অ্যাবাউট ডার্ক ব্যান্ডের নতুন গান

নতুন গান নিয়ে এল ব্যান্ড অ্যাবাউট ডার্ক। ‘নিরাকার’ শিরোনামের গানটিতে উঠে এসেছে বাক্স্বাধীনতা, মানবাধিকার ও ব্যক্তিস্বাধীনতার প্রসঙ্গ। মানুষের কণ্ঠরোধ, চিন্তার স্বাধীনতা সংকুচিত করা এবং নিজস্ব পরিচয় হারিয়ে ফেলার বিরুদ্ধে গানের সুরে প্রতিবাদ জানিয়েছে ব্যান্ডটি। আজ অ্যাবাউট ডার্ক ব্যান্ডের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে নতুন এই গান।
ব্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাকার গানের কথায় উঠে এসেছে মানুষের অসহায়ত্ব, হারিয়ে যাওয়া অস্তিত্ব এবং নিজের স্বাধীনতা ও জীবন ফিরে পাওয়ার আকুতি। গানটির পরতে পরতে এমন এক বাস্তবতার চিত্র আঁকা হয়েছে, যেখানে মানুষ সামাজিক চাপ, আরোপিত মূল্যবোধ ও ক্ষমতার প্রভাবে নিজের চিন্তা-চেতনা প্রকাশের স্বাধীনতাও হারিয়ে ফেলে।
ভয় কিংবা সামাজিক চাপের কারণে মানুষ যখন সত্য উচ্চারণে পিছিয়ে যায়, তখন তার নীরবতা ও পরিচয়ের সংকট আরও প্রকট হয়ে ওঠে। নিরাকার গানের মাধ্যমে নিজের স্বাধীনতা ও অধিকার নিয়ে ভাবতে শ্রোতাদের উৎসাহিত করতে চায় ব্যান্ডটি।
২০১৬ সালে যাত্রা শুরু করে ব্যান্ড অ্যাবাউট ডার্ক। ১০ বছরের সংগীতযাত্রায় ব্যান্ডটি প্রকাশ করেছে ‘কোন মোহে’, ‘তুমি’, ‘কালো মানুষ’, ‘লাইন’ শিরোনামের গানগুলো। ব্যান্ডটির বর্তমান লাইনআপে রয়েছেন মুন (ভোকাল), নাসির উল্লাহ ছুট্টি ও আরফান আহমেদ পূর্ণ (গিটার), আদনান আহমেদ ফিরোজ (বেজ) এবং জাকির (ড্রামস)।









