নিছক একটি সিনেমা। দ্য কাশ্মীর ফাইলস। কিন্তু বিভাজনের রাজনীতিতে এই একটি সিনেমাই হয়ে উঠেছে হিন্দুত্ববাদীদের বড় হাতিয়ার। রাজ্যে রাজ্যে করমুক্তি ঘটেছে সিনেমাটির। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারিফ করেছেন সিনেমার। আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সিনেমাটি দেখতে এক বেলা ছুটিও ঘোষণা করেছেন সরকারি কর্মীদের জন্য। ১৩০ কোটি জনসংখ্যার দেশে হইচই ফেলে দিয়েছে এই সিনেমা। অনেকেই মনে করছেন, ২০২৪-এর সাধারণ নির্বাচনে এই সিনেমাটিই হবে বিজেপির প্রচারে বড় হাতিয়ার। ১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের ওপর হামলার বিবরণ তুলে ধরা হয়েছে চলচ্চিত্রটিতে। প্রযোজক-পরিচালকের দাবি, পুরোটাই হয়েছে গবেষণার ভিত্তিতে। কিন্তু প্রশ্ন উঠছে, ভারতের মতো বহু ধর্মীয় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত হানতে কেন এ ধরনের সিনেমাকে উৎসাহিত করা হচ্ছে? পাল্টা দাবি উঠছে, প্রদর্শনী বন্ধ হোক কাশ্মীর ফাইলসের। এমনকি, মুসলিম বা অন্য সম্প্রদায়ের ওপর হামলাকে হাতিয়ার করেও সিনেমা বানানোর দাবি উঠছে সামাজিক গণমাধ্যমে। দাবি ও পাল্টা দাবির মধ্যেই কাশ্মীর ফাইলসকে ঘিরে গোটা ভারতে বিভাজনের রেখা কিন্তু খুবই স্পষ্ট। ঘৃণার রাজনীতিতে নতুন উপকরণ হয়ে উঠেছে সিনেমাটি।
সাম্প্রতিককালে দ্য কাশ্মীর ফাইলস-এর মতো এত হইচই কোনো সিনেমা নিয়ে হয়নি। বাণিজ্যিকই শুধু নয়, সিনেমাটির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কাশ্মীর ফাইলসের জুড়ি মেলা ভার। গত ১১ মার্চ সিনেমাটি মুক্তির পর থেকে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপি নেতারা যেভাবে সিনেমাটিকে জনপ্রিয় করে তুলতে নেমে পড়েছেন, তা ভারতের ইতিহাসে অভূতপূর্ব। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী প্রমুখ। পল্লবী এই সিনেমাটির প্রযোজকও। সামাজিক গণমাধ্যমে অভিযোগ উঠেছে, কাশ্মীর ফাইলস-এ কাল্পনিক ঘটনাকে তুলে ধরে দেশে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির চেষ্টা হচ্ছে। পল্লবী অবশ্য সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে সিনেমাটির তারকাদের নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে প্রযোজক ও অভিনেত্রী পল্লবী দাবি করেন, চার বছর ধরে গবেষণা করে তবে নির্মিত হয়েছে সিনেমাটি। শুধু তা-ই নয়, কাশ্মীরে নির্যাতিত ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথাও বলেছেন তাঁরা। এ নিয়ে ৪ হাজার ঘণ্টার রেকর্ডও আছে তাঁদের কাছে, এমনই দাবি করা হয়।
ভারতে সাড়ম্বরে পালিত হচ্ছে স্বাধীনতার ৭৫ বছর। অমৃত মহোৎসব! পেটানো হচ্ছে উন্নয়নের ঢাক। উন্নয়ন হয়েছেও। আত্মনির্ভর ভারতের ডাক মোটেই গালভরা দিবাস্বপ্ন নয়। বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি অবশ্যই প্রশংসার্হ। ভারতীয় সিনেমার বাজার যেমন বিশাল, তেমনি মান নিয়েও প্রশ্ন তোলার কিছু নেই। কিন্তু রাজনীতি এখনো আটকে রয়েছে জাত-পাত, ধর্ম-অধর্মের জাঁতাকলে। সিনেমাকেও সেই বিভাজনের রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে সুকৌশলে। দ্য কাশ্মীর ফাইলস সেই রাজনীতিরই অঙ্গ। কাশ্মীর নিয়ে তামাম ভারতীয়র আবেগ এবং মুসলিমবিদ্বেষ উসকে দিয়ে মেকি দেশপ্রেম চাগাড় দেওয়ার রাজনীতি নতুন কিছু নয়। হিন্দুত্ববাদীরা কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে মুসলিমদের গোলমাল পাকিয়ে রাজনীতির রুটি সেঁকার চেষ্টা প্রথম থেকেই চালিয়ে গিয়েছেন। ভারতের বর্তমান সরকার তো কাশ্মীরের বিশেষ মর্যাদাই কেড়ে নিয়েছে। পূর্ণাঙ্গ রাজ্য থেকে কাশ্মীর এখন কেন্দ্রশাসিত অঞ্চল। কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ নিজেই বলেছেন, বিভাজনের রাজনীতিতে মত্ত গোটা দেশ। কংগ্রেসও সেই বিভাজনের রাজনীতি থেকে যে মুক্ত নয়, সেটাও স্বীকার করেন তিনি। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের আগে হিজাব নিয়ে বিতর্ক বুঝিয়ে দিয়েছে নির্বাচনে ধর্মের প্রভাব কতটা। তাই মন্দির-মসজিদ নির্মাণআজও গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈতরণি পার হতে। ভারতীয় গণতন্ত্রে সংখ্যালঘু ও সংখ্যাগুরুর সংখ্যাগত গুরুত্বের কথাও প্রকাশ্যেই উঠে আসে নেতা-মন্ত্রীদের ভোটচর্চায়। কৃষক-শ্রমিকদের দাবিদাওয়া তো দূর অস্ত, পাহাড়প্রমাণ দুর্নীতি বা আকাশছোঁয়া জিনিসপত্রের দামও তেমন প্রভাব ফেলতে পারে না ভোট-ভাগ্যে। ধর্মই পারে বিভেদের মাধ্যমে সংখ্যাগুরুর জয় নিশ্চিত করতে। তাই প্রকাশ্যেই চলছে লঘু ও গুরুর সংঘাত। সেই সংঘাতকে আরও তীব্র করে নিজেদের রাজনৈতিক ফায়দা লুটতে মরিয়া রাজনৈতিক দলগুলো। কাশ্মীর ফাইলস সেই সংঘাতেরই রসদ হয়ে থাকবে।
বিভেদের রাজনীতি বন্ধে জাতীয় সংসদের সদস্য বদরুদ্দিন আজমল সিনেমাটির প্রদর্শন বন্ধ করতে বলেছেন। কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহুবা মুফতিরও একই দাবি। এর মধ্যেই সিনেমাটি ঢুকে গেছে ২০০ কোটির ক্লাবে। চলচ্চিত্র সমালোচকেরা বলছেন, এটি নাকি কোনো সিনেমাই হয়নি। এর আগে পরিচালক বিবেক সাত সাতটি চলচ্চিত্র পরিচালনা করেছেন। কিন্তু কোনোটিই সাফল্যের মুখ দেখেনি। কিন্তু ৮ নম্বরে কামাল করে দিলেন তিনি। গোটা দেশজুড়ে বিজেপির নেতা-মন্ত্রীরা সিনেমা হলমুখী হয়ে পড়েছেন। দারুণ ব্যবসা হচ্ছে। গুণগানও করছেন গেরুয়া শিবিরের নেতারা। সমালোচনা হচ্ছে ঠিকই, কিন্তু সেটাও সিনেমাটিকে জনপ্রিয় করে তুলেছে। আপাতত খবরের শিরোনামে কাশ্মীর ফাইলস। বাকিটা বলবে ভবিষ্যৎ।
কাশ্মীরি পণ্ডিতদের ওপর হামলা অবশ্যই নিন্দনীয়। বহু মানুষ ঘরছাড়া হতে বাধ্য হয়েছেন, এটাও বাস্তব। কিন্তু বেছে বেছে কাশ্মীরি পণ্ডিতরাই শুধু আক্রান্ত হয়েছেন—এমনটা নয়। আসামের নেলির গণহত্যা, গুজরাট দাঙ্গা, এমনকি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর দিল্লি দাঙ্গার ভয়াবহতা কম নয়। কিন্তু সেগুলোর বদলে শুধু কাশ্মীর, তা-ও একতরফা হিন্দু পণ্ডিতদের ওপর হামলার একতরফা চলচ্চিত্রায়ণ সন্দেহ বাড়িয়ে দিয়েছে। সেই সন্দেহকেই সুপ্রতিষ্ঠিত করেছে বিজেপি নেতাদের ঢালাও প্রচার ও প্রশংসা। বিভাজনের রাজনীতিতে অবশ্যই বলিষ্ঠ হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে রুপালি পর্দা। কাশ্মীর ফাইলস তারই একটি নির্লজ্জ উদাহরণ হিসেবে বলিউডের ইতিহাসে লেখা থাকবে। আর এই বিভাজনের রাজনীতির প্রভাব পড়তেও শুরু করেছে। কলকাতায় হিন্দুত্ববাদীরা আয়োজন করছে, বাংলাদেশ ফাইলস-এর। সেখানে প্রদর্শিত হবে বাংলাদেশে হিন্দু-নির্যাতনের ছবি। মুসলিমরাও পাল্টা কিছু করবেন, চলছে তারও প্রস্তুতি, সামাজিক গণমাধ্যম এমনই ইঙ্গিত দিচ্ছে। সব মিলিয়ে বিভাজনরেখা দীর্ঘতর হচ্ছে ভারতেও।
তরুণ চক্রবর্তী, কলকাতা প্রতিনিধি, আজকের পত্রিকা










