জাহাঙ্গীরকে এড়িয়ে চলছেন অনুসারীরাও

বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়ার পরও যাঁরা পাশে ছিলেন, আওয়ামী লীগের এক সিদ্ধান্তেই রাতারাতি তাঁরা গাজীপুরের সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে এড়িয়ে চলছেন। মহানগর আওয়ামী লীগ ও দলটির প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের পর মেয়রের পদও চলে যেতে পারে ধরে নিয়েই একসময়ের আস্থাভাজনেরাও তাঁর পাশে থাকছেন না।
জাহাঙ্গীরকে নিয়ে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সিদ্ধান্ত মেনে নিয়ে গাজীপুর মহানগর আওয়ামী লীগ তাঁর অনুসারী হিসেবে পরিচিত নেতারা নতুন রাজনৈতিক সমীকরণের কথা ভাবছেন। স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।
এদিকে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়রকে দলীয় সিদ্ধান্তের ওপর ভিত্তি করে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি মেয়রের পদে থাকবেন কি না, সেটা আইন পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল রাজধানীতে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
গত ২২ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে জাহাঙ্গীর আলমের একটি বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় তাঁর বিচারের দাবিতে গাজীপুরে মিছিল ও সমাবেশ করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ভিডিওটিকে অপপ্রচারের হাতিয়ার হিসেবে সুপার এডিটেড দাবি করে জাহাঙ্গীরের অনুসারীরাও প্রতিবাদ সভা করেন গাজীপুর মহানগরে। দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচিও পালন করে। মেয়রের পক্ষে ডাকা কর্মসূচিতে নেতা-কর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। কিন্তু গত ৩ অক্টোবর তাঁকে আওয়ামী লীগের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর সেটা কমতে থাকে। সর্বশেষ গত শুক্রবার অনুষ্ঠিত দলটির কার্যনির্বাহী বৈঠকে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজীবনের জন্য তাঁকে বহিষ্কার করা হয়।
এত দিন মহানগরের হারিকেন এলাকায় মেয়রের বাসভবনে গেলে নেতা-কর্মীদের ভিড় দেখা যেত। কয়েক ধাপের নিরাপত্তাবেষ্টনী পার হয়ে মেয়রের সাক্ষাৎ পাওয়া যেত। কিন্তু সরেজমিন গতকাল শনিবার তেমন কিছুই দেখা যায়নি। ছিলেন কয়েকজন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। গতকাল সকালে গাজীপুরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাহাঙ্গীর আলম। সেখানে উপস্থিত ছিলেন দুজন কাউন্সিলর ও তাঁর কিছু অনুসারী।
গাজীপুর মহানগর আওয়ামী লীগ তিন ধারায় বিভক্ত। এক ধারার নেতৃত্ব দিতেন জাহাঙ্গীর আলম। বাকি দুই ধারার নেতৃত্বে রয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান এবং স্থানীয় সংসদ সদস্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তবে মেয়র ও দলীয় পদ থাকায় তিনি অপর দুই নেতাকে গুরুত্ব দিতেন না তেমন।
মহানগর আওয়ামী লীগে জাহাঙ্গীরের অনুসারী হিসেবে পরিচিত মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, প্রচার সম্পাদক মনির হোসেন, গাজীপুর আদালতের জিপি আমজাদ হোসেনের সঙ্গে কথা হয়। তাঁরা সবাই বলছেন, জাহাঙ্গীরের বিষয়ে দল যে সিদ্ধান্ত নিয়েছে, তা তাঁরা মেনে নিয়েছেন।
মুজিবুর রহমান বলেন, ‘গাজীপুর মহানগরের রাজনীতি নিয়ে শেখ হাসিনার বাইরে কোনো অবস্থান নেই। নেত্রী যেদিকে ঘোরাবেন, আমরা সেই দিকেই ঘুরব। মেয়র সাহেবও বলেছেন, নেত্রী যে সিদ্ধান্ত দিয়েছেন, সেটা মেনে নিয়েছেন।’
প্রচার সম্পাদক মনির হোসেন বলেন, ‘মেয়রের বিষয়ে দল যে সিদ্ধান্ত দিয়েছে, সেটা মেনেই আমাদের চলতে হবে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যকে সুপার এডিট বলে দাবি করে এর প্রতিবাদে গাজীপুরে সভা-সমাবেশও করেছেন তাঁর অনুসারীরা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী বৈঠকে তো প্রমাণ হয়েছে বক্তব্যটি জাহাঙ্গীর আলমেরই ছিল। এখন আপনারা কী বলবেন—এমন প্রশ্ন করা হয়েছিল আইনজীবী আমজাদ হোসেন বাবুলের কাছে। তিনি বলেন, ‘আমি কিছু বলব না। নেত্রী যে সিদ্ধান্ত দিয়েছেন। সেটা মাথা পেতে নেব। দল করতে গেলে সেটা মেনে নিতেই হবে।’
দল থেকে আজীবন বহিষ্কারাদেশের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘আমার বিষয়ে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন করব।’ তিনি অভিযোগ করে বলেন, ‘ছাত্ররাজনীতি করার সময় থেকে একটি প্রতিপক্ষ নানাভাবে আমার ক্ষতি করার চেষ্টা করেছে। এরই ধারাবাহিকতায় আমার ঘরের ভেতরে বসে তিন ঘণ্টার আলাপচারিতাকে খণ্ড খণ্ড করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।’
মেয়র জাহাঙ্গীর আরও বলেন, ‘আমি কোনো ভুল করিনি, তবু মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, তা মাথা পেতে নেব। আমি কোনো অন্যায় করিনি, অপরাধ করিনি। আমি সাধারণ সম্পাদক পদ চাই না, বাকি জীবন আওয়ামী লীগের সাধারণ সদস্য ও সমর্থক হয়ে থাকতে চাই।’
দলটির গঠনতন্ত্রের ৪৭-এর ২ ধারায় রয়েছে: ‘কার্যনির্বাহী সংসদ কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলে জাতীয় কমিটির নিকট সংগঠনের সাধারণ সম্পাদকের মাধ্যমে আপিল করতে পারবেন অভিযুক্ত। সে ক্ষেত্রে জাতীয় কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে।’ তবে জাহাঙ্গীর আলম আপিল করলেও তা নিষ্পত্তিতে জাতীয় কমিটির সভা ডাকার সম্ভাবনা নেই বলে দলটির নেতারা জানিয়েছেন।









