Ajker Patrika

নতুন সিজন নিয়ে ফিরছে ‘ট্রু ডিটেকটিভ’

বিনোদন ডেস্ক
আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১১: ৩২
নতুন সিজন নিয়ে ফিরছে ‘ট্রু ডিটেকটিভ’
নিকোলাস কেজ । ছবি: সংগৃহীত

নতুন সিজন নিয়ে ফিরছে এইচবিওর জনপ্রিয় অ্যান্থলজি সিরিজ ‘ট্রু ডিটেকটিভ’। পঞ্চম সিজনে অভিনয় করতে যাচ্ছেন দুই হলিউড তারকা নিকোলাস কেজ ও আন্তোনিও বান্দেরাস। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়েছে। সব ঠিক থাকলে ২০২৭ সালে সিরিজের নতুন সিজনের শুটিং শুরু হবে।

২০১৪ সালে শুরু হয়েছিল ট্রু ডিটেকটিভ। এর প্রতিটি সিজনে থাকে ভিন্ন গল্প ও অভিনয়শিল্পী। ম্যাথিউ ম্যাককনাহে ও উডি হ্যারেলসন অভিনীত প্রথম সিজনে দেখা যায় এক সিরিয়াল কিলারকে ধরার গল্প। ২০১৫ সালে প্রচারিত দ্বিতীয় সিজনে অভিনয় করেন কলিন ফারেল, র‍্যাচেল ম্যাকঅ্যাডামস ও ভিন্স ভন। এক হত্যারহস্য উন্মোচন করতে তিন ভিন্ন এলাকার তিন গোয়েন্দার তদন্তের গল্প দেখা যায় এ সিজনে।

আন্তোনিও বান্দেরাস
আন্তোনিও বান্দেরাস

দুই নিখোঁজ শিশুর রোমহর্ষক রহস্য নিয়ে তৈরি হয় সিরিজের তৃতীয় সিজন। ২০১৯ সালে প্রচারিত এ সিজনের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন মাহেরশালা আলী। তবে সিরিজটির জনপ্রিয়তার সব রেকর্ড ভেঙে দেয় ২০২৪ সালে মুক্তি পাওয়া চতুর্থ সিজন। আলাস্কায় আট মানুষের রহস্যজনক অন্তর্ধান নিয়ে তৈরি এ সিজনে অভিনয় করেন জোডি ফস্টার। ট্রু ডিটেকটিভ সিরিজটি এ পর্যন্ত ৪১টি এমি মনোনয়ন পেয়েছে, যার মধ্যে জিতেছে ৬টি পুরস্কার।

চতুর্থ সিজনের ব্যাপক সাফল্যের পর ইশা লোপেজ আবারও নতুন সিজনে ফিরছেন শো-রানার ও পরিচালকের দায়িত্বে। প্রথম সিজনের দুই তারকা ম্যাথিউ ম্যাককনাহে ও উডি হ্যারেলসন থাকছেন নির্বাহী প্রযোজক হিসেবে। নির্মাতারা জানিয়েছেন, পঞ্চম সিজনের পটভূমি হবে নিউইয়র্কের জ্যামাইকা বে। এতে হেনরি লোগান চরিত্রে অভিনয় করবেন নিকোলাস কেজ, আর রাই গার্সিয়া চরিত্রে দেখা যাবে আন্তোনিও বান্দেরাসকে।

অ্যাকশন সিনেমার জনপ্রিয় মুখ নিকোলাস কেজকে টিভি সিরিজের মূল চরিত্রে এর আগে মাত্র একবারই দেখা গেছে। প্রাইম ভিডিওর ‘স্পাইডার-নয়ার’-এর পর ট্রু ডিটেকটিভ হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় সিরিজ।

বিষয়:

হলিউড
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত