নদী রক্ষায় ১৭ দফা দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

দেশের নদ-নদী রক্ষায় ১৭ দফা দাবি জানিয়ে সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন। সংগঠনটির ঢাকা মহানগর শাখা আজ বুধবার ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের মাধ্যমে প্রধানমন্ত্রীকে দেওয়া স্মারকলিপিতে এই দাবি জানিয়েছে।
বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মিহির বিশ্বাস, ঢাকা মহানগর শাখার সভাপতি মহসীনুল করিম লেবু ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান এবং ঢাকা মহানগর (দক্ষিণ) শাখার সভাপতি মো. শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক শাকিল রহমান স্মারকলিপিটি ডিসির কাছে হস্তান্তর করেন।
স্মারকলিপিতে বলা হয়েছে, বর্ষায় ভয়াবহ বন্যা, শুষ্ক মৌসুমে পানির সংকট, উজান থেকে অসময়ে পানি ছাড়া, নদী দখল, অবৈধ বালু উত্তোলন, শিল্পবর্জ্য ও প্লাস্টিক দূষণ, নদীভাঙন এবং মৎস্যসম্পদ ধ্বংসের ঘটনা অব্যাহত রয়েছে। ঢাকার বুড়িগঙ্গা ও তুরাগ নদী এ সংকটের অন্যতম উদাহরণ।
স্মারকলিপিতে নদীসংক্রান্ত প্রকল্পে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটির মতামত বাধ্যতামূলককরণ, শিল্পকারখানায় ২৪ ঘণ্টা ইটিপি চালু রাখা, নদীর পাড়ে নিয়মিত জরিপ ও অবৈধ দখলদারদের উচ্ছেদ, পরিকল্পিতভাবে নদী খনন, ভরাট হয়ে যাওয়া নদী, খাল ও জলাধার পুনরুদ্ধার; হাওর ও পাহাড়ি নদী থেকে অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধ, নদীভাঙন রোধে কার্যকর বাঁধ নির্মাণ, নদীবন্দর সংস্কার, অপরিকল্পিত সেতু ও বাঁধ অপসারণ এবং নদীতীরে দেশীয় ও জলজ পরিবেশবান্ধব বৃক্ষরোপণের দাবি জানানো হয়েছে।
এ ছাড়া বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা, বালু, বংশী ও কর্ণফুলীসহ দূষিত নদীগুলোতে পানি পুনর্ব্যবস্থাপনা বা রিসাইক্লিং ব্যবস্থা চালু, নদী রক্ষায় শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম, সামাজিক মৎস্য চাষ, প্রজনন মৌসুমে জেলেদের বিকল্প কর্মসংস্থান, বন্যাকবলিত এলাকায় আগাম সতর্কীকরণ ব্যবস্থা জোরদার এবং অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।









