Ajker Patrika

নাটকের শুটিংয়ে ফিরলেন তানজিন তিশা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
নাটকের শুটিংয়ে ফিরলেন তানজিন তিশা
তানজিন তিশা। ছবি: সংগৃহীত

গত বছর সাকিব ফাহাদের ‘সোলজার’ সিনেমায় নাম লেখানোর পর থেকেই নাটকে অনিয়মিত তানজিন তিশা। শোনা যাচ্ছিল সিনেমায় মনোযোগ দিতে নাটক থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। গত চার মাস নতুন কোনো নাটকে কাজও করেননি। ফলে তিশার নাটক ছাড়ার গুঞ্জন আরও তীব্র হয়। অবশেষে বিরতির পর আবার নিজের চেনা জগতে ফিরেছেন তিশা। ইতিমধ্যে শেষ করেছেন মহিদুল মহিমের নাটক ‘ভালোবাসার অভিযান’ ও চয়নিকা চৌধুরীর ‘প্রথম দেখার পর’।

নির্মাতা হিসেবে ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে চয়নিকা চৌধুরী বানাচ্ছেন প্রথম দেখার পর। এতে তিশার সঙ্গে আছেন ইরফান সাজ্জাদ। এ নাটকের শুটিং সেট থেকে তিশা কথা বলেন নাটকে ফেরা প্রসঙ্গে। জানান, নাটক হচ্ছে তাঁর শিকড়, যা কখনো ভুলবেন না তিনি।

তিশা বলেন, ‘প্রায় সাড়ে চার মাস নাটকের শুটিং করিনি। সবাই ধরে নিয়েছিল সিনেমার জন্য নাটক ছেড়ে দিয়েছি। আর কাজ করব না। আমি আগেও বলেছি, আমি শিকড় কখনো ভুলি না। নাটক আমার শিকড়। এটা আমার ভালোবাসার জায়গা। যখন মনে হলো, আমার আবার শুরু করা উচিত, তখন চয়নিকা দিদিকে প্রথম দেখার পর নাটকের জন্য শিডিউল দিই। এর আগে একটি নাটকের কাজ করা হয়েছে।’

প্রথম দেখার পর নাটক নিয়ে তিশা বলেন, ‘একটি সুন্দর ভালোবাসার গল্প নিয়ে এই নাটক। অনেক দিন পর চয়নিকা দিদির সঙ্গে কাজ করলাম। আশা করছি তাঁর পরিচালনায় আগের নাটকগুলোতে দর্শকের যে ভালোবাসা পেয়েছি, এবারও পাব।’

এদিকে গত বছর শুরু হলেও এখনো শেষ হয়নি সোলজার সিনেমা কাজ। বাকি আছে একটি গান ও কিছু দৃশ্যের শুটিং। জানা গেছে, আগামী মাসে শুরু হতে পারে বাকি অংশের শুটিং। সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষ দিকে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।

সোলজারে তানজিন তিশার বিপরীতে আছেন শাকিব খান। দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ মানুষের সংগ্রামের গল্প নিয়ে সাকিব ফাহাদ তৈরি করছেন সিনেমাটি। এতে আরও অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, তারিক আনাম খান, তৌকীর আহমেদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত