Ajker Patrika

চরিত্রের প্রয়োজনে কর্ণাটকি সংগীত শিখছেন রাশমিকা

বিনোদন ডেস্ক
চরিত্রের প্রয়োজনে কর্ণাটকি সংগীত শিখছেন রাশমিকা
রাশমিকা। ছবি: সংগৃহীত

অভিনয়ের স্বার্থে কখনো শিখতে হয় নতুন ভাষা, কখনো বদলাতে হয় শারীরিক গঠন। তবে এবার একেবারে অন্য রকম চ্যালেঞ্জের মুখে রাশমিকা মান্দানা। কিংবদন্তি কর্ণাটকি শাস্ত্রীয় সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর বায়োপিকে নামভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। আর এই চরিত্রটি নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলতে কর্ণাটকি সংগীত শেখার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকা অকপটে জানান, গান গাওয়ার অভ্যাস তাঁর কোনো দিনই ছিল না। এমনকি বাড়িতেও কখনো গুনগুন করে গান করেন না। কিন্তু ‘এমএস: আ লিগ্যাসি অন স্ক্রিন’ সিনেমায় সুব্বুলক্ষ্মীর চরিত্রে অভিনয়ের জন্য এবার সেই অচেনা জগতে পা রাখতে চলেছেন তিনি।

রাশমিকা জানিয়েছেন, পর্দায় কেবল গান গাওয়ার ভান না করে, শিল্পটাকে সঠিকভাবে রপ্ত করতে চান তিনি। কর্ণাটকি শাস্ত্রীয় সংগীতের তালিম নিয়ে বিষয়টি যথাযথভাবে শিখতে চান। তাই ধীরে ধীরে গানের জগতের সঙ্গে পরিচিত হচ্ছেন রাশমিকা; নতুন এই অভিজ্ঞতা নিয়ে তিনি বেশ কৌতূহলী।

শুরুতে এই বায়োপিকের প্রস্তাব পেয়ে বেশ দ্বিধায় ছিলেন রাশমিকা। কারণ, তাঁর মনে হয়েছিল, এম এস সুব্বুলক্ষ্মীর মতো এত বড় মাপের একজন ব্যক্তিত্বকে পর্দায় ফুটিয়ে তোলার যোগ্যতা তাঁর আছে কি না। তবে আগামী প্রজন্মের কাছেও তাঁর জীবনকাহিনি পৌঁছে দেওয়া প্রয়োজন—সেই ভাবনা থেকেই শেষ পর্যন্ত চ্যালেঞ্জটি গ্রহণ করেন তিনি।

এমএস: আ লিগ্যাসি অন স্ক্রিন সিনেমাটি পরিচালনা করছেন ‘জার্সি’খ্যাত নির্মাতা গৌতম তিন্নানুরি। একাধিক ভাষায় বড় পরিসরে মুক্তি পাবে প্যান-ইন্ডিয়ান এই বায়োপিক।

১৯১৬ সালে জন্ম নেওয়া এম এস সুব্বুলক্ষ্মী কর্ণাটকি শাস্ত্রীয় সংগীতের অন্যতম সেরা শিল্পী। সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘ভারতরত্ন’ ছাড়াও প্রথম ভারতীয় সংগীতশিল্পী হিসেবে র‍্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন। গানের পাশাপাশি কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছিলেন তিনি। ২০০৪ সালে ৮৮ বছর বয়সে মারা যান এই সংগীতসম্রাজ্ঞী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত