এক হাড় কৃপণ লোকের বাসায় কখনো কাউকে ঈদের দাওয়াত দেওয়া হয় না। একবার তাঁর এক চতুর কলিগ তাঁর মন গলানোর চেষ্টা করে বললেন, আমাদের বয়স হয়েছে, কখন থাকি না থাকি, তাই এখন আমাদের উচিত, পরিচিত সবাইকে ঈদের দাওয়াত দেওয়া।
কৃপণ: ঠিক বলেছেন ভাই। তাহলে এবার ঈদে আপনার বাসায় আমরা সপরিবারে চলে আসি, কী বলেন?
চতুর কলিগ ফাঁসাতে গিয়ে ফেঁসে যাওয়ার আশঙ্কায় বললেন, আমি তো তা-ই চেয়েছিলাম। কিন্তু আমার স্ত্রী আবার এবারই পরিবারের সবাইকে নিয়ে গ্রামে গিয়ে ঈদ উদ্যাপনের পরিকল্পনা করে আগাম টিকিট কিনে ফেলেছে।
খ. একই ফ্ল্যাটে থাকে দুই বন্ধু। একজন অতি চালাক। একজন একটু বোকাসোকা। চালাক বন্ধু থাকে ২০ তলায়, মোটা মাইনের ভালো চাকুরে। বোকা বন্ধু নিচতলায় থাকে, একটি সাধারণ চাকরি করে জীবন চালায়।
চালাক বন্ধু সুযোগ পেলেই বোকা বন্ধুর সঙ্গে মজা করে, তাকে ঠকায়। ঈদের দিন ফ্ল্যাটে লিফটম্যান দুপুরে ছুটিতে থাকায় লিফট বন্ধ থাকবে জেনে চালাক বন্ধু বোকা বন্ধুকে ফোন দিয়ে বলল, দোস্ত, আজ দুপুরে দাওয়াত। চলে আসিস।
বোকা বন্ধু তো বেজায় খুশি। আজ পোলাও-কোরমা খাওয়া হবে অনেক দিন পর। ঈদের নতুন পোশাক পরে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে হাঁপিয়ে গেল। কিন্তু ওপরে উঠে দেখে দরজায় নোটিশ লাগানো, ‘খালার বাসায় দাওয়াতে যেতে হলো হঠাৎ করেই। সরি, দোস্ত’।
বোকা বন্ধু হতবাক। তবে সে যে বোকা নয়, সেটা প্রমাণের জন্য বন্ধুর লেখা নোটিশের নিচে লিখল, ‘আমিও আসতে পারলাম না দোস্ত। আমার খালা এসে তাঁর বাসায় ধরে নিয়ে গেল’।
গ. ঈদ উপলক্ষে কেনাকাটায় ছাড় দেওয়ার রেওয়াজ চালু হয়েছে। কোথাও মূল্যহ্রাস, কোথাও একটি কিনলে একটি ফ্রি, কোথাও শাড়ি কিনলে চুড়ি ফ্রি, কোথাও মাংস কিনলে মসলা ফ্রি–এ রকম আর কি! একটি দোকানে এমন কোনো ছাড় না দেখে একজন ক্রেতা কৌতূহল নিয়ে বিক্রেতাকে জিজ্ঞেস করলেন, কী ব্যাপার ভাই, আপনাদের দোকানে কোনো ছাড় নেই?
বিক্রেতা হাসতে হাসতে জবাব দিলেন: হ্যাঁ ভাই, আমরা ‘ছাড়’ শব্দটাকেই ‘ছাড়’ দিয়েছি।
ঘ. ঈদের দিন রিকশা পাওয়া যায় না সহজে। তালেব সাহেব আত্মীয় বাড়ি যাওয়ার জন্য রাস্তায় বেরিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেও রিকশা না পেয়ে মহা বিরক্ত। হঠাৎ একটি রিকশা সামনে পেয়ে চালককে জিজ্ঞেস করলেন, এই রিকশা যাবে?
গামছা দিয়ে ঘাম মুছতে মুছতে রিকশাচালক আরামে জানতে চান, কই যাইবেন?
তালেব সাহেব রিকশাচালকের হাবভাব দেখে রেগেমেগে বললেন, জাহান্নামে!
রিকশাচালক একগাল হাসি দিয়ে বললেন, অসুবিধা নেই। ভাড়া বেশি দেওন লাগব। ওইহান থিকা আসার সময় প্যাসেঞ্জার পামু না, খালি ফিরন লাগব।
ঙ. একবার ঈদে এক প্রতিবেশীর বাড়ি বেড়াতে গিয়ে শন্টু মন্টু বল্টু কিছুটা অবাক হলো। ঈদের দিন, অথচ আপ্যায়নের কোনো ব্যবস্থা নেই। দেওয়া হচ্ছে শুধু পানি আর শরবত। বল্টু একটু বিটলা কিসিমের। মুখে এক ঢোক পানি দিয়ে চিৎকার দিয়ে উঠল, খালা, আপনাদের বাসায় একটু সেমাই হবে বা অন্য কিছু শুকনো খাবার? আমার গলায় পানি আটকে গেছে।
চ. একজন মন্ত্রী গেছেন একটি সভায় প্রধান অতিথি হয়ে। একটি ছোট খালের ওপর পাশাপাশি দুটি একই রকম ব্রিজ দেখে মন্ত্রী স্থানীয় কর্মকর্তার কাছে এর কারণ জানতে চাইলেন। কর্মকর্তা বললেন, বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই সরকারি নির্দেশ এসেছিল। স্থানীয় জনপ্রতিনিধি উচ্চশিক্ষিত। দুই ভাষাতেই তিনি সমান পারদর্শী। তাই দুটি আদেশই তিনি তামিল করেছেন। দুটি ব্রিজ বানিয়ে।










