং এখন বিজেপি শিবিরে। গত বছর পাঁচ রাজ্যের নির্বাচনে আসাম ছাড়া বিজেপি কোথাও সুবিধা করতে পারেনি। আসামেও সাবেক কংগ্রেস নেতা ও মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাই ছিলেন বিজেপির ভোট জয়ে বড় ভরসা। তিনিই এখন সেখানকার মুখ্যমন্ত্রী।
আসন্ন বিধানসভা নির্বাচনে সবার নজর উত্তর প্রদেশের দিকে। ভারতের সবচেয়ে বড় রাজ্য। বিতর্কও সবচেয়ে বেশি উত্তর প্রদেশেই। বহুদিন ধরে রাজ্যটিতে নিজেদের আধিপত্য বিস্তারে সক্রিয় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। ঠাকুমা ইন্দিরা গান্ধীর ছায়াও দেখছেন অনেকে তাঁর মধ্যে। কিন্তু দলকে শক্তিশালী করা তো দূরের কথা, ভাঙন ঠেকাতে তিনিও ব্যর্থ। ৪০৩ আসনের উত্তর প্রদেশ বিধানসভায় গতবার বিজেপি ৩১২টি আসন পেয়ে জয়ী হয়। মুখ্যমন্ত্রী হন কট্টর হিন্দুত্ববাদী নেতা যোগী আদিত্যনাথ। কিন্তু ভোটের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, বিজেপিবিরোধীদের ভোট ভাগাভাগিই সুবিধা করে দিয়েছে তাদের উত্তর প্রদেশ দখলে। বিজেপি ভোট পায় ৩৯ দশমিক ৬৭ শতাংশ। অন্যদিকে, কংগ্রেসের সঙ্গে দুই সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি এবং মায়াবতীর বহুজন সমাজবাদীর পার্টির মিলিত প্রাপ্ত ভোট ছিল ৫০ শতাংশের বেশি। তাই এবারও ভোট কাটাকুটিই বিজেপির বড় ভরসা। ঠিক একইভাবে দক্ষিণ ভারতের একমাত্র বিজেপিশাসিত রাজ্য কর্ণাটকেও বিজেপি ক্ষমতায় আসে। ২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় বিজেপি ১০৪ ও কংগ্রেস ৮০ আসনে জয়লাভ করে। কিন্তু ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বিজেপির ৩৬ দশমিক ৩৫ শতাংশ ভোটের বিপরীতে কংগ্রেসের ভোট ছিল ৩৮ দশমিক ১৪ শতাংশ।
এই আলোচনা থেকেই স্পষ্ট, ভারতের বেশির ভাগ মানুষই বিজেপিকে চান না। কিন্তু তাঁদের সামনে বিকল্প নিয়ে আসতে ব্যর্থ বিরোধীরা। ভারতীয় রাজনীতিতে এখন আর আদর্শের তেমন কোনো বালাই নেই। দলবদল এখন জলভাত। সাম্প্রদায়িক বা অসাম্প্রদায়িক চেতনার থেকেও নেতাদের কাছে বড় হয়ে দাঁড়িয়েছে ক্ষমতার লোভ। তাই এক দলের বিরোধিতা করে ভোটে জেতার পর সেই দলেই ফিরে যেতে পা কাঁপে না বহু নেতার। যেমন পশ্চিমবঙ্গ। গত বছর বিধানসভা ভোটের আগে শাসক দল তৃণমূলের নেতাদের হিড়িক পড়ে গিয়েছিল বিজেপিতে যোগদানের। অনেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের বিরুদ্ধে কাঁড়ি কাঁড়ি অভিযোগ তুলে ভোটে জেতেনও। কিন্তু মমতা ক্ষমতায় আসতেই তাঁদের অনেকেই ফিরে আসেন শাসক দলে। আসামে কংগ্রেসের টিকিটে ভোটে জিতে শাসক দল বিজেপিতে যোগদানের হিড়িক এখনো চলছে। এই দলবদলের খেলায় বিজেপির সঙ্গে পাল্লা দিতে ব্যর্থ কংগ্রেস নেতৃত্ব। কারণ, সংকটমোচনে প্রণব মুখার্জির মতো দক্ষ নেতারা আজ আর নেই। যাঁরা আছেন, তাঁরাও বয়সের ভারে নুইয়ে পড়েছেন। তাই প্রশ্ন উঠেছে, কংগ্রেস প্রার্থীরা ভোটে জিতলেও দলে থাকবেন–তার গ্যারান্টি কোথায়? তাই তাঁরা জনগণের রায় ধরে রাখতে পারবেন, মানুষের কাছ থেকে এই আস্থা আদায়টাই এখন বড় চ্যালেঞ্জ কংগ্রেসের কাছে। তা ছাড়া, বিজেপির আগ্রাসী প্রচারের বিরুদ্ধে রাহুল বা প্রিয়াঙ্কা গান্ধী জনগণের আস্থা অর্জনও অনেকটাই জরুরি।
সঙ্গে রয়েছে জোট রাজনীতির জটিলতাও। বিরোধী শিবিরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় মানতে নারাজ কংগ্রেসের ‘দাদাগিরি’। এমনকি তাদের দীর্ঘদিনের জোটসঙ্গী শারদ পাওয়ারের এনসিপিও দুই নৌকায় পা দিয়ে চলছে। পাঁচ রাজ্যের কোথাও জোট রাজনীতিতেও বিজেপিকে টেক্কা দিতে পারেনি কংগ্রেস। ফলে ভোট কাটাকুটিতে এবারও ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস বা অন্যান্য আঞ্চলিক শক্তিকে টেক্কা দেওয়ার হাতছানি রয়েছে বিজেপির সামনে। ২০২৪ সালের সাধারণ নির্বাচনের গতিবিধিও বোঝা যাবে ১০ মার্চ পাঁচ রাজ্যের ভোটের ফল প্রকাশের পর। আপাতত সেদিকেই তাকিয়ে গোটা ভারত।
লেখক: তরুণ চক্রবর্তী কলকাতা প্রতিনিধি, আজকের পত্রিকা










