Ajker Patrika

বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিনিধি, জাবি
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৩: ১৮
বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা কার্যক্রম ৩০ সেপ্টেম্বরের মধ্যে সচলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলাভবন থেকে এ বিক্ষোভ শুরু করেন তাঁরা। মিছিলটি পুরোনো রেজিস্ট্রার ভবন, পরিবহন চত্বর ঘুরে নতুন রেজিস্ট্রার ভবনে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন ছাত্ররা।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বরাবর স্মারকলিপি দেন। উপাচার্যের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন তাঁর ব্যক্তিগত সচিব সানোয়ার হোসেন।

স্মারকলিপিতে তিনটি দাবি পেশ করেন শিক্ষার্থীরা। দাবি তিনটির মধ্যে রয়েছে ২২ সেপ্টেম্বরের মধ্যে হল-ক্যাম্পাস খোলার ঘোষণা, ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সচল করা এবং বিশ্ববিদ্যালয়ে টিকা বুথ স্থাপন করে সবার টিকা নিশ্চিত করা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের কল-কারখানা থেকে শুরু করে বিনোদনকেন্দ্র, হাট-বাজার সবকিছুই খোলা। ১২ সেপ্টেম্বর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও খুলে দেওয়া হয়েছে। এমনকি কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ইতিমধ্যে হলে অবস্থান করছেন অথবা অন্তত হল খোলার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু অতি দুঃখের সঙ্গে লক্ষ করছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে প্রশাসনের কোনো সুস্পষ্ট পরিকল্পনা ও উদ্যোগ আমাদের দৃষ্টিগোচর হয়নি। শিক্ষার্থীদের এক নিদারুণ অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করতে হচ্ছে।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের একটি বড় অংশ ইতিমধ্যে টিকার অন্তত প্রথম ডোজ সম্পন্ন করেছেন এবং বহু শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে এসএমএসের অপেক্ষা করছেন। হল খুলে দিয়ে ক্যাম্পাসে টিকাদানের বুথ স্থাপন করে তাঁদের খুব অল্প সময়ের মধ্যেই টিকাদান সম্ভব বলে আমরা মনে করি। তাই আমরা জরুরি ভিত্তিতে সেপ্টেম্বর মাসের মধ্যেই হল-ক্যাম্পাস সচলের প্রয়োজনীয়তা অনুভব করছি।

জাবি সংসদ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাকিবুল রনি বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রস্তুতির ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে আছে। এর কারণ কী, ছাত্ররা জানতে চায়। আমরা জানি ইউজিসি সব বিশ্ববিদ্যালয়ের কাছে টিকা গ্রহণের তথ্য চেয়েছে। কিন্তু জাবি তা পাঠায়নি। আমরা বলতে চাই, ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলা না হলে আমরা বুঝে নেব, টিকা কোনো ইস্যু নয়। বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার অন্য কোনো কারণ রয়েছে।’

ইতিহাস বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী নুসরাত ফারিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে শিক্ষামন্ত্রীর স্পষ্ট বার্তা রয়েছে। টিকা নিয়ে শিক্ষার্থীদের হলে ওঠাতে হবে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে অর্ধেকের বেশি শিক্ষার্থী টিকা নিয়েছে। এরপরও প্রশাসন টালবাহানা করছে। অনলাইনে ক্লাস-পরীক্ষার নামে প্রহসন করছে। শিক্ষার্থীদের গ্রাম থেকে এসে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ছাত্রাবাসে থাকতে হচ্ছে। অভিভাবকদের অতিরিক্ত খরচের ভোগান্তি পোহাতে হচ্ছে।’

জাবি শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক শোভন রহমান বলেন, ‘আমরা প্রশাসনকে বলতে চাই, ৩০ সেপ্টেম্বরের মধ্যে আমরা আবাসিক হলে স্বাস্থ্যবিধি মেনে হলে উঠব। এ জন্য আপনারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। হলে উঠতে না দিলে আমরা পরবর্তী কর্মসূচিতে যাব।’

এদিকে বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে কর্তৃপক্ষ প্রস্তুতি গ্রহণ করছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ। তিনি বলেন, ‘আজ (বুধবার) প্রশাসনিক মিটিং আছে, সেখানে বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে কীভাবে প্রস্তুতি নেওয়া যায়, তা নিয়ে আলোচনা করা হবে। শিগগিরই সিন্ডিকেট সভা আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় খুলবে। তবে তার আগে আমাদের কিছু প্রস্তুতির দরকার রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত