দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ব্যস্ত সময় পার করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। নিয়মিত কাজ করছেন টালিউড সিনেমায়। সাম্প্রতিক সময়ে তিনি শেষ করেছেন ব্রাত্য বসুর ‘শেকড়’ এবং সুমন মুখোপাধ্যায়ের ‘আজাদি’ সিনেমার শুটিং। এবার জানা গেল, প্রায় দুই বছর আগে মুক্তি পাওয়া ‘চালচিত্র’ সিনেমার প্রিকুয়েলে অভিনয় করবেন তিনি। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন চঞ্চল চৌধুরী।
২০২৪ সালের শেষ দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল প্রতীম ডি গুপ্তর ‘চালচিত্র’। এ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হয় বাংলাদেশের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর। স্বল্প সময়ের পর্দা উপস্থিতি নিয়েও প্রশংসিত হয়েছে অপূর্বর অভিনয়। এবার চালচিত্রের নতুন চমক হিসেবে যুক্ত হলেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী।
প্রায় দুই বছর আগে চালচিত্র মুক্তির পর ‘চালচিত্র ২’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা। চালচিত্র সিনেমার গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছিল ১২ বছর আগের একটি মামলা। যেখানে সিরিয়াল কিলার চরিত্রে ছিলেন ব্রাত্য বসু। নির্মাতা জানিয়েছিলেন, সেই সময়ের গল্পের সঙ্গে বর্তমান সময়ের গল্পও দেখা যাবে চালচিত্র ২ সিনেমায়। তাই চালচিত্রের পরের পর্বকে একই সঙ্গে প্রিকুয়েল ও সিকুয়েল বলেছিলেন তিনি। তবে সময়ের সঙ্গে বদলে গেছে পরিকল্পনা। এখন শুধু ওই সিরিয়াল কিলারের গল্প দিয়েই লেখা হয়েছে চিত্রনাট্য। পরিবর্তন এসেছে মুক্তির মাধ্যমেও। সিনেমা নয়, বরং সিরিজ হিসেবে মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে।
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী চালচিত্র সিনেমায় ব্রাত্য বসু অভিনীত সিরিয়াল কিলার চরিত্র ‘ভুবন’-এর যুবক বয়সের ভূমিকায় দেখা যাবে চঞ্চলকে। চরিত্রটি ভয়ংকর হলেও তার অপরাধী হয়ে ওঠার নেপথ্যে রয়েছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে মোড়ানো এক অতীত। সেটাই ফুটে উঠবে কাহিনিতে। তবে নিজের অভিনীত চরিত্র নিয়ে রহস্য জিইয়ে রাখলেন চঞ্চল চৌধুরী। তিনি বললেন, ‘আমি তো জানি এটা আলাদা একটা চরিত্র।’
বিস্তারিত জানতে চাইলে এখনই নিজের অভিনীত চরিত্র কিংবা সিরিজের গল্প নিয়ে কিছু বলতে রাজি হলেন না চঞ্চল। অভিনেতার ভাষ্য, ‘গল্প নিয়ে বিস্তারিত বলা যাবে না। এটার জন্য দর্শককে অপেক্ষা করতে হবে। আমি অভিনয় করছি, এটা চূড়ান্ত। কাজটা যখন দর্শক দেখবে, তখনই গল্প আর চরিত্রটা দেখুক।’
আগের মতো এবারও প্রধান তদন্তকারী অফিসারের ভূমিকায় থাকছেন টোটা রায়চৌধুরী। আরও আছেন শ্বেতা মিশ্র, বরুণ চন্দ প্রমুখ। ইতিমধ্যে শুরু হয়েছে শুটিং। চঞ্চল চৌধুরী জানালেন, দু-এক দিনের মধ্যে তিনিও যোগ দেবেন চালচিত্র ২-এর শুটিংয়ে। সবকিছু ঠিক থাকলে দুর্গাপূজায় ওটিটিতে মুক্তি পাবে চালচিত্র ২।

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
৪ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
৪ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
৪ ঘণ্টা আগে