Ajker Patrika

ওটা ছবি না, আয়না

বিরস
আপডেট : ২২ জুন ২০২২, ১০: ৪২
ওটা ছবি না, আয়না

চাঞ্চল্যকর ব্যাংক ডাকাতি মামলার শুনানির শেষ মুহূর্তে অভিযুক্ত গোলামালীর আইনজীবী মাননীয় বিচারকের উদ্দেশে বললেন: মাননীয় আদালত, আদালতে উত্থাপিত তথ্য ও সওয়াল-জবাবের শেষে এটা নিঃসন্দেহে বলা যায় যে, আমার মক্কেল বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক গোলামালী সম্পূর্ণ নির্দোষ। ব্যাংক ডাকাতির সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। তাঁকে বেকসুর খালাস দেওয়া হোক।

আদালতে উপস্থিত সবাই ফিসফাস শুরু করল। গোলামালীকে ব্যাংক ডাকাত অভিহিত করে গণমাধ্যমে খবর ছাপা হয়েছে। তিনি বেকসুর খালাস পেয়ে যাবেন? শোরগোল থামাতে বিচারক তাঁর টেবিলে হাতুড়ি ঠুকে বললেন, ‘শান্ত হোন, শান্ত হোন।’

আদালতে এবার পিনপতন নীরবতা নেমে এল। মাননীয় বিচারক চোখের চশমা ঠিক করে কী সব নথিপত্রে নজর বোলালেন। তারপর সোজা হয়ে বসে বললেন, ‘তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত গোলামালীকে বেকসুর খালাস দেওয়া হলো।’

বিচারক আসন ছেড়ে উঠতে যাবেন এমন সময় কাঠগড়ায় দাঁড়ানো গোলামালী বলে উঠল, ‘মাননীয় বিচারক, আমার একটি ছোট প্রশ্ন...’

বিচারক আবার বসলেন। তারপর চোখ বড় বড় করে বললেন, ‘আপনার আবার কী প্রশ্ন?’

গোলামালী: হুজুর, আমি জানতে চাই, আমাকে কি ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকাগুলো ফেরত দিতে হবে?

 

খ. গ্রাম থেকে ঢাকা দেখতে এসে তালেবালীর তো মাথাই নষ্ট।

‘এ কিরে বাবা, এটা আবার কেমন শহর, এখনো তো এটা বানানোই শেষ হয়নি!’

একটু যেতে না যেতেই দেখা যায় বিল্ডিং বানানোর কাজ চলছে।

তালেবালী চরম বিরক্ত হয়ে সাজানো-গোছানো সারি সারি দোকান দেখে একটি দোকানে ঢুকলেন। ছবির দোকান। সারিবদ্ধ সাজিয়ে রাখা হয়েছে হরেক রকম ছবি। গ্রামের দৃশ্য, নদী, পাহাড়, সাগর, আকাশ—কত ছবি! বাঘের ছবি, হরিণের ছবিসহ কত পশুপাখির ছবিও আছে। আছে কত নারী-পুরুষ-শিশুর ছবি।

ঘুরতে ঘুরতে এক জায়গায় এসে থমকে দাঁড়ালেন তালেবালী। গায়ে ৫০০ টাকা দাম লেখা দেখে বিক্রেতার কাছে জানতে চাইলেন, ‘এই বিচ্ছিরি ছবিটার দাম ৫০০ টাকা কেন? এটা বিনে পয়সায় দিলেও নেব না।’

বিক্রেতা সবিস্ময়ে বললেন, ‘ছবি কই দেখলেন? ওটা তো আয়না। ওতে নিজের মুখ দেখা যায়!’

 

গ. করোনা যখন দাপট দেখাতে শুরু করে, তখন মোটামুটি ধনবান এক ব্যক্তির মৃত্যুর পর মৃতদেহ সৎকারের ব্যবস্থা করতেও মানুষ খুঁজতে বেগ পেতে হয়েছে। এ খবর পড়ে সোবহান চৌধুরী একটু ঘাবড়ে গেলেন এই ভেবে যে তাঁর জীবনে এমন বিপদ এলে তিনিও কি মরে পড়ে থাকবেন! বুঝতে পারছিলেন না তাঁর প্রকৃত শুভাকাঙ্ক্ষী সত্যি কেউ আছে কি না। একদিন একটা আস্ত বড় গরু গ্রিল করে মেয়েকে বললেন, ‘আমার শুভাকাঙ্ক্ষীদের ভোজের জন্য ডাকো।’

কিন্তু মেয়েটি রাস্তায় গিয়ে চিৎকার করতে থাকল, ‘আমাদের বাসায় আগুন লেগেছে। কে কোথায় আছ, আমাদের সাহায্য করো!’

অল্প কিছুসংখ্যক মানুষ সাহায্যের জন্য এগিয়ে এলেন। অন্যরা এমন ভাব করলেন যেন তাঁরা কিছু শুনতেই পাননি। অল্প যে কয়জন সাহায্যের জন্য এসেছিলেন, তাঁরা পেট পুরে মজাদার খাবার খেয়ে বিদায় নিলেন।

বাবা আশ্চর্য হয়ে মেয়েকে বললেন, ‘মা, তোর চিৎকার শুনে যাঁরা এসেছেন, তাঁদের কাউকেই আমি চিনি না। আমাদের শুভাকাঙ্ক্ষীরা সব কোথায়?’

মেয়েটি উত্তর দিল: যাঁরা এসেছেন, তাঁরা কিন্তু খাবার খেতে আসেননি। তাঁরা এসেছেন আমাদের বাড়ির আগুন নেভাতে। এঁরাই আমাদের আপনজন। যারা বিপদের সময় পাশে থাকে না, তারা তোমার আনন্দের অংশীদার হওয়ার যোগ্য কি না, ভাবতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত