Ajker Patrika

ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক

বাসস, ঢাকা
ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক
প্রতীকী ছবি

রাজধানী ঢাকার চারপাশের নদ-নদীর উভয় তীর থেকে ১০০ মিটারের (৩০০ ফুট) মধ্যে নতুন যেকোনো ধরনের সরকারি ও বেসরকারি অবকাঠামো নির্মাণের অনুমোদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নদীদূষণ প্রতিরোধ, নাব্যতা রক্ষা এবং প্রস্তাবিত ‘ইনার সার্কুলার রোড’ ও বৃত্তাকার নৌপথ নির্মাণের স্বার্থে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক কেন্দ্রীয় সেলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং এটি বাস্তবায়নের মূল দায়িত্ব দেওয়া হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক)।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানায়, গত ৪ অক্টোবর ঢাকার চারপাশের নদ-নদী ও তৎসংলগ্ন খাল-ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন সংক্রান্ত কেন্দ্রীয় সেলের সভায় নদীর দুই তীরে ১০০ মিটার সুরক্ষা বলয় গড়ে তোলার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

নদীর কোন অংশ থেকে এই ১০০ মিটার দূরত্ব পরিমাপ করা হবে—এমন প্রশ্নের জবাবে রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) শাহীনুর আলম রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে বলেন, নদীতীরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক স্থাপিত সীমানা পিলার থেকে এই ১০০ মিটার দূরত্ব পরিমাপ করা হবে।

তিনি আরও জানান, নদী তীরবর্তী এলাকা রক্ষণাবেক্ষণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ সরাসরি বিআইডব্লিউটিএ-র কার্যপরিধির অন্তর্ভুক্ত হওয়ায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক এবং বিআইডব্লিউটিএ সমন্বিতভাবে কাজ করবে। শিগগিরই আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত দিকনির্দেশনা ঠিক করা হবে।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ-র যুগ্ম পরিচালক ও ঢাকা নদীবন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মোবারক হোসেন মজুমদার বাসসকে বলেন, ‘১৯৫০ সালের আইন অনুযায়ী এতদিন নদী সীমানা থেকে ৫০ মিটার (১৫০ ফুট) পর্যন্ত সংরক্ষিত এলাকা ছিল এবং এর মধ্যে স্থাপনা নির্মাণে বিআইডব্লিউটিএ-র অনুমতির প্রয়োজন হতো। সরকার এখন সেই সুরক্ষা সীমানা ৫০ মিটার থেকে বাড়িয়ে ১০০ মিটার বা ৩০০ ফুট করছে। আনুষ্ঠানিক পরিপত্র জারি হলে আমরা তা বাস্তবায়নে কাজ করব।’

নগর পরিকল্পনাবিদেরা মনে করছেন, এই সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে ঢাকার ‘গ্রিন-ব্লু নেটওয়ার্ক’ (নগরের সবুজ পার্ক ও বনাঞ্চলের সঙ্গে নদী, খাল ও জলাধারের সংযুক্ত পরিবেশগত নেটওয়ার্ক) ব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে, যা শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসনে সহায়ক হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আখতার মাহমুদ বাসসকে বলেন, ‘নদীর ১০০ মিটারের ভেতরে কোনো ধরনের স্থাপনা তৈরি না করার উদ্যোগ আরও অনেক আগেই নেওয়া উচিত ছিল। কারণ স্থাপনা তৈরি হয়ে গেলে বর্ষাকালে পানি আর নামতে পারে না, ফলে নগরে জলাবদ্ধতা তৈরি হয়।’

তিনি নদীর দুই পাশে সীমানা চিহ্নিত করে সেখানে ‘রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট’ বা গণপরিসর ও সবুজ বেষ্টনী গড়ে তোলার পরামর্শ দেন, যাতে সাধারণ মানুষ নদীর পাড়ে হাঁটাহাঁটি ও নির্মল পরিবেশে সময় কাটানোর সুযোগ পান। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেও খাল-নদী সংস্কার ও বৃক্ষরোপণের অঙ্গীকার থাকায় অগ্রাধিকার ভিত্তিতে এটি বাস্তবায়ন করা জরুরি বলে তিনি উল্লেখ করেন।

সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা)-এর সদস্যসচিব শরীফ জামিল বলেন, ‘এটি নদীর প্রয়োজনীয়তা ও নদীকে দখলমুক্ত রাখার ক্ষেত্রে একটি ভালো বার্তা দেবে। তবে দখল ও দূষণ পুরোপুরি রোধ করতে হলে কঠোরভাবে আরও অনেক পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।’

বিশেষজ্ঞদের মতে, কেবল অবকাঠামোর অনুমোদন বন্ধ রাখাই যথেষ্ট নয়; বরং নদীর স্বাভাবিক গতিপথ ও মৌসুমি পরিবর্তন বিবেচনায় নিয়ে বৈজ্ঞানিকভাবে সীমানা নির্ধারণ, নিয়মিত তদারকি এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলেই এই উদ্যোগ ঢাকার নদী ও জলাভূমি সংরক্ষণে টেকসই ভূমিকা রাখবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত