Ajker Patrika

গানে ফিরছেন লিজা

গানে ফিরছেন লিজা

মাতৃত্বকালীন বিরতি পেরিয়ে গানে ফিরছেন সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। গত বছর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখানেই জন্ম দিয়েছেন প্রথম সন্তান ইয়াশাকে। গত ১৯ মার্চ জন্ম নেওয়া ইয়াশার বয়স দুই মাস হতেই গত সপ্তাহে দেশে ফিরেছেন লিজা। ছয়-সাত মাস গান থেকে দূরে ছিলেন। ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ বিজয়ী হওয়ার পর থেকে কখনো এমন বিরতি পড়েনি। সন্তানের দেখভালের পাশাপাশি লিজা চেষ্টা করছেন আবার গানে নিয়মিত হওয়ার।

এরই মধ্যে হাত দিয়েছেন নতুন গানে। ঈদে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন ‘তুমি এলে’ শিরোনামের নতুন মৌলিক গান। নুরুল ইসলাম মানিকের লেখা, ফয়সাল আহমেদের সুরে গানটির সংগীতায়োজন করেছেন মীর মাসুম। শিগগির গানের ভিডিওর শুটিং হবে। এ ছাড়া কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলেও গাইবেন লিজা। তিনি বলেন, ‘ঈদে আমার একটা নাচপ্রধান গান প্রকাশ করার কথা ছিল। এই অবস্থায় গানটির শুটিং করা ঠিক হবে না, তাই সফট রোমান্টিক গানটা প্রকাশ করছি।’

সারা বছর লিজা ব্যস্ত থাকেন স্টেজ শো নিয়ে। তবে এখন স্টেজ শো করার ক্ষেত্রে অনেক কিছুই ভাবতে হচ্ছে তাঁকে। ঢাকার বাইরের শো হাতে নিচ্ছেন না, আউটডোর শো হলেও ক্রাউডের বিষয়টা মাথায় রাখছেন। লিজা বলেন, ‘২৯ মে, ৩০ মে, ৬ জুন ও ঈদের পরদিন শো করার প্রস্তাব এসেছে হাতে। কিন্তু কাউকে এখনো চূড়ান্ত করিনি। বাচ্চাটা এখনো ছোট, এই সময় তাকে রেখে আউটডোর শো করাটা ঠিক হবে না। আরও কিছুদিন সময় নিতে চাই। সেপ্টেম্বর থেকে পুরোদমে স্টেজ শোয়ে ফিরব। তার আগে হয়তো দু-চারটা শো করতেও পারি।’

লিজার এখন পুরো সময় কাটছে মেয়ে ইয়াশাকে ঘিরে। জন্মসূত্রে ইয়াশা যুক্তরাষ্ট্রের নাগরিক। তবে লিজা চান মেয়ে বাংলাদেশেই থাকুক, এখানেই পড়াশোনা করুক। কারণ, বাংলাদেশে থাকলে, এখানকার সংস্কৃতিতে বেড়ে উঠলে সে পারিবারিক বন্ধন সম্পর্কে জানতে পারবে বলে মনে করেন লিজা।

লিজা বলেন, ‘আমেরিকায় সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। বাচ্চারা বাচ্চাদের মতো স্কুলে যায়। পরিবারকে কাছে কম পায় তারা। আমি চাই, আমার মেয়েটা সবার সঙ্গে হাসি-আনন্দে বেড়ে উঠুক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত

২০২৬ সালের ঈদুল আজহা কবে, যা জানা গেল

‘ওকে লাথি মেরে বের করে দিন’—নেতানিয়াহুর ছেলেকে যুদ্ধে পাঠাতে বললেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী

যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাঘচির মন্তব্যে নতুন উত্তেজনা

কিশোরগঞ্জে যুবদল নেতার হাত ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত