
ওটিটিতে কবে দেখা যাবে—এমন প্রশ্নের মুখোমুখি প্রায়ই হতে হয়েছে অভিনেত্রী কেয়া পায়েলকে। উত্তরে বরাবরই পায়েল জানাতেন, ব্যাটে-বলে মিলে গেলে কাজ করবেন ওটিটিতে। অবশেষে ওয়েব কনটেন্টে যাত্রা শুরু হলো কেয়া পায়েলের। তিনি অভিনয় করছেন ‘হ্যাপিলি ম্যারিড’ নামের ওয়েব ফিল্মে। তাঁর বিপরীতে আছেন আরিফিন শুভ। এবারই প্রথম শুভর বিপরীতে অভিনয় করছেন কেয়া পায়েল। সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ প্রীতম।
ওয়েব ফিল্মটির গল্প এগিয়েছে এ যুগের এক জটিল মনস্তাত্ত্বিক ও সামাজিক টানাপোড়েনকে কেন্দ্র করে। গল্পের এক প্রান্তে সহজ-সরল, সৎ যুবক আনিস; অন্যদিকে উচ্চবিত্ত ও আধুনিক শহুরে সংস্কৃতির চাদরে মোড়ানো তরুণী অনামিকা। যার স্বপ্ন সোশ্যাল মিডিয়ার রোমাঞ্চ, সেলিব্রিটি ফ্যান্টাসি এবং ভার্চুয়াল জগতের মোহনীয় রঙিন দুনিয়াকে ঘিরে। আনিস চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ, অনামিকা চরিত্রে কেয়া পায়েল।
সমকালীন জীবনের জটিলতা, পারিবারিক সম্পর্কের চিরন্তন বন্ধন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকে হ্যাপিলি ম্যারিড ওয়েব ফিল্মে এক সুতোয় বাঁধা হয়েছে বলে জানান নির্মাতা। জাহিদ প্রীতম বলেন, ‘কাছাকাছি সময়ের ভিন্ন অবস্থানের দুজন মানুষের গল্প এটা। তারা তাদের ব্যক্তিসত্তা, পরিবার, সমাজ ও সম্পর্ক নিয়ে কী ভাবেন, তার প্রতিফলন পাওয়া যাবে ফিল্মে। আমি আশাবাদী যে দর্শকদের মধ্যে একটা উপলব্ধি আমি তৈরি করতে পারব।’
আরিফিন শুভ জানান, তাঁর অভিনীত চরিত্রটি মফস্বলের দায়িত্বশীল এক যুবকের, যার পৃথিবীজুড়েই রয়েছে পরিবার, ছোট ভাইবোন ও প্রিয় মানুষেরা। শুভ বলেন, ‘পর্দায় দর্শকেরা সাধারণত আমাকে যেভাবে দেখে অভ্যস্ত, এখানে আমাকে সেভাবে দেখা যাবে না। একেবারেই ভিন্নধর্মী একটি চরিত্র, তবে দর্শকদের ভালো লাগবে বলেই আশা করছি।’
কেয়া পায়েল বলেন, ‘আমার চরিত্রটা প্রেমে পড়ার মতো। চরিত্রটির অনেক লেয়ার আছে। সব মিলিয়ে আমার মনে হয়েছে, দর্শক আমাকে নানা সময়ে নানা চরিত্রে দেখেছেন, এবার দেখবেন আরও একটি ভিন্ন আঙ্গিকের চরিত্রে।’
হ্যাপিলি ম্যারিড মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। এটি চরকির মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের সপ্তম সিনেমা। সহ-প্রযোজক ছবিয়াল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘ভাবনার ভিন্নতার কারণে দুজন মানুষের যে দ্বন্দ্ব, খুনসুটি, নিজেদের ভাবনাগুলোকে মেলানোর চেষ্টা; গল্পের এই বিষয় আমার খুব ভালো লেগেছে। গল্পের মতো করেই আমরা মূল দুই শিল্পীকে কিছুটা ভিন্নভাবে দেখতে পাব। সেটা দর্শকদের ভালো লাগবে আশা করি।’

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার একটি স্টেট পার্কে ২০২৪ সালের এপ্রিলে ৩০ বছর বয়সী মাইকা মিলারের মরদেহ উদ্ধারের পর থেকেই তাঁর মৃত্যু ঘিরে নানা প্রশ্নের জন্ম নেয়। ঘটনার ১০ দিন পর কর্তৃপক্ষ জানায়, মাইকা আত্মহত্যা করেছেন।
৫ ঘণ্টা আগে
নতুন আয়োজনে আইয়ুব বাচ্চুর ২০ গানে তৈরি ‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে চলছে বিতর্ক। এবার আইয়ুব বাচ্চুর গান বিকৃত করার প্রতিবাদ জানিয়ে উত্তরাধিকার অ্যালবামটি বাতিলের দাবিতে চট্টগ্রামে মৌন প্রতিবাদ ও মানববন্ধন করেছে ‘ভয়েস ফর এবি’।
১৮ ঘণ্টা আগে
কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের ‘পাতার বাঁশরি’ গানের শুটিং হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহাসিক বড় সরদারবাড়িতে। গত মাসে গানটি প্রকাশের পর দারুণ প্রশংসিত হয়েছে। কিন্তু এই গানের শুটিংয়ের ফলে স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি।
১৮ ঘণ্টা আগে
রোজার ঈদে ‘প্রিন্স’ মুক্তির পর নতুন আর কোনো কাজের খবর পাওয়া যায়নি তাসনিয়া ফারিণের। তাই ভক্তদের প্রতীক্ষার পালা বেড়েছে দিনকে দিন। সোশ্যাল মিডিয়ায় ফারিণ কোনো পোস্ট দিলে সেখানে নতুন কাজের খবর জানতে চান তাঁরা।
১৮ ঘণ্টা আগে